মাশরাফির নায়ক ওয়ালশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অ্যান্ডি রবার্টস নামটা তাঁর জীবনে বিশেষভাবে স্মরণীয়। ২০০১ সালে এক পেস ক্যাম্পে আক্রমণাত্মক ও গতিময় বোলিংয়ে ক্যারিবীয় কিংবদন্তির নজর কেড়েছিলেন বলেই তো জীবনের বাঁকটা বদলে যায় মাশরাফি বিন মুর্তজার। দ্রুত সুযোগ পেয়ে যান বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে। অল্প সময়ের ব্যবধানে চলেও আসেন আন্তর্জাতিক ক্রিকেটে। এরপর মাশরাফি কীভাবে ‘মাশরাফি’ হলেন, গত ১৫ বছরে তা নিয়ে তো আর কম শোনা হয়নি!
মাশরাফির ক্যারিয়ারে রবার্টসের বিশাল ভূমিকা থাকলেও তাঁর নৈবেদ্য সাজানো আসলে আরেক ক্যারিবীয় কিংবদন্তির জন্য। তিনি কোর্টনি ওয়ালশ। সেই সুদূর শৈশবেই ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলারের বোলিং তাঁকে টানত চুম্বকের মতো। কিন্তু সেই আদর্শ কদিনের মধ্যেই চলে আসছেন তাঁর পাশে; থাকবেন ছায়া হয়ে। বোলিং কোচ হিসেবে ওয়ালশকে পেতে যাচ্ছেন—মাশরাফি অন্যদের চেয়ে একটু বেশিই রোমাঞ্চিত, ‘যখন কোনো কোচ আসেন, তাঁকে নিয়ে একটা আলোচনা সব সময়ই হয়। তবে সবচেয়ে বেশি রোমাঞ্চ থাকে খেলোয়াড়দের। কোচের সঙ্গে তাদেরই বেশি কাজ করতে হয়। সেই রোমাঞ্চ অবশ্যই আছে। তবে তিনি আমার আদর্শ। আমার রোমাঞ্চ তাই একটু বেশি।’
২০০১ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন ওয়ালশ। ১৩২ টেস্ট খেলা এই ফাস্ট বোলারের কাছ থেকে শুধু পেসাররাই নন, মাশরাফি মনে করেন, উপকৃত হবেন দলের সব খেলোয়াড়ই, ‘তাঁর মতো একজন উঁচুমানের খেলোয়াড় কোচ হয়ে বাংলাদেশে আসছেন। তাঁর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারলে শুধু বোলাররা নয়, অন্যরাও অনেক উপকার পাবে। আশা করছি, এর প্রভাব পড়বে আমাদের ক্রিকেটে, বিশেষ করে টেস্টে।’
খেলোয়াড়ি জীবন শেষে বেশির ভাগ সময় ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কাজেই জড়িয়ে ছিলেন। তবে কোচের ভূমিকায় তাঁকে প্রথম দেখা যাবে বাংলাদেশ দলের সঙ্গেই। কোচিং অভিজ্ঞতা যা-ই হোক, মাশরাফি মনে করেন, তাঁর সঞ্চিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ গড়ে নিতে পারবে অনেক টেস্ট বোলার, ‘বিশ্বের গ্রেটেস্ট বোলারদের মধ্যে ওয়ালশ একজন। টেস্ট ছিল তাঁর আবেগের জায়গা। দীর্ঘ সময় ধরে (১৭ বছর) ১৩২ টেস্ট খেলেছেন। পেস বোলার হিসেবে এত দিন ফিট থেকে খেলা, আবেগটা ধরে রাখা, খেলায় যে ক্ষুধাটা দেখেছি, এগুলো শিখতে পারলে বেশি লাভবান হবে আমাদের বোলাররা।’
ওয়ালশের কাছে আসলেই অনেক কিছু শেখার থাকবে পেসারদের জন্য, বিশেষ করে তরুণ বোলারদের। কিন্তু নতুন আর কী শিখবেন আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের বেশি সময় পার করে দেওয়া মাশরাফি? না, মাশরাফিও শিখবেন, কীভাবে ভুল শুধরে নেওয়া যায়, ‘আমি নির্ভুল, তা তো নয়। আমার অনেক ভুল হয়। সেগুলো তাঁর সঙ্গে ভাগাভাগি করতে পারব। তাঁর কোচিং দক্ষতায় ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। এভাবেই কোচের সঙ্গে একজন খেলোয়াড়ের বোঝাপড়া হয়।’