মাশরাফির ২০ রানের আক্ষেপ
ভারতের কাছে হেরে শুরু। ভারতের কাছে হেরেই শেষ। তবে শেষ মানে সবই শেষ নয়। শেষ থেকেও হতে পারে শুরু। মাশরাফি বিন মুর্তজার দল এখন সেই শুরুর অপেক্ষায়। কাল বাদে পরশুই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। আজ সকালে তাই নতুন লক্ষ্য নিয়ে ভারতে উড়াল দেবে বাংলাদেশ দল। এশিয়া কাপের ফাইনালটা পড়ে থাকবে পেছনে।
তবে এই যাত্রায় একটা আক্ষেপ সঙ্গী হবে মাশরাফির। ২০ রানের আক্ষেপ। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সেই হতাশার কথাই বললেন, ‘আমরা অন্তত ২০ রান কম করেছি। আমি মনে করি, টসে হারাটাই হারের বড় কারণ।’
ঝড়-বৃষ্টির কারণে দুই ঘণ্টা পিছিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা হয়েছে ১৫ ওভারের। পরিকল্পনা ওলট-পালট হয়ে যাওয়ার সেটাও একটা কারণ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘১৫ ওভারের ম্যাচে পরে ব্যাট করা সব সময়ই সহজ। হাতে উইকেট থাকে, লক্ষ্য সামনে রেখে ব্যাট করা যায়। তখন ১৫০ রান তাড়া করাও কঠিন মনে হয় না।’ ম্যাচের পঞ্চম ও ষষ্ঠ ওভারে আবু হায়দার ও সাকিব আল হাসান মিলে দিয়েছেন ২৯ রান। ভারতের জয় ওই দুই ওভারই সহজ করে দিল কি না জানতে চাইলে ভিন্নমতই দিলেন মাশরাফি, ‘আমি মনে করি হারের জন্য কারও ওপর দোষ চাপানো উচিত নয়। এই উইকেটে পরে ব্যাট করতে পারলে ভালো হতো। দ্বিতীয় ইনিংসে এটা ১৩৫-১৪০ রানের উইকেট হয়ে গেছে।’
এশিয়া কাপ থেকে বাংলাদেশ দলের সবচেয়ে বড় অর্জন বলা যায় ‘টি-টোয়েন্টি’ মাহমুদউল্লাহকে আবিষ্কার। টানা তিন জয়ের পর কালও তাঁর ব্যাটই স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশকে। অভিজ্ঞ এই ব্যাটসম্যান সম্পর্কে মাশরাফির মূল্যায়ন, ‘রিয়াদ (মাহমুদউল্লাহ) আমাদের প্রত্যাশার চেয়েও বেশি দিয়েছে। সে তার জায়গায় সফল ছিল। সব ম্যাচেই দলের পরিকল্পনা অনুযায়ী খেলেছে।’ তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় সাফল্যটাই আগে। আজ ঢাকা থেকে দিল্লি হয়ে ধর্মশালার উদ্দেশে উড়ে যাওয়াটা তাই আর সবার মতো মাহমুদউল্লাহরও উপভোগ করার কথা নয়।
বাংলাদেশ এশিয়া কাপ জিতলে যে সেটা বড় অর্জন হতো তাতে দ্বিমত নেই মাশরাফির। তবে ফাইনালে উঠে রানার্সআপ হওয়াটাকেও তিনি মনে করছেন আরেক ধাপ এগিয়ে যাওয়া। অধিনায়কের বিশ্বাস, এশিয়া কাপ থেকে নিয়ে যাওয়া আত্মবিশ্বাস টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনুপ্রাণিত করবে দলকে, ‘ফাইনাল খেলা অনেক বড় প্রাপ্তি। ছেলেরা সবাই ভালো খেলেছে। আমরা এই পারফরম্যান্স বিশ্বকাপে নিয়ে যেতে চাই।’ ধর্মশালায় পরশু হল্যান্ডের সঙ্গে ম্যাচ। তার আগে এশিয়া কাপের ফাইনালে হারের তিক্ততা ভুলে যেতে চান অধিনায়ক, ‘এশিয়া কাপের ফাইনালে খেললেও বিশ্বকাপে আমাদের শূন্য থেকেই শুরু করতে হবে। ভিন্ন কন্ডিশনে খেলা, অনুশীলনেরও বেশি সুযোগ পাব না। তাই যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ।’
সেই চ্যালেঞ্জ জিতে বিশ্বকাপে ভালো কিছু করার প্রতিজ্ঞা মাশরাফির। দেশের মানুষের দোয়াও চাইলেন সে জন্য, ‘সবাই আশা করেছে আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হব। আমরা সেটা পারিনি। তবে আমি সবাইকে ধৈর্য ধরতে বলব। সামনে আরও ভালো কিছু করারই চেষ্টা থাকবে আমাদের।’
এশিয়া কাপের শীর্ষ পাঁচ (চূড়ান্তপর্ব)
ব্যাটস ম্যান
ইনিংস রান সর্বোচ্চ গড় স্ট্রাইকরেট ১০০/৫০
সাব্বির রহমান ৫ ১৭৬ ৮০ ৪৪.০০ ১২৩.৯৪ ০/১
বিরাট কোহলি ৪ ১৫৩ ৫৬* ৭৬.৫০ ১১০.৮৬ ০/১
দিনেশ চান্ডিমাল ৪ ১৪৯ ৫৮ ৩৭.২৫ ১০৯.৫৫ ০/২
রোহিত শর্মা ৫ ১৩৮ ৮৩ ২৭.৬০ ১৩২.৬৯ ০/১
তিলকরত্নে দিলশান ৪ ১৩২ ৭৫* ৪৪.০০ ১২১.১০ ০/১
বোলার
ওভার রান উইকেট সেরা গড় ইকোনমি
আল আমিন ১৬.৫ ১৩৪ ১১ ৩/২৫ ১২.১৮ ৭.৯৬
আমজাদ জাভেদ ১৪.০ ১১৩ ৮ ৩/২৫ ১৪.১২ ৮.০৭
নুয়ান কুলাসেকারা ১৫.০ ৯৫ ৭ ৩/১০ ১৩.৫৭ ৬.৩৩
মোহাম্মদ আমির ১৬.০ ৮১ ৭ ৩/১৮ ১১.৫৭ ৫.০৬
হার্দিক পান্ডিয়া ১৭.৩ ১০৩ ৭ ৩/৮ ১৪.৭১ ৫.৮৮