মাশরাফির জীবনের দর্শনটাই এমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলার উঁচু তো তাঁকেই মানায়! ছবি: প্রথম আলো
কলার উঁচু তো তাঁকেই মানায়! ছবি: প্রথম আলো

টুকরো টুকরো অনেক আফসোস যোগ হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের তৈরি হয়েছে বিরাট আক্ষেপের মালা। ‘ইশ্‌, আর একটি...’—বেশি প্রতিধ্বনিত হচ্ছে কুমিল্লা-সমর্থকদের মধ্যেই। আর একটি ম্যাচ জিতলে কুমিল্লার সামনেও তৈরি হতো শেষ চারে যাওয়ার সম্ভাবনা।
প্রথম পাঁচ ম্যাচ হেরে যে সর্বনাশ হয়েছে, নিজেদের শেষ চারটি ম্যাচ টানা জিতেও পুষিয়ে উঠতে পারেনি কুমিল্লা। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া কুমিল্লার তাই আফসোস ছাড়া কিছুই করার নেই। এভাবে শেষ হয়ে যাবে গত আসরের রূপকথা! মাশরাফি বিন মুর্তজার তো সবচেয়ে আক্ষেপ হওয়ার কথা।
কিন্তু মাশরাফির জীবনের দর্শটাই এমন, সেই অভিধানে ‘আফসোস’-এর জন্য জায়গা বরাদ্দ নেই। জীবনটা ঠেকে ​ঠেকে শিখেছেন। এই জীবনে যা পাওয়া, সবই ভাবেন ‘বোনাস’। এ কারণে মাত্র দুটি পয়েন্ট যে তাঁদের চ্যাম্পিয়নশিপের মুকুটটা কেড়ে নিল অনেক আগে, তা নিয়েও আফসোস নেই মাশরাফির।
কাল কুমিল্লা অধিনায়ক বলেছেন, ‘পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, একটা জিততে পারলেও হতে পারত (শেষ চারে খেলা)। আবার দেখা যেত, আগে একটা জিতলে হয়তো পরে এভাবে টানা চারটা জিততাম না। আফসোস করে তাই লাভ নেই। যেটা ভাগ্যে ছিল, সেটাই হয়েছে। যদি বলেন কেন পারিনি, সেটা অবশ্যই হতাশার। আর যেটা পেরেছি, যতটুকু পেরেছি, সেটাও ভালো।’

গতবার কুমিল্লা তো বটেই, তাঁকেও হিসাবে ধরেনি অনেকে। কিন্তু মাশরাফি কেবল নেতৃত্ব দিয়েই গতবার চমকে দিয়েছেন। আসল চমক তো দিয়েছে তাঁর দল। কিন্তু মাশরাফি এই বাস্তবতাও বোঝেন, এমন ঘটনা বারবার ঘটে না। আর ঘটে না বলেই যেবার ঘটে, সেটা মানুষ মনে রাখে। কাল বললেনও, ‘গতবারের মতো সময় বারবার আসা কঠিন। তবে ভালো লাগছে যে আমরা অন্তত জয় দিয়ে শেষ করেছি। আমরা টুর্নামেন্টে কোথাও ছিলাম না। পাঁচ-ছয়টা ম্যাচ পর্যন্ত সবার নিচে ছিলাম। যদিও সেখান থেকে খুব ওপরে যাইনি হয়তো, কিন্তু পয়েন্টের ব্যবধান (শীর্ষ দলগুলোর সঙ্গে) তো খুব বেশি না।’
বিপিএলে আগের তিনবারই শিরোপা উঠেছে মাশরাফির হাতে। এবার এই ধারায় আসবে পরিবর্তন। কেমন লাগবে সেটি দেখতে? মাশরাফি এখানেও হয়ে গেলেন দার্শনিক, ‘এবার দেখে শান্তি পাব। শেষ তিনবার চ্যাম্পিয়ন হয়েছি, অবশ্যই ভালো লেগেছে। এবার আমাদের সতীর্থদের কেউ হবে। আফসোসের কিছু নেই। এ ধরনের টুর্নামেন্টে এমনই হয়। আর অবশ্যই উপভোগ করব। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনাল। ‍তিনটি সেমিফাইনাল হবে, একটা ফাইনাল।’