মাশরাফির সঙ্গে খেলতে মুখিয়ে বোপারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির অধীনে খেলতে উন্মুখ বোপারা। ফাইল ছবি
মাশরাফির অধীনে খেলতে উন্মুখ বোপারা। ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট পরিচিত মুখ রবি বোপারা। ইংলিশ অলরাউন্ডার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন ২০১৩ থেকেই। এবার তিনি আছেন রংপুর রাইডার্সের সঙ্গে। বিপিএলের এবারের মৌসুমে বোপারার আনন্দের ব্যাপার হলো, তিনি খেলছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দলে। মাশরাফির সঙ্গে একই দলে খেলতে তিনি নিজে যে মুখিয়ে, ব্যাপারটা অকপটেই জানিয়েছেন।

বোপারা আসলে উপভোগ করতে চান মাশরাফির অধিনায়কত্ব। এই নেতৃত্বগুণই তো বিশ্বব্যাপী জনপ্রিয় করেছে বাংলাদেশের অন্যতম অধিনায়ককে। অধিনায়ক হয়ে দেশকে যেমন সাফল্য এনে দিয়েছেন, ঠিক তেমনি বিপিএলেও অধিনায়ক হিসেবে সফল তিনি। অধিনায়ক হিসেবে বিপিএলের শিরোপা জিতিয়েছেন অধুনালুপ্ত ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসকে।

বোপারাও ব্যাপারটি জানেন, মাশরাফিকে ভালোই বোঝেন তিনি, ‘আপনি মাশরাফির জন্য খেলতে চাইবেন। সে নিজে শতভাগ ঢেলে দেয় মাঠে। তার অধীনে খেললে শতভাগ ঢেলে না দিয়ে উপায় নেই আপনার। তার অধীনে অলস হওয়া যাবে না কোনোমতেই।’

মাশরাফির খেলোয়াড়ি দক্ষতাতেও দারুণ শ্রদ্ধা এই ইংলিশ অলরাউন্ডারের, ‘সে নিখুঁত লাইন ও লেংথে বল করে। ব্যাটসম্যান হিসেবে মারকুটে। মোটকথা, সে রাজত্ব করতেই মাঠে নামে।’

উপমহাদেশের বাইরের খেলোয়াড় হলেও স্পিনের বিপক্ষে দারুণ দক্ষতা রয়েছে বোপারার। বাংলাদেশের স্পিননির্ভর পিচে তাই রবি বোপারা যেকোনো দলের জন্যই শক্তি। তবে পিচকে গুরুত্বপূর্ণ মানছেন তিনিও, ‘পিচের ওপর অনেক কিছু নির্ভর করে—পিচ ভালো হলে ভালো একটা টুর্নামেন্ট হবে। খারাপ হলেও সেটা ইন্টারেস্টিং ব্যাপার। সব দলের বিপক্ষেই প্রতিদ্বন্দ্বিতা আশা করছি, তবে আমাদের জেতার মতো দল রয়েছে।’

৩৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭১১ রান করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই ইংলিশ ক্রিকেটার। ২৬৪টি ঘরোয়া টি-টোয়েন্টিতে ২৬.৪৫ গড়ে ৫২৬৫ রান করেছেন। বোপারা ছাড়াও রংপুর রাইডার্স দলে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল ও লাসিথ মালিঙ্গার মতো তারকা খেলোয়াড়। দলের কোচ টম মুডি।