মাশরাফির চোখে এই জিম্বাবুয়ে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুরফুরে মেজাজে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও আল আমিন! ঘরের মাঠে সর্বশেষ চারটি সিরিজের একটিও হারেনি বাংলাদেশ। আজ শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও মুশফিক-মাহমুদউল্লাহরা চাইবেন হাসিটা ধরে রাখতে। কাল ফতুল্লায় l শামসুল হক
ফুরফুরে মেজাজে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও আল আমিন! ঘরের মাঠে সর্বশেষ চারটি সিরিজের একটিও হারেনি বাংলাদেশ। আজ শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও মুশফিক-মাহমুদউল্লাহরা চাইবেন হাসিটা ধরে রাখতে। কাল ফতুল্লায় l শামসুল হক

ওয়ানডে ও টি–টোয়েন্টি দলের অধিনায়কত্বে ফিরেই পেতে থাকলেন একটার পর একটা সাফল্য। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—গত এক বছরে কাকে হারায়নি বাংলাদেশ! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে আসার পর ঘরের মাঠে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়। বাংলাদেশ দলের এমন অজেয় চেহারা আগে আর দেখা যায়নি।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সাফল্যযাত্রার শুরুটা গত বছরের অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়েকে হারিয়ে। সেই জিম্বাবুয়ে যখন আবারও সামনে, গতকাল সিরিজ শুরুর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন নিজেদের শক্তিমত্তার কথা। পিছিয়ে রাখলেন না প্রতিপক্ষকেও।
ভাবনায় শুধু প্রথম ম্যাচ: ঘরের মাঠে ওয়ানডে সিরিজ মানেই এখন ‘ধবলধোলাই’ রব। কিন্তু মাশরাফি বিন মুর্তজার মতে, এই শব্দটা অলক্ষ্যে হলেও চাপ তৈরি করে দলের ওপর। কথাটা আগেও বলেছেন, বললেন কালও, ‘সবাই এটাই প্রত্যাশা করছে। কিন্তু ক্রিকেটারদের এমন ভাবা ঠিক হবে না। সব সিরিজ বা টুর্নামেন্টে প্রথম ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা গেলে আস্তে আস্তে কাজ সহজ হয়।’
স্পিনেই নির্ভরতা: বাংলাদেশের স্পিনে বরাবরই আক্রান্ত হয় জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনায় এবারও প্রাধান্য পাচ্ছে স্পিন। অধিনায়কের মধ্যে দুই রকম চিন্তা থাকলেও শেষ পর্যন্ত ভোটটা মনে হচ্ছে স্পিনকেই দিচ্ছেন তিনিও, ‘প্রতিপক্ষের দুর্বলতা এবং নিজেদের শক্তির জায়গা দুটোই গুরুত্বপূর্ণ। আমি পছন্দ করি দুটির সমন্বয়ে দল সাজাতে। তবে এ মুহূর্তে তাদের দুর্বলতাই বেশি গুরুত্বপূর্ণ হবে। আমাদের শক্তির জায়গা বাদ দিয়ে খেলতে চাই না। একই সঙ্গে তারা কোন ধরনের বোলার বা বোলিংয়ে দুর্বল, সেটাও খেয়াল রাখতে হবে।’
প্রস্তুতি ম্যাচের হার: ২৭৭ রান করে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বিসিবি একাদশের হেরে যাওয়া সামান্য হলেও কুঁচকে দিচ্ছে অধিনায়কের ভ্রু। অনুশীলনের লক্ষ্য সফল হয়েছে জানিয়েও দুবার বলেছেন, ‘এই হার চিন্তার বিষয়।’ অত রান তাড়া করে জিম্বাবুয়ের জয় পুরোনো বার্তাটাই তাঁকে আবার দিচ্ছে—প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই সিরিজেও তাই গত এক বছরের ধারালো ক্রিকেটটাই খেলতে চান মাশরাফি। নামতে চান না র্যাঙ্কিংয়ের সাত নম্বর থেকে।
সেই জিম্বাবুয়ে এই জিম্বাবুয়ে: টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই ধবলধোলাই হওয়া গতবারের জিম্বাবুয়ে দলের সঙ্গে এবারের দলের পার্থক্য কী, প্রস্তুতি ম্যাচের হার এই প্রসঙ্গও তুলল। মাশরাফির তুলনা, ‘আগের দলে ছিল মাসাকাদজা, টেলর। তখন অবশ্য উইলিয়ামস ছিল না, আরভিন থাকলেও খেলেনি। আমার মতে এরা ওদের সেরা দুই ক্রিকেটার।’ এবারের জিম্বাবুয়ের ব্যাটিং আগেরবারের তুলনায় ভালো বলেও মনে হচ্ছে মাশরাফির। প্রতিপক্ষের অধিনায়ক এলটন চিগুম্বুরাকে তো ‘বিশ্বসেরা ক্লিন হিটারদের’ই একজন বলে স্বীকৃতি দিয়ে দিলেন।
সাকিবের কাছে প্রত্যাশা: ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার, সাকিব আল হাসানের কাছে প্রত্যাশা একটু বেশিই থাকবে সবার। তবে মাশরাফি তা চান না এবং এর প্রয়োজনও দেখছেন না। দলে এখন অনেক পারফরমার। সাকিব না পারলে অন্যদেরও সামর্থ্য আছে ম্যাচ জেতানোর। অধিনায়ক তো চান ব্যাটিংয়ে যেন সাকিবকে নামতেই না হয়! বোলার সাকিবের কাছে যদিও কিছু প্রত্যাশা আছে, সেটারও বিকল্প দেখছেন মাশরাফি, ‘প্রস্তুতি ম্যাচে ওদের দুই বাঁহাতি যখন ব্যাটিং করছিল, আমার হাতে কোনো অফ স্পিনার ছিল না। কিন্তু জাতীয় দলে নাসির-রিয়াদ (মাহমুদউল্লাহ) আছে। মুস্তাফিজও সেরা ফর্মে। বিকল্প অনেক।’ অবশ্য সৌম্য সরকারের অভাবটা যে অনুভব করবেন, সেটা আলাদা করেই বলেছেন অধিনায়ক।
নিজের ফিটনেস: প্রস্তুতি ম্যাচ ৭ ওভার বোলিং করার পাশাপাশি সব মিলিয়ে ৩৫ ওভার ফিল্ডিংও করেছেন। তারপরও ম্যাচের আগে সব সময় যে রকম থাকেন, নিজের অবস্থাটা সে রকম মনে হচ্ছে না ডেঙ্গু থেকে ওঠা মাশরাফির। তবে আত্মবিশ্বাসটা বরাবরের মতোই অটুট, ‘এখনো আমি শতভাগ ফিট নই। আরেকটু সুস্থ হলে বা আরেকটু অনুশীলন করে আসতে পারলে ভালো হতো। কিন্তু বাংলাদেশের খেলা। নিজের কাছে যখন মনে হয় পারব, তখন আমি ঝুঁকিটা নিয়ে নিই।’
সূচি
৭ নভেম্বর ১ম ওয়ানডে
৯ নভেম্বর ২য় ওয়ানডে
১১ নভেম্বর ৩য় ওয়ানডে
১৩ নভেম্বর ১ম টি-টোয়েন্টি
১৫ নভেম্বর ২য় টি-টোয়েন্টি
সব ম্যাচ মিরপুরে। ওয়ানডে শুরু বেলা ১টায়, টি-টোয়েন্টি বিকেল ৫টায়