মাশরাফির কারণেই খুলনাকে ফেবারিট মানতে হচ্ছে

বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপের শিরোপা জিততে মাশরাফির বোলিং–জাদুর দিকেই তাকিয়ে খুলনা।ছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিপিএল হচ্ছে না। কিন্তু বিপিএলের আমেজ কিছুটা হলেও থাকছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ফাইনালে। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বলতে বিপিএলের কথাই মাথায় আসে সবার আগে, যেখানে সফলতম কোচদের একজন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম দলের কোচ।  

কাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সালাউদ্দিনের দল ফাইনালে খেলবে জেমকন খুলনার বিপক্ষে। বিপিএল–জয়ের অভিজ্ঞতা থাকলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ফাইনালে সালাউদ্দিনকে স্বস্তি দিচ্ছে না। কোচের অভিজ্ঞতা নয়, ক্রিকেটারদের অভিজ্ঞতা শিরোপা জিততে সাহায্য করে বলে মনে করেন সালাউদ্দিন। সেদিক থেকে কালকের ফাইনালে চট্টগ্রাম কোচ এগিয়ে রাখছেন প্রতিপক্ষ খুলনাকে।

ফাইনালের আগে মাশরাফির সঙ্গে পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। কাল অনুশীলনে।
ছবি: শামসুল হক

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে চট্টগ্রামের অনুশীলন শেষে সালাউদ্দিন বলছিলেন, ‘আমি যতবারই চ্যাম্পিয়ন হই, তাতে কিন্তু কোনো লাভ নেই। কারণ, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে গেলে কতগুলো বিষয় নির্ভর করে। টি-টোয়েন্টি হচ্ছে অভিজ্ঞ ক্রিকেটারদের খেলা। মাঠের ভেতরে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে। কারণ, তাদের অনেক বড় বড় ক্রিকেটার আছে। আমাদের ছেলেদের হয়তো ওই অভিজ্ঞতা নেই, খুব বেশি ফাইনাল ম্যাচও তারা খেলেনি।’

খুলনার হয়ে ব্যক্তিগত কারণে ফাইনাল খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, আল আমিন হোসেনের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার পাহাড়সমান অভিজ্ঞতা খুলনাকে এগিয়ে রাখবে। ঘরোয়া টি-টোয়েন্টির শিরোপা কীভাবে জিততে হয়, সেটি মাশরাফির চেয়ে ভালো কারও জানার কথা না।

মাশরাফিকে ঘিরেই শিরোপা–স্বপ্ন দেখছে খুলনা।
ছবি: শামসুল হক

খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহও ফাইনালে মাশরাফির অভিজ্ঞতা ব্যবহার করতে চাইবেন। আজ অনুশীলন শেষে এ নিয়ে খুলনা অধিনায়ক বলছিলেন, ‘কোনো সন্দেহ নেই, মাশরাফি ভাইয়ের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক একটা দিক। ড্রেসিংরুম এবং বাইরেও আমরা যখন আলাপ–আলোচনা করি, তার অভিজ্ঞতার কিছুটা আমরা যদি ভাগাভাগি করতে পারি, তাহলে আমার অনেকটা সাহায্য হয়। অনেক পরামর্শ নেওয়ার চেষ্টা করি। সে শুধু অন্যতম নয়, আমাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। চারটা বিপিএল শিরোপা জিতেছেন, চারটা ফাইনাল খেলেছেন। তাঁর অভিজ্ঞতা অবশ্যই বিবেচনায় নিতে হবে, যেটা আমাদের দলের জন্য অনেক ভালো। এটার জন্য আমরা ভাগ্যবান।’

খুলনার অভিজ্ঞদের সামাল দেওয়ার চাপের সঙ্গে ফাইনালে গ্যালারির দর্শকদের প্রত্যাশার চাপ মেটাতে হচ্ছে না চট্টগ্রামকে। ‘যেহেতু দর্শক নাই, এটা একটা বড় সুবিধা। দর্শক থাকলে হয়তো একটু চিন্তার বিষয় ছিল। কারণ, ওই চাপটা নেওয়া ছেলেদের জন্য অনেক কঠিন হয়ে যেত। দর্শক না থাকায় একটু শান্তিতে আছি’—বলেন সালাউদ্দিন।