মাশরাফির পর এনামুল-ঝড়ে জয় আবাহনীর
>

• খেলাঘরকে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী
• আবাহনীর পক্ষে বোলিংয়ে দুর্দান্ত মাশরাফি-সানজামুল-সাকলাইন সজীব
• মাশরাফি-সানজামুল-সাকলাইনের ৩ উইকেটের পর এনামুলের ৮৬
বিকেএসপিতে দিনের শুরুতেই মাশরাফি বিন মুর্তজার বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েছিল খেলাঘর। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে এলোমেলো দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪১ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। মামুলি সংগ্রহটা পাত্তাই দেয়নি আকাশি নীলের সৈনিকেরা। নির্দিষ্ট করে বললে সদ্যই বাংলাদেশের ওয়ানডে দলে ফেরা এনামুল হক। তাঁর ৭৩ বলে ৮৬ রানের ইনিংসে ম্যাচটা ৯ উইকেটে জিতেছে আবাহনী।
৭ ওভার বোলিং করে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন মাশরাফি। ৩টি করে উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে টেস্টে অভিষেকের পর টেস্ট দল থেকে বাদ পড়া বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলাম ও সাকলাইন সজীব। খেলাঘরের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান এসেছে মঈনুল ইসলাম সোহেলের ব্যাট থেকে।
১৫৫ রানের লক্ষ্যে এনামুল রীতিমতো ছেলেখেলা করেছেন খেলাঘরের বোলারদের নিয়ে। তাঁর অপরাজিত ৮৬ রানের ইনিংসে আছে ৬টি চার ও ৫টি ছক্কা। তাঁর ওপেনিং সঙ্গী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান ৪৯ বলে করেছেন ৩৯। তিনি মেরেছেন ৫টি বাউন্ডারি। ৮৮ রানে সাইফের বিদায়ের পর উইকেটে আসা নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতে ফেরেন এনামুল। নাজমুল করেন ২৩।