মাশরাফির ব্যাটে জয় দক্ষিণাঞ্চলের

২১৪ রানের লক্ষ্যমাত্রাটা খুব কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দলগুলোর ব্যাটিংয়ের যে চিত্র তার খুব একটা ব্যতিক্রম কিছু হল না আজ ফতুল্লায়। ওয়ালটন মধ্যাঞ্চলের ২১৩ রানকে ছাপিয়ে যেতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে সাহায্য নিতে হল ‘বোলার’দের। পথ হারিয়ে ফেলা দলকে আলোর হদিস দিলেন মাশরাফি বিন মুর্তজা। তাঁর অনবদ্য, অপরাজিত এক ফিফটিতেই শেষ পর্যন্ত মধ্যাঞ্চলের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে দক্ষিণাঞ্চল।
২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দক্ষিণাঞ্চল স্কোর বোর্ডে ১৪৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। অষ্টম উইকেট জুটিতে আবদুর রাজ্জাককে সঙ্গে নিয়ে অধিনায়ক মাশরাফি ৫১ বলে ৭৩ রানের এক জুটি গড়েই দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক অনেক দিন পর নিজের ব্যাটিং প্রতিভার পূর্ণ স্বাক্ষর রেখেছেন আজ। তাঁর ৩৩ বলে ৫০ রানের ইনিংসটিতে আছে ৪টি চার ও ৩টি ছয়ের মার। আবদুর রাজ্জাকও কম যান না। তাঁর ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ ২৮টি রান। মাত্র ২১ বলে ২টি চার ও একটি ছয়ে গড়া রাজ্জাকের ইনিংসটি কিন্তু দলের অন্যতম ত্রাণকর্তা সেজেই। এই দুইয়ের কল্যাণেই ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয়েছে দক্ষিণাঞ্চলের।
দক্ষিণাঞ্চলের এই জয়ে অবদান আছে উদ্বোধনী ব্যাটসম্যান সৈকত আলীরও। তাঁর ৫৩ রানের ইনিংসটি অবশ্য একটু ঢাকা পড়ছে মাশরাফি-রাজ্জাকের মধ্যকার অষ্টম উইকেট জুটির বীরত্বে।
দুপুরে টস জিতে এই দিনরাতের ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের সঙ্গে তাল মিলিয়ে ব্যাট করতে পারেনি দলের বেশিরভাগ ব্যাটসম্যানই। ধীমান ঘোষের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৪ রান। মাহমুদউল্লাহর ব্যাট অবদান রাখে ৩১ রান করে।
‘অধিনায়কের সিদ্ধান্তের সঙ্গে তাল না মেলাতে পারা’র অন্যতম কারণ ছিলেন রুবেল হোসেন। জাতীয় দলের এই পেসার আজ নিজের বিশ্বকাপ পারফরম্যান্সটাই যেন পুনরাবৃত্তি করেছেন ফতুল্লায়। ৪২ রানের বিনিময়ে তাঁর দখলে গেছে ৫ উইকেট। রুবেলের পাশাপাশি এনামুল হক জুনিয়র আর আবদুর রাজ্জাক তাঁদের বাঁ হাতি স্পিনে তুলে নেন দুটি করে উইকেট।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো মধ্যাঞ্চলের ত্রাণকর্তা ছিলেন ওই ধীমানই। নবম উইকেট জুটিতে শরীফের সঙ্গে ধীমান গড়ে তোলেন ৫২ রানের এক জুটি। এই জুটির কল্যাণেই স্কোরটা দুই শ অতিক্রম করে মধ্যাঞ্চলের।
২১৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল দক্ষিণাঞ্চলের। উদ্বোধনী জুটিতে ৪৯ রান আসলেও এরপর পথটা হারিয়েই বসেছিল দক্ষিণাঞ্চল। ৭৭ রানে দ্বিতীয়, ৯৩ রানে তৃতীয় উইকেট হারানোর পরপরই ১১১ রানে পরপর দুটি উইকেট হারিয়ে বসে তারা। ১৪৩ রানে ৭ উইকেট হারানোর পর ধুঁকতে থাকা দলকে পথ দেখায় মাশরাফি-রাজ্জাকের ওই জুটিই।
মধ্যাঞ্চলের পক্ষে ইলিয়াস সানী ১১ রানে ৩ উইকেট নিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন দক্ষিণকে। ২টি উইকেট গেছে শুভাগত হোমের দখলে।