আইপিএলের মুস্তাফিজে মাশরাফিও মুগ্ধ

আইপিএলে শুধু দুটি জিনিস দেখেন মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের বোলিং। এমনও হয়, খেলা চলছে, কিন্তু তিনি টেলিভিশনের সামনে নেই। ঘরের অন্যদের বলে রাখেন, সাকিব-মুস্তাফিজ বোলিংয়ে এলে যেন তাঁকে ডাকা হয়। এরপর ওই বোলিংটুকু দেখে আবার টেলিভিশনের সামনে থেকে চলে যান মাশরাফি।
এ নিয়ে ষষ্ঠ মৌসুম আইপিএল খেলছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন আগেই। আর মুস্তাফিজের জন্য তো চলমান আইপিএল ‘এলাম-দেখলাম-জয় করলাম’-এর মতো ব্যাপারই হয়ে গেছে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একের পর এক বিস্ময়ের ফুল ফোটাচ্ছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার।’
তবে মুস্তাফিজের পারফরম্যান্স মোটেই বিস্মিত করছে না মাশরাফিকে। তিনি বরং বিস্মিত বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে নিয়ে আইপিএলে অন্যদের বিস্ময় দেখে। আইপিএলের নিলামে মুস্তাফিজের প্রতি অন্য দলগুলোর আগ্রহ না দেখেও নাকি অবাক হয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক, ‘ওকে নিয়ে অন্য দলগুলো কেন সে রকম আগ্রহ দেখায়নি, তাতে আমি অবাক হয়েছিলাম। আমার মনে হয়েছে, আমাদের খেলাটেলা বোধ হয় ওরা খুব একটা দেখেনি।’ নতুনদের মধ্যে মুস্তাফিজেরই এবারের আইপিএলের সেরা পছন্দ হওয়া উচিত ছিল বলে মনে করেন মাশরাফির।
মুস্তাফিজের ব্যাপারে সেই ‘অজ্ঞতা’র ফল পাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ দলগুলো। তাদেরই বা দোষ কী! শুধু তো কাটার নয়, মুস্তাফিজের বোলিংয়ে এমনই বৈচিত্র্যের পসরা যে বিশ্বের যেকোনো ব্যাটসম্যানদের জন্যই তা বিষম ধাঁধা। মাশরাফি তো তাঁকে রীতিমতো ‘আনপ্লেয়েবল’-ই মনে করেন, ‘আল্লাহ তাআলা ওকে এমন এক সামর্থ্য দিয়ে দিয়েছেন যে ওর বল খেলার মতো কোনো ব্যাটসম্যান এখন বিশ্বেই নেই। এ কথা বলায় কেউ কেউ এবি ডি ভিলিয়ার্সের কথা বলছিল। কিন্তু আমি বলেছি, ওর পক্ষেও সম্ভব নয়।’
কাটার তো আছেই, সঙ্গে বলে গতির হেরফের আর বিধ্বংসী ইয়র্কার। আইপিএলে মুস্তাফিজের ইয়র্কার যেন মূর্তিমান আততায়ী। মাশরাফিরও তা চোখ কেড়েছে, ‘ইয়র্কারটা এখন ও আরও ভালো করছে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ চার ওভারে, পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুস্তাফিজ খুব ভালো ইয়র্কার করেছে। আইপিএলেও তাই করছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিন থেকেই বিশ্বের নামীদামি সব ব্যাটসম্যান খাবি খাচ্ছেন মুস্তাফিজের সামনে। আইপিএলে তরুণ-অনভিজ্ঞ ব্যাটসম্যানদের কাছে তাঁর বল দুর্বোধ্য মনে হওয়াই স্বাভাবিক। পুরোনো অস্ত্রের সঙ্গে মুস্তাফিজ আবার যোগ করে চলেছেন নতুন নতুন অস্ত্র! ‘সবাই জানে মুস্তাফিজ কী করতে পারে। তারপরও তাঁকে খেলতে পারছে না। ব্যাটসম্যানরা হয়তো অপেক্ষা করেন কাটারের জন্য। কিন্তু ও মারছে ইয়র্কার। ব্যাটসম্যানদের মনের ভেতর ঢুকে গেছে কাটার’—হাসতে হাসতে বলছিলেন মাশরাফি।
মুস্তাফিজের আসল অস্ত্র কাটার হলেও মাত্রাতিরিক্ত প্রয়োগ সেটার ধার কমিয়ে দিতে পারে বলেই বোলিংয়ে আরও বৈচিত্র্য আনা প্রয়োজন। সেটা যে মুস্তাফিজও জানেন; কন্ডিশনের সঙ্গে মানিয়ে, পরিস্থিতি বুঝে অস্ত্রগুলোর সময়োচিত ব্যবহারই বলে দিচ্ছে তা। ব্যাপারটা ধরতে পেরেছেন বাংলাদেশ অধিনায়কও, ‘কেউ যেন কাটারটা ধরতে না পারে, সে জন্যই তাকে বোলিংয়ের আরও কিছু জিনিস ভালো করতে হবে, যেটা ও এখন করছে।’

মুস্তাফিজের সঙ্গে ভাইবারে নিয়মিত যোগাযোগ আছে মাশরাফির। কথা হয় সাকিবের সঙ্গেও। সাকিবের কাছেই শুনেছেন, আইপিএলটা দারুণ উপভোগ করছেন মুস্তাফিজ। দলের বাকি সবার সঙ্গে মিশেও গেছেন, ‘সবচেয়ে বড় কথা ও স্বস্তিতে আছে। আমাদের চিন্তার বিষয় এটাই ছিল যে ও সেখানে স্বচ্ছন্দবোধ করে কি না। অবশ্য মুস্তাফিজ যে রকম খেলছে, স্বস্তিতে না থাকার তো কোনো কারণ নেই।’
ক্রিকেটে পারফরম্যান্সই শেষ কথা। নইলে মাত্রই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা বাংলাদেশের ২০ বছর বয়সী এক তরুণের জন্য এত কষ্ট কেন করবেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কোচ টম মুডি ও মেন্টর ভিভিএস লক্ষ্মণ? মুস্তাফিজ ইংরেজি, হিন্দি ভালো পারেন না বলে তাঁর সঙ্গে কথা বলতে উল্টো তাঁরাই নাকি বাংলা শেখার চেষ্টা করছেন! ব্যাপারটা মাশরাফির দারুণ লাগছে, ‘শুনতেই ভালো লাগে। ও ইংরেজি ভালো পারে না, হিন্দিও না। ওকে অতটুকু সাহায্য তো করতেই হবে। ওরা সেটা করছে শুনে ভালো লাগছে।’
এটাও বুঝি মুস্তাফিজকে নিয়ে গর্বের আরেকটা জায়গা। মুস্তাফিজ বদলান না, মুস্তাফিজের জন্য বদলায় পৃথিবী।