মাশরাফির ভাবনায় শুরুর বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বাস্তবের জমিনে পা রেখেই মাশরাফি জানালেন তাঁর বিশ্বকাপ ভাবনা, পাশে কোচ। ছবি: শামসুল হক
সংবাদ সম্মেলনে বাস্তবের জমিনে পা রেখেই মাশরাফি জানালেন তাঁর বিশ্বকাপ ভাবনা, পাশে কোচ। ছবি: শামসুল হক

১৯ জানুয়ারি ২০১১ 
বিশ্বকাপের দল ঘোষণা হলো বাংলাদেশের। বিশ্বকাপ দলে নেই মাশরাফি বিন মুর্তজা! ঘরের মাঠে বিশ্বকাপ না খেলার এক বুক কষ্ট ঝরল অশ্রু হয়ে। কান্নাভেজা কণ্ঠে সাংবাদিকদের বললেন, ‘আমার জীবনে সবচেয়ে কষ্টের দিন আজ। ’ পরের দিন ‘প্রথম আলো’য় তাঁকে নিয়ে সংবাদ শিরোনাম হয়েছিল, ‘মাশরাফির কান্নায় ভেজা বিশ্বকাপ দল’। 

২২ জানুয়ারি ২০১৫  
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে কোচ চন্ডিকা হাথুরুসিংহের পাশে মাশরাফি। দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ নিয়ে ভাবনা-পরিকল্পনা জানাচ্ছেন সাংবাদিকদের। সময় পরিক্রমায় আবেগ অনুভূতির ধরনে কতই না বৈপরীত্য! কষ্ট নয়, কান্না নয়; আজ মাশরাফির চোখেমুখে স্বপ্ন, শত স্বপ্ন আর ভালো কিছু করার দৃঢ় প্রত্যয়। 

শুরুতেই টোকা দেওয়া হলো চার বছর আগের সেই বেদনাময় স্মৃতিতে। পেছনের দুঃসহ স্মৃতি আঁকড়ে ধরে থাকার মানুষ মাশরাফি নন। বললেন, ‘চার বছর আগের কথা এখন বলে লাভ নেই! নতুন আরেকটা বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আগে কী হয়েছে, সেটা নিয়ে ভাবছি না। এখন ভাবনায় কেবল এই বিশ্বকাপ। ’ 

তা-ই হোক। সামনেই তাকানো যাক। বাংলাদেশ দলের বিশ্বকাপ লক্ষ্য কী? মাশরাফি বাস্তবের জমিনে পা রেখেই বললেন, ‘কোচ এরই মধ্যে জানিয়েছেন, দ্বিতীয় রাউন্ড (কোয়ার্টার ফাইনাল) নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা সেভাবেই চেষ্টা করব। সেটাও অনেক কঠিন কাজ। এ জন্য অনেক ভালো করতে হবে। ’
শেষ আটের হিসাব পরে। বাংলাদেশ অধিনায়কের আপাতত লক্ষ্য শুরুটা ভালো করা, ‘আসলে আমাদের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আপাতত মনোযোগ প্রথম ম্যাচে (আফগানিস্তানের বিপক্ষে)। আমরা শুরুটা ভালো করতে চাই। প্রথম ম্যাচ ভালো হলো আত্মবিশ্বাস বাড়বে। ’

কেবল পারফরম্যান্স নয়, একই সঙ্গে ক্রিকেট মনস্তাত্ত্বিক খেলা। বিশ্বকাপে এটা আরও বেশি হয়, সেটা মনে করিয়ে দিলেন মাশরাফি, ‘এ ধরনের টুর্নামেন্টে আসলে মনস্তাত্ত্বিক পরীক্ষাটাই বেশি হয়। এ ক্ষেত্রে মনে হয় না আমরা খুব একটা পিছিয়ে আছি। আমরা কিছু জায়গায় বেশি ভুল করি বা করেছি। চেষ্টা করব এ জায়গাগুলোয় উন্নত করতে। যে যত চাপ নিতে পারবে, সে বেশি ভালো করবে। চেষ্টা করব এ জায়গাগুলোয় উন্নত করতে। ’

দলীয় লক্ষ্যের পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্য থাকে সব খেলোয়াড়েরই। তবে এ ক্ষেত্রে মাশরাফির নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। বললেন, ‘অধিনায়ক হলে ব্যক্তিগত লক্ষ্য কমে যায়। আর ব্যক্তিগত লক্ষ্য ঠিক করা অনেক আগেই বন্ধ করে দিয়েছি। ধারাবাহিক পারফর্ম করাই এখন লক্ষ্য। প্রতিটি ম্যাচেই দলে অবদান রাখতে চাই। আর অধিনায়ক হিসেবে বলব, সবারই প্রত্যাশা রয়েছে দলের প্রতি। সবাই খুশি হয়, এমন পর্যায়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য। ’

এবার তারুণ্যের পাখায় ভর করে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সে ক্ষেত্রে তরুণদের ওপর অগাধ আস্থা বাংলাদেশ অধিনায়কের, ‘সিনিয়র খেলোয়াড়দের সব সময় মাঠে ও মাঠের বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তবে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় তরুণ খেলোয়াড়দেরই। দলে অনেক প্রতিভাবান তরুণ রয়েছে। হয়তো ওই কন্ডিশনে তারা তেমন ম্যাচ খেলেনি। তবে যেখানেই খেলেছে, ভালো খেলেই বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছে। ওরা অনেক আত্মবিশ্বাসী। আশা করি দারুণ পারফর্ম করবে বিশ্বকাপে। তা ছাড়া এখানে তরুণ খেলোয়াড়দের কিছু করে দেখানোর সুযোগ থাকে। তাদের পিছুটান থাকে না। ২০০৭-এ সাকিব, মুশফিক, তামিমদের প্রথম বিশ্বকাপ ছিল। তারা কিছু করে দেখিয়েছিল। এবার বিজয়, সৌম্য-এমন নয়জন আছে। তাদের সুযোগ এসেছে কিছু করে দেখানোর। ’
১৯৯৯ ও ২০০৭ বিশ্বকাপকেও প্রেরণা মানছেন মাশরাফি, ‘বাংলাদেশ যতগুলো বিশ্বকাপ খেলেছে এর মধ্যে ১৯৯৯ ও ২০০৭ সবচেয়ে ভালো ছিল। সুযোগ এসেছে আগের চেয়েও আরও ভালো করা। ২০০৭ বিশ্বকাপে গ্রুপটা কঠিন ছিল। এবারও তা-ই। ২০০৭-এ শুরুটা ভালো হয়েছিল। এবারও শুরুটা ভালো হলে ইনশা আল্লাহ ভালো কিছুই হবে। ’

‘ধরায়ে দিবানি’- ২০০৭-এ বিশ্বকাপে ভারতের ম্যাচের আগে বলা মাশরাফির সেই কথাটা এক সাংবাদিক মনে করিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ‘এবার এমন কিছু বলবেন না? ’ বাংলাদেশ অধিনায়ক হাসলেন। বললেন, ‘আসলে ওটা বলেছিলাম টিমের ভেতরে। কীভাবে সেটা বাইরে ছড়িয়ে গেল, জানি না। তবে এভাবে এখন কিছু বলতে চাই না। আমরা আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে খেলব বলে যে অসম্ভব, তা নয়। আসলে সব সম্ভব। আমরা ইনশাল্লাহ ভালো করব। এখানে ভাগ্যের সহায়তাও প্রয়োজন।