মাশরাফির নিঃসঙ্গ লড়াই

গুনে গুনে চারবার সাকিব আল হাসানকে সীমানার ওপারে আছড়ে ফেললেন। দুর্ধর্ষ ব্যাটসম্যানটা কে? মাশরাফি বিন মুর্তজা! কুমিল্লা ভিক্টোরিয়ানসের বাজে ব্যাটিংয়ে যা ঔজ্জ্বল্য ছড়ালেন শুধু তিনিই। যদিও মাশরাফির নিঃসঙ্গ লড়াইটা শুধু তাদের হারের ব্যবধানই কমিয়েছে।
এমনিতে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির টসভাগ্য খুব একটা ভালো নয়। টসে হেরে ইনচনে ২০১৪ এশিয়ান গেমসে সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার অভিজ্ঞতাও তাঁর আছে। কিন্তু এবার বিপিএলে দেখা যাচ্ছে ভিন্ন ছবি। এখন পর্যন্ত টসে হারেননি মাশরাফি। কিন্তু তাঁর ‘সাফল্য’ এই পর্যন্তই। টসে জিতলেও ম্যাচ আর জেতা হচ্ছে না। কাল ঢাকা ডায়নামাইটসের কাছে ৩৩ রানে হেরে আরও একটি ধাক্কা বর্তমান চ্যাম্পিয়নদের।
শুরুতেই ঢাকার রান-উত্সব। ৩৩ রানে কুমার সাঙ্গাকারা স্টাম্পড হওয়ার পর ঢাকার রানবন্যা শুরু মেহেদী মারুফ-নাসির হোসেনের দ্বিতীয় উইকেট জুটিতে। বরিশাল বুলসের বিপক্ষেই বিস্ফোরণ দেখা গেছে মারুফের। মাঝে দুই ম্যাচের বিরতি দিয়ে আবারও দেখা গেল ঢাকা ওপেনারের ঝলক। রশিদ খানের শিকার হওয়ার আগে ৩৯ বলে করেছেন ৬০ রান।
নিজেদের প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি নাসির। তবে সর্বশেষ দুই ম্যাচে ব্যাটিং অর্ডারে তাঁর বিরাট উন্নতি। তিনে নেমে রংপুর রাইডার্সের বিপক্ষে করেছিলেন ৩৮ রান। কাল নাসির আরও উজ্জ্বল, ৩৫ বলে করেছেন ৪৩ রান। মারুফ-নাসিরের দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ বলে ৮৪ রান ঢাকাকে গড়ে দিয়েছে ভিত। পরে পঞ্চম উইকেটে সাকিব আল হাসান-ডোয়াইন ব্রাভোর জুটি ১৬ বলে ৩৬ করে ঢাকাকে এনে দিয়েছে ১৯৪ রানের বিশাল স্কোর, যেটি এই বিপিএলে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ রান।
রানের পাহাড়ে চাপা পড়ে শুরু থেকেই কুমিল্লার বিবর্ণ ব্যাটিংয়ের প্রদর্শনী। যদিও টুর্নামেন্টে প্রথমবারের মতো কিছুটা
ভালো শুরু দিয়েছে তাদের দুই ওপেনার। তবে ৩০ রানে ইমরুল কায়েস ফেরার পরই উইকেট পতনের দুয়ারটা খুলে যায়
কুমিল্লার।
হতশ্রী এই ব্যাটিংয়ের মধ্যেই নিঃসঙ্গ লড়াই চালিয়েছেন মাশরাফি। কুমিল্লা অধিনায়ক ৩৫ বলে করেছেন ৪৭ রান। ২ চারের সঙ্গে ছক্কা ৫টি। তবে তাঁর লড়াইটা পরাজয়ের ব্যবধান কমানোর জন্য—মাশরাফি-ভক্তদের জন্য দৃশ্যটা কি কম যন্ত্রণার!
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার পয়েন্ট নে. রা. রে.
ঢাকা ডায়নামাইটস ৪ ৩ ১ ৬ +১.৬৫৭
বরিশাল বুলস ৪ ৩ ১ ৬ -০.১২৭
খুলনা টাইটানস ৪ ৩ ১ ৬ -০.৭০৯
রংপুর রাইডার্স ৩ ২ ১ ৪ +০.৪৬০
রাজশাহী কিংস ৩ ১ ২ ২ +০.১৪০
চিটাগং ভাইকিংস ৪ ১ ৩ ২ -০.২৪২
কুমিল্লা ভিক্টোরিয়ানস ৪ ০ ৪ ০ -১.১০০