মাশরাফির চোখে সেরা ৫ টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>টেস্ট ক্রিকেটে ১০ বছর পূর্তিতে মাশরাফি বিন মুর্তজা বেছে নিয়েছিলেন তাঁর চোখে বাংলাদেশের সেরা পাঁচ টেস্ট। শততম টেস্টে এসে বাংলাদেশের ৯৯ টেস্ট থেকে আবারও বেছে নিলেন তাঁর সেরা পাঁচ। পরিবর্তন হলো একটাই। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের বদলে এল গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট।

১

ঢাকা ২০১৬
বিপক্ষ ইংল্যান্ড
আমার চোখে এটাই বাংলাদেশের সেরা টেস্ট। আমার তো মনে হয়, বাংলাদেশের যে কারোরই তা হবে। ইংল্যান্ড টেস্টপ্রেমী একটা দেশ। টেস্ট ক্রিকেটটা তারা ভালোবেসে খেলে। তাদের সঙ্গে টেস্ট জয় মানে বিরাট ব্যাপার। তার ওপর সময়টাও আমাদের পক্ষে ছিল না। সিরিজের প্রথম টেস্টে আমরা ২২ রানে হেরে গিয়েছিলাম। সেখান থেকে সবাই যেভাবে কামব্যাক করল, সেটা অসাধারণ। প্রতিপক্ষ, পরিস্থিতি সব মিলিয়েই টেস্টটা স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। ১০০ রানের ওপেনিং জুটির পর আর মাত্র ৬৪ রানের মধ্যে ওদের অলআউট করে দেওয়া, সেটাও এক সেশনের মধ্যে, ভাবা যায়!

২
মুলতান ২০০৩
বিপক্ষ পাকিস্তান
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আগে এটাই ছিল আমার চোখে এক নম্বর। আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল সিরিজটা। অনেক সমালোচনার মধ্যে ওই সিরিজটা খেলেছিলাম। আমাদের ব্যাটসম্যানদের বাউন্সে সমস্যা ছিল, আর মুলতানের উইকেটটা ছিল ঘাসের। তারপরও মুলতানেই আমরা প্রথম টেস্টে কোনো দলকে চাপে ফেলতে পেরেছিলাম। জয়ের খুব কাছে গিয়েও হারতে হওয়ায় খুব খারাপ লেগেছিল। ইনজামাম তার জীবনেরই সেরা ইনিংস খেলেছিল। তারপরও মনে হয়, রশিদ লতিফ অলক কাপালিকে বিতর্কিতভাবে বল তুলে আউট না করলে ফলাফল অন্য রকম হতে পারত। আর ওই টেস্ট নিয়ে আমার ব্যক্তিগত দুঃখটার কথা তো জানেনই। বিশ্রাম দেওয়ায় ম্যাচটা আমাকে বাইরে বসে দেখতে হয়েছিল।

৩
ফতুল্লা ২০০৬
বিপক্ষ অস্ট্রেলিয়া
প্রথমেই মনে পড়ে শাহরিয়ার নাফীসের সেই ইনিংস! উফ্, শেন ওয়ার্নের মতো বোলারকে কীভাবেই না মারল! এখনো ওটাই আমার দেখা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেরা ইনিংস। ওয়ার্ন, লি, গিলেস্পি, ম্যাকগিলদের নিয়ে দারুণ বোলিং আক্রমণ ছিল অস্ট্রেলিয়ার। সেই সময় অস্ট্রেলিয়া ছিল বিশ্বসেরা। ওদের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকত সবাই। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম। গিলক্রিস্ট আর পন্টিংয়ের দুটি দুর্দান্ত সেঞ্চুরি সেটা হতে দেয়নি।

৪
সেন্ট লুসিয়া ২০০৪
বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
এই টেস্টটাও খেলা হয়নি আমার। চোটে পড়ে আমি তখন হাই পারফরম্যান্সের ক্যাম্পে। দেশে বসেই দেখেছিলাম পাইলট (খালেদ মাসুদ) ভাইয়ের সেঞ্চুরি, রফিক ভাইয়ের সেঞ্চুরি। সুমন ভাইও সেঞ্চুরি করেছিলেন। রফিক ভাইয়ের সেঞ্চুরি দেখেও বিশ্বাস হতে চায়নি। সমস্যা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের খেলা বাংলাদেশে ভোররাত পর্যন্ত চলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিস করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। অত ভালো করে তাই খেলা দেখা হয়নি। তারপরও বাংলাদেশের সেরা টেস্টগুলোর একটাই মনে হয় সেন্ট লুসিয়ার টেস্টকে।

৫
ঢাকা ২০০০
বিপক্ষ ভারত
অভিষেক টেস্টকে সেরা পাঁচে রাখার একটাই কারণ—বুলবুল ভাইয়ের (আমিনুল ইসলাম) সেঞ্চুরি। বাসায় টেলিভিশনে খেলা দেখেছি। তখন আমি সিরিয়াসলি ক্রিকেট খেলি না। টেস্ট সেঞ্চুরির কী মূল্য, সেদিন তা ভালোভাবে বুঝেছি। গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। টেস্ট ক্রিকেটে বুলবুল ভাইয়ের সেঞ্চুরি! অবিশ্বাস্য! তবে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রান দেখে যত শিহরিত হয়েছি, দ্বিতীয় ইনিংসে ঠিক ততটাই হতাশ হয়েছি। মাত্র ৯১ রানে অলআউট বাংলাদেশ! অভিষেক টেস্টে দুর্জয় (নাঈমুর রহমান) ভাইয়ের টস করার দৃশ্যটাও কোনো দিনই ভুলব না। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে টস করতে নামছেন...আমার দেখা স্মরণীয় মুহূর্তগুলোর একটি।