মাশরাফির সমালোচনার জবাব দিলেন গিবসন
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। সংবাদ সম্মেলনে এসে একদিন মাহমুদউল্লাহ, আরেক দিন মুশফিকুর রহিম সমালোচকদের পাল্টা জবাবও দিয়েছেন।
ওদিকে ঢাকায় বসে সংবাদমাধ্যমে ক্রিকেটারদের পারফরম্যান্সের কাটাছেঁড়া করছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। এই আলোচনা-সমালোচনায় যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের জন্য জাতীয় দলের কোচদের দিকে আঙুল তুলেছেন মাশরাফি।
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের কোচিং-যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মাশরাফি। দক্ষিণ আফ্রিকায় চাকরি না পেয়েই নাকি বাংলাদেশে এসেছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা পুনর্বাসনকেন্দ্র, যেখানে দক্ষিণ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচ একসঙ্গে আমাদের পুনর্বাসনকেন্দ্রে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ। কারণ, চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে। তাহলে দাঁড়াল কী, তারা যত দিন থাকবে আর মন যা চাইবে, তা-ই করবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ ম্যাচে লিটন দাস দুটি ক্যাচ ছেড়ে ‘খলনায়ক’ হয়ে গেছেন যেন। তবে মাশরাফির চোখে শুধু লিটনই দোষী নন।
বাংলাদেশ দলের বাজে ফিল্ডিংয়ের দায় ফিল্ডিং কোচকেও নিতে বলছেন তিনি, ‘লিটনের ক্যাচ মিসের কোনো অজুহাত দেব না, এমনকি লিটন নিজেও দেবে না। তবে ক্যাচ মিস খেলার একটা অংশই। কিন্তু ফিল্ডিং কোচের কাছে কি এ বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়? ক্যাচ মিস কি এই প্রথম হলো? ২০১৯ বিশ্বকাপের পর ম্যানেজমেন্টের প্রায় সবাই চাকরি হারিয়েছে, স্রেফ বর্তমান ফিল্ডিং কোচ ছাড়া। তাহলে আমরা বিশ্বকাপে বা তারপর কি সেরা ফিল্ডিং দল হয়ে গিয়েছি?’
অধিনায়ক মাহমুদউল্লাহর পাশেও দাঁড়িয়েছেন মাশরাফি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কৌশলগত ভুল যদি থেকেও থাকে, সে ক্ষেত্রে অধিনায়কের সঙ্গে টিম ম্যানেজমেন্টকেও দায়ী করছেন সাবেক এই অধিনায়ক, ‘সিদ্ধান্ত রিয়াদ নেবে। কিন্তু ওকে তো সাহায্য করতে হবে! কারণ, মাঠে অধিনায়ক কখনো কখনো অসহায় হয়ে পড়ে। আর ঠিক তখনই টিম ম্যানেজমেন্টকে দায়িত্ব নিতে হয়। অন্যান্য দলে তো তা-ই দেখি।’
মাশরাফির সমালোচনার বিষয়টি উঠে এসেছে বাংলাদেশ দলের ইংল্যান্ড ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে। সেখানে পেস বোলিং কোচ ওটিস গিবসনকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘এ ব্যাপারে আমি কিছুই ভাবছি না। আমার এসবে কোনো আগ্রহ নেই। দলের বাইরে কে কী বলল না বলল, এসব নিয়ে আমরা ভাবি না। মানুষ কী বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম কী বলছে, আমরা এসব নিয়ন্ত্রণ করতে পারব না। আমাদের দলের মধ্যে যা হচ্ছে, সেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারব। আমরা জানি কোচিং দল হিসেবে আমরা এখানে কী করছি।’