মাশরাফির কাছে হারল সাকিব

কদিন আগেই কাঁধে কাঁধ মিলিয়ে জিম্বাবুয়েকে ধবলধোলাই করেছেন মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে আজ দুজনে আবির্ভাব হলেন একে অপরের প্রতিপক্ষ হিসেবেই! লড়াইটাও জমল বেশ। তবে শেষমেশ মাশরাফির মোহামেডানের কাছে ১২ রানে হেরেছে সাকিবের লিজেন্ডস অব রূপগঞ্জ।
বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের দেওয়া ৩১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মন্দ নয় রুপগঞ্জের। জহুরুল ইসলাম-জুনায়েদ সিদ্দিকের উদ্বোধনী জুটিতে আসে ৪২ রান। দ্বিতীয় উইকেট জুটিতে জুনায়েদ-সাকিবের ৬৯ রান জুটি রূপগঞ্জের আশা দেখায়। অমিত কুমারের বলে সাকিব ৪৯ রানে ফিরলে হঠাৎই টালমাটাল রূপগঞ্জ। ১ উইকেট ১১১ রান থেকে ৬ উইকেটে ১৭৭—৬৬ রানে নেই ৫ উইকেট! রূপগঞ্জকে আবারও স্বপ্ন দেখায় শরীফ উল্লাহ-ফয়সাল হোসেনের সপ্তম উইকেট জুটিতে তোলা ৬৬ রান। এ জুটিও ভাঙেন অমিত। শেষদিকে রূপগঞ্জের দরকার ছিল ৩৮ বলে ৭১ রান। হাতে ৪ উইকেট। সাকিবের দল তুলতে পারল ৩ উইকেট হারিয়ে ৫৮ রান। হারল ১২ রানে।
রূপগঞ্জের ওপেনার জুনায়েদ ফিরেছেন ৯১ রানে, শেষ দিকে স্বপ্ন দেখানো শরিফ করেছেন ৭২। মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অমিত। এ ছাড়া মাশরাফির দখলে ২ উইকেট।
এর আগে টসে জিতে প্রথম ব্যাট করে এজাজ আহমেদের সেঞ্চুরি ও মোহাম্মদ মিঠুনের ফিফটিতে ৭ উইকেটে ৩১৩ রান তোলে মোহামেডান। মূলত এজাজ-মিঠুনের দ্বিতীয় উইকেট জুটিতে তোলা ১৬৭ রানই মজবুত ভিত গড়ে দেয় মাশরাফির দলকে। রানআউটে কাটা পড়ার আগে এজাজের সংগ্রহ ১৩৬ রান। এজাজ ইনিংসটা সাজিয়েছিলেন ১০ ছক্কা আর ৭টি চারে। অপর প্রান্তে থাকা রায়ান ডেসকাটের বলে ফেরার আগে মিঠুনের সংগ্রহ ৭০। রূপগঞ্জের পক্ষে সাকিব ও ডেসকাটের সংগ্রহে দুটি করে উইকেট।
অন্যদিকে মিরপুরে পার্টেক্সকে ১৩৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। প্রথমে ব্যাট করে সৌম্য সরকারের ১২৭ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫১ তোলে প্রাইম ব্যাংক। নুরজ্জামান মাসুম নেন সর্বোচ্চ ৪ উইকেট। জবাবে ১১৭ রানেই গুটিয়ে যায় রাজিন সালেহর পার্টেক্স। প্রাইম ব্যাংকের তাসকিন নেন সর্বোচ্চ ৪ উইকেট। ম্যাচসেরা সৌম্য সরকার।
ফতুল্লায় প্রাইম দোলেশ্বর ১০০ রানে হারিয়েছে শেখ জামালকে। টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩০ তোলে প্রাইম দোলেশ্বর। সর্বোচ্চ ৫৫ করেন আসিফ আহমেদ। শেখ জামালের রুবায়েত হক নেন ৪ উইকেট। ইলিয়াস সানি ও সানজামুল ইসলামের তোপে শেখ জামাল অলআউট ১৩০ রানে। সানজামুলের দখলে ৫ আর সানি নেন ৪ উইকেট।