মাশরাফির 'সুযোগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির এই শ্যেনদৃষ্টি এশিয়ান গেমসে, দুঃসময়কে কাটাতে বাংলাদেশের ক্রিকেটও তাকিয়ে সেদিকেই l প্রথম আলো
মাশরাফির এই শ্যেনদৃষ্টি এশিয়ান গেমসে, দুঃসময়কে কাটাতে বাংলাদেশের ক্রিকেটও তাকিয়ে সেদিকেই l প্রথম আলো

ঝুম বৃষ্টি একটু ছাড় দিতেই দুপুরের দিকে চলে এসেছেন মাঠে। একটু বিরতি দিয়ে দিয়ে টিপ টিপ বৃষ্টির মধ্যেই মিরপুর একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিং ও স্পট বোলিং অনুশীলন। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরার দিন দুয়েক পর থেকে এটি মাশরাফি বিন মুর্তজার নিয়মিত রুটিন। বোলিং শেষে স্ট্রেচিং করছিলেন মাঠের এক পাশে। ‘কী খবর, অধিনায়ক?’ কথাটা শুনে পাশ ফিরে হাসলেন। অধিনায়ক!
এ শব্দটি অন্য রকম এক অনুরণন তোলার কথা মাশরাফির মনে। ভালো লাগা আর হতাশার চূড়ান্ত মিলিয়ে তৈরি সেই অনুভূতির নাম নেই। কিন্তু মনের কোনো এক কোণে জীবন্ত হয়ে আছে এখনো। টেস্টে একবারই টস করেছেন মাশরাফি। ওয়ানডেতে সর্বশেষ করেছিলেন ২০১০ সালে। দুটি ম্যাচই জিতেছিল বাংলাদেশ, কিন্তু দুটিতেই মাশরাফিকে মাঠ ছাড়তে হয়েছিল চোট নিয়ে। যে চোট তাঁকে ছিটকে দিয়েছিল দীর্ঘদিনের জন্য। ভালো অধিনায়কের সব উপাদান যাঁর মাঝে আছে বলে মনে করা হয়, চোট-টোটের কারণে সেই মানুষটিকে অধিনায়ক হিসেবে পাওয়া গেল না, এটি মাশরাফির নিজের যত বড় আক্ষেপ, তার চেয়েও বড় দুঃখ বাংলাদেশ ক্রিকেটের।
সেই মাশরাফি আবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। মুশফিকুর রহিমের চোটে গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছিলেন। মুশফিকের অনুপস্থিতিতেই আবার অধিনায়ক হিসেবে যাচ্ছেন এশিয়ান গেমসে। অধিনায়কত্ব নিয়ে অনেক স্বপ্নই দেখতেন একসময়। চোটজর্জর ক্যারিয়ারের হাজারো তিক্ততায় সেসব এখন দুঃস্বপ্ন। অনুভূতিগুলোও যেন এখন ভোঁতা হয়ে গেছে, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে, এত কিছুর পর আসলে আর কোনো অনুভূতি সেভাবে কাজ করে না। এখন যেটা মনে হয় যে, অধিনায়কত্ব বড় একটা দায়িত্ব। সেই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারলেই কেবল ভালো লাগবে।’
ভালোভাবে পালন মানে, স্বর্ণপদকটা ধরে রাখা। এশিয়ান গেমসে বাংলাদেশের জাতীয় সংগীত বেজেছে ক্রিকেটের সৌজন্যেই, ২০১০ এশিয়াডে গুয়াংজুতে। সেই সাফল্যের পুনরাবৃত্তি করার পাশাপাশি ওই দেশাত্মবোধটাই অধিনায়ক মাশরাফির কাছে বড় প্রেরণা, ‘এটা তো শুধু ক্রিকেটের ব্যাপার নয়, একটা সর্বজনীন ব্যাপার আছে। এমনিতে ক্রিকেটেও আমরা জিতলে গোটা দেশেরই জয়। তার পরও এ ধরনের গেমস ব্যাপারটাই আলাদা। আমরা ক্রিকেটই খেলব, কিন্তু সব খেলার সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ এটি। দেশের পতাকা বয়ে নেওয়ার কথা যদি বলেন, সেটি সত্যিকার অর্থে গেমসেই হয়। জিতলে জাতীয় সংগীত বাজানো হয়। ক্রিকেটে হয়তো আমরা কোনো ম্যাচ জিতলাম বা টুর্নামেন্ট জিতলাম, কিন্তু এখানে বলা হবে বাংলাদেশ সোনা জিতেছে।’
এবারের এশিয়াডে ক্রিকেট দলের জন্য প্রচ্ছন্ন হয়ে আছে আরেকটি লক্ষ্যও। আষ্টেপৃষ্ঠে ধরা দুঃসময়ের ফাঁস কিছুটা আলগা করতে পারে এশিয়ান গেমসই। মাশরাফিও এশিয়াডকে দেখছেন সুযোগ হিসেবে, ‘এ বছরটা আমরা কিছুই করতে পারিনি। এটা তাই একটি সুযোগ বাজে সময় থেকে বেরিয়ে আসার। প্রায় জাতীয় দলটাই যাচ্ছে আমাদের। সবার মাথায় নিশ্চয়ই ব্যাপারটি থাকবে, সেভাবেই সিরিয়াসলি নেবে।’

শঙ্কাও আছে। সবচেয়ে কঠিন পরীক্ষাটা হবে সেমিফাইনালেই। যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই লড়াইয়ে হারলে রুপাও জুটবে না, লড়তে হবে ব্রোঞ্জের জন্য। গত এশিয়াডে সেমিতে শ্রীলঙ্কাকেই হারিয়েছিল বাংলাদেশ, তবে শ্রীলঙ্কার সেই দলে ছিলেন না জাতীয় দলের কেউ। এবার সোনা জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কাও পাঠিয়েছে শক্তিশালী দল। মাশরাফিও জানেন সেটি, ‘শ্রীলঙ্কাও প্রায় জাতীয় দলই পাঠাচ্ছে। আফগানিস্তানও কিন্তু টি-টোয়েন্টিতে খারাপ দল নয়। সেমিফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে জিতলেই তাই সোনা জিতে গেছি বলা যাবে না। তবে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সোনা জিততে না পারার কারণ নেই।’

পারলে তো ভালোই। নইলে যে দুঃসময়ের আঁধার আরও নিকষ কালো হয়ে ঘিরে ধরবে বাংলাদেশের ক্রিকেটকে।