মাশরাফির ফেরা মাহমুদউল্লাহর জন্য প্রেরণা
সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন ২০২০ সালের ডিসেম্বরে। দীর্ঘ বিরতির পর যখন আবার ক্রিকেটে ফিরবেন, তখনই নতুন করে চোট এসে বাধা হয়ে দাঁড়ায়।
তবু হাল ছাড়েননি মাশরাফি বিন মুর্তজা। শক্ত চোয়ালে মাঠে ফেরার প্রতিজ্ঞাই যেন করে রেখেছিলেন এই অভিজ্ঞ পেসার।
আজ অপেক্ষার অবসান ঘটল। সিলেট সানরাইজার্সের বিপক্ষে আজ মিনিস্টার ঢাকার জার্সিতে দেখা গেল মাশরাফিকে। দক্ষতার দিক থেকে সেই চেনা মাশরাফিরই দেখা মিলল। সেই আঁটসাঁট লাইন লেংথ, নতুন বলে সুইং, পুরোনো বলে কাটার—সবই যেন আগের মাশরাফিকে মনে করিয়ে দিচ্ছিল।
মাশরাফির দল হারলেও তাঁর ৪ ওভারে ২১ রানে ২ উইকেট ছিল মনে রাখার মতো।
ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহর কাছে মাশরাফির এমন প্রত্যাবর্তন অনুপ্রেরণাদায়ক। আজ ম্যাচ শেষে তিনি বলছিলেন, ‘আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় প্রেরণা। মাঠে ফিরতে নিজের ফিটনেস এবং বোলিং স্কিল নিয়ে তিনি কঠোর পরিশ্রম করছিলেন। এক বছরের বেশি সময় পর মাঠে ফিরেছেন। দুটি উইকেট পেয়েছেন।’
তবে দলের পারফরম্যান্সে মাহমুদউল্লাহ হতাশ। বিশেষ করে প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতেই হারায় আজ ঢাকার জয়ের ধারায় ফেরার সুযোগ ছিল।
কিন্তু সিলেটের বিপক্ষে ১০০ রানে অলআউট হয়ে সুযোগ হাতছাড়া করে মাহমুদউল্লাহর দল। ৭ উইকেটের সহজ জয়ে সিলেট পেয়েছে এবারের বিপিএলে নিজেদের প্রথম জয়।
মাহমুদউল্লাহ বলেছেন, ‘দলগত পারফরম্যান্সে আমি খুবই হতাশ আজ। আমরা এই ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলে সমতা আনতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। এ জন্য আমাদের প্রত্যেককে আবারও এক হতে হবে। উন্নতির জায়গাগুলো খুঁজতে হবে। বিশেষ করে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।’
নিজেদের বাজে ব্যাটিংয়ের ব্যাখ্যায় মাহমুদউল্লাহ আরও যোগ করেন, ‘উইকেট খুব ভালো ছিল। উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই। আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। যেভাবে আমরা ব্যাটিং করেছি, তা হতাশাজনক ছিল। শুরুটা ভালো করিনি এবং আমাদের কোনো জুটি হয়নি। মধ্যভাগেও আমাদের ব্যাটিং ভালো হয়নি। কোনো জুটি পাইনি।’