মাশরাফির দল জ্বলে উঠল...বড় দেরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির দলের ভূত ভর করেছে মুশফিকের দলের ওপরে! ছবি: প্রথম আলো
মাশরাফির দলের ভূত ভর করেছে মুশফিকের দলের ওপরে! ছবি: প্রথম আলো

পয়েন্ট তালিকার যে ছবি, শেষ চারে ওঠার স্বপ্ন প্রায় মিলিয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের। এ কারণেই কি না মাশরাফি বিন মুর্তজার দল বরিশাল বুলসের বিপক্ষে খেলেছে অনেকটা নির্ভার হয়ে। এর আগে চট্টগ্রামে রাজশাহীকে ৩২ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পেলেও এই বিপিএলে আজই কুমিল্লা খেলেছে চ্যাম্পিয়নের মতো। বরিশালকে মাশরাফিরা হারিয়েছে ৮ উইকেটে।


নিজেদের ষষ্ঠ ম্যাচের পর আবার নবম ম্যাচে জিতল বর্তমান চ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচ জেতার পর বরিশালের এটি টানা ষষ্ঠ হার!

ওপেনিং জুটি ভালো না করায় এবার বেশ ভুগতে হয়েছে কুমিল্লাকে। বরিশালের বিপক্ষে ব্যর্থতা থেকে বেরিয়ে এসেছেন তাদের দুই ওপেনার। ইমরুল কায়েস-আহমেদ শেহজাদের ওপেনিং জুটিতে এসেছে ৯৩ রান। টাইমিং গড়বড়ে ডেভিড ম্যালানের বলে ইমরুল যখন কামরুলের ক্যাচ হলেন তাঁর রান ৪৬ (৩৫)। চার রানের জন্য কুমিল্লার বাঁহাতি ওপেনার হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেও শেহজাদ অবশ্য ফিফটি পূর্ণ করেছেন। রুম্মন রাইসের বলে মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্যাচ হওয়ার আগে কুমিল্লার পাকিস্তান ওপেনারের রান ৫৬ বলে ৬১।

আজও বরিশালের ইনিংসে উজ্জ্বলতম দিক মুশফিক। নাবিল সামাদের বলটা কাভারে মাশরাফির লোপ্পা ক্যাচ হবে, ভাবতেই পারেননি বরিশাল অধিনায়ক! বিস্ময়-ভরা চোখে যখন দেখলেন তাঁর ইনিংস শেষ, নামের পাশে ২৩ বলে ২৯ রান। ২ উইকেটে ৬৪ থেকে বরিশালের স্কোর দ্রুত ৬ উইকেটে ৮৭ হয়ে যাওয়ায় বড় অবদান নাবিল সামাদের। কুমিল্লার বাঁহাতি স্পিনার ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট।

এনামুল-তাইজুলের অষ্টম উইকেট জুটিতে ২০ বলে ২৫ আর এনামুল-আবু হায়দারের অবিচ্ছিন্ন নবম উইকেটে ১০ বলে ২৫ রানে স্কোরটা ভদ্রস্থ হয়েছে বরিশালের। শেষ তিন ওভারে তারা তুলেছে ৪২ রান।

যদিও কুমিল্লার ব্যাটিং দৃঢ়তায় বরিশালের লক্ষ্যটা মামুলি হয়ে গেছে। এখনো মাশরাফিদের তিনটি ম্যাচ বাকি। কুমিল্লার হয়তো শেষ চারে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেছে। তবে মাশরাফিদের সুযোগ আছে প্রতিপক্ষের হিসাবটা কঠিন করে দেওয়া।


সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল বুলস: ২০ ওভারে ১৪২/৮ (মুনাবীরা ৭, ম্যালান ৯, মেন্ডিস ২৮, মুশফিক ২৯, শাহরিয়ার ১১, নাদিফ ০, এনামুল ২০*, রুম্মন ৪, তাইজুল ১৪, আবু হায়দার ১৬*; মাশরাফি ০/১৭, শাহাদাত ১/২২, নাজমুল ০/১৭, রশিদ ২/২১, সাইফউদ্দিন ১/৪৭, নাবিল ৩/১৭)।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৯ ওভারে ১৪৫/২ (ইমরুল ৪৬, শেহজাদ ৬১, স্যামুয়েলস ২৭*, খালিদ ৭*; তাইজুল ০/২৭, রুম্মন ১/৩৮, ম্যালান ১/৮, এনামুল ০/১১) ।

ফল:
কুমিল্লা ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ:
নাবিল সামাদ।