মাশরাফির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই চার

যেন ঘোর লাগা কোনো উপন্যাস পড়ার পরের অনুভূতির মতো। পড়ে শেষ করলেন, কিন্তু তারপর এক-দুদিন ধরে মাথায় উপন্যাসটির রেশ থেকে যায়। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির উত্তেজনার সবটুকু স্বাদ দিয়ে বাংলাদেশের জয়ের অনুভূতিটাও তেমনি। ম্যাচ কাল রাতেই শেষ হয়ে গেছে, ম্যাচের পরের উচ্ছ্বাস-মিছিলও গতকালই শেষ। কিন্তু ম্যাচের খুঁটিনাটি মুহূর্তগুলোর রেশ এখনো রয়ে গেছে।
টুকরো টুকরো গল্প তো কম নেই। তবে সবচেয়ে বড় গল্প সম্ভবত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্যাটিংয়ের গল্প। ম্যাচ হাত ফসকে বেরিয়ে যাচ্ছিল, আরেকবার ‘২ রান দুঃখ’ ফিরে আসার সম্ভাবনাও উঁকি দিচ্ছিল, বোলিংয়ে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আমির, মাত্রই ফিরলেন সাকিবও। সে সময়েই অধিনায়কোচিত বীরত্বে নিজেকে ব্যাটিং অর্ডারে ওপরে নিয়ে এলেন মাশরাফি। তারপরের গল্পটা? ইতিহাস!
মুখোমুখি প্রথম দুই বলেই দুটি চার, বাংলাদেশকে এশিয়া কাপের ফাইনালে উঠিয়ে দেওয়ার রোমাঞ্চে বড় ভূমিকা রাখল মাশরাফির এই দুই চার। মাশরাফি নিজেও এ নিয়ে রোমাঞ্চিত। তাঁর টানা দুটি চার যে সতীর্থদের মধ্যে আত্মবিশ্বাসের রেণু ছড়িয়ে দিয়েছে। দিয়েছে নির্ভয় বারতা। ভয় কীসের!
এমনি মহিমা চার দুটির, বাংলাদেশ অধিনায়ক এগুলোকে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারেরই সেরা দুটি চার বলছেন। ক্রিকেটীয় সৌন্দর্য দিয়ে চার দুটিকে বিচার করলে ভুল করবেন। সাহস আর আত্মবিশ্বাস যেখানে অসীম মহিমা নিয়ে উপস্থিত, সৌন্দর্য নিয়ে সেখানে প্রশ্ন তোলার অবকাশ কোথায়!
যে আমির প্রথম তিন ওভারে মাত্র ১৮ রান দিয়েছেন। নিজের শেষ ওভারের প্রথম দুই বলে দুটি ডট, পাশাপাশি সাকিবের অমূল্য উইকেট। আমির তখন চোখ রাঙাচ্ছেন। ভারতের বিপক্ষে যেমন রাঙাচ্ছিলেন। কিন্তু মাশরাফি সেই চোখ রাঙানিতে ঘাবড়ানোর মানুষ?
১৬ বলে ২৬ রান দরকার। আমিরের রিভার্স সুইং, ইয়র্কারগুলো বিপদের বার্তা দিচ্ছে। কিন্তু কী অনায়াসে মাশরাফি টানা দুটি চার মারলেন। মনস্তাত্ত্বিক জয় ওখানেই। মাশরাফি চাপটা পুরো পাকিস্তানি বোলারদের ওপর দিতে পেরেছিলেন বলেই পরের ওভারে সামি ওমন গড়বড় করে ফেললেন। দুটি নো, দুটি ফ্রি হিট, দুটি বাড়তি বল—ওই ওভারেই এনে দিল ১৫।
সব ওই দুই চারের মহিমা। অথচ চাইলেই অপেক্ষাকৃত স্বীকৃত ব্যাটসম্যান মিঠুনকে নামিয়ে দিয়ে নিজে চাপটা এড়াতে পারতেন। কিন্তু তিনি যে কঠিন চ্যালেঞ্জ নিতেই ভালোবাসেন। ভালোবাসেন যোগ্য নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিতে। তাতে ব্যর্থ হওয়ার ভয় অবশ্যই আছে। কিন্তু তাতে ডরান না। অসীম সাহসে ভর করে ঝুঁকিটুকু নিলেন। সাফল্যও পেলেন।
পেন্ডুলামে দুলতে থাকা ম্যাচের অমন সময়ে চার দুটি মেরে মাশরাফিও নিজেও উচ্ছ্বসিত। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় অবশ্য নিজের ব্যাটিং সত্তাটাকে অত গুরুত্ব দিতে চাইলেন না, ‘খুব ভাগ্যবান ছিলাম, দুবারই বলে-ব্যাটে হয়ে গেছে। বলতে পারেন আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে মারা সবচেয়ে গুরুত্বপূর্ণ চার এই দুটি।’
তা তো অবশ্যই। শুধু অধিনায়কত্বের সাহস বিবেচনায় নিয়েই মাশরাফির চার দুটি বাংলাদেশের ক্রিকেট রূপকথার অংশ হয়ে গেছে। জি নিউজ।