সিডনি থেকে অকল্যান্ডের ফ্লাইটে লাগে সাড়ে তিন ঘণ্টার মতো সময়। এরপর অকল্যান্ড থেকে বাসে ওয়াঙ্গেরি যেতে লেগেছে আরও আড়াই ঘণ্টা। আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে কাল পুরো দিনটাই বলতে গেলে ভ্রমণ-ধকলে কেটেছে বাংলাদেশ দলের। আজ তাই শুধুই বিশ্রাম। আগামীকাল এক দিন অনুশীলন করে পরশু কোবহাম ওভালে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে।
সিডনির সময় কাল সকাল সাতটা থেকেই দৌড়ঝাঁপ শুরু হয়েছে ক্রিকেটারদের। সকাল ১০টায় উড়াল দিয়ে স্থানীয় সময় বিকেল চারটায় অকল্যান্ডে অবতরণ। বাসে ওয়াঙ্গেরি যাওয়ার পথে মুঠোফোনে দলের ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, সিডনি থেকে অকল্যান্ড বিমানযাত্রা ছিল নির্বিঘ্ন। তবে ভ্রমণ নিয়ে প্রায় সারা দিনই ধকল সামলাতে হওয়ায় খেলোয়াড়েরা ক্লান্ত। সে জন্যই আজ বিশ্রাম দেওয়া হয়েছে দলকে। ওয়াঙ্গেরিতে বাংলাদেশ দলের ঠিকানা ডিস্টিংসন্স হোটেল।
কাল নিউজিল্যান্ডে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার সিডনিতে নয় দিনের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচও। ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। তাতে নিজেদের মোটামুটি সফলই মনে করছে দল।
প্রস্তুতি ম্যাচের পরদিন ২৩ ডিসেম্বর ক্রাইস্টচার্চ যাবে বাংলাদেশ দল। ২৬ ডিসেম্বর সেখানেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে। ২৯ ও ৩১ ডিসেম্বর পরের দুটি ওয়ানডে হবে নেলসনে। নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আগামী ৩ জানুয়ারি। মাউন্ট মুঙ্গানুইয়ে বাকি দুটি টি-টোয়েন্টি ৬ ও ৮ জানুয়ারি। ওয়েলিংটনে প্রথম টেস্ট শুরু হবে আগামী ১২ জানুয়ারি ও ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ২০ জানুয়ারি থেকে। সিরিজ শেষে ক্রাইস্টচার্চ থেকে বাংলাদেশ দলের দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ২৫ জানুয়ারি।
অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্প ও নিউজিল্যান্ড সফর মিলিয়ে এবারের সফরটি প্রায় ৫০ দিনের। দলের সবার জন্য অবশ্য তা নয়। বিপিএল ফাইনাল শেষে দুই ভাগে অস্ট্রেলিয়া গেছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। অনেকে গেছেন আরও পরে। আবার সবাই যে একসঙ্গে দেশে ফিরবেন, সেটাও নয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, টি-টোয়েন্টি সিরিজের পর দেশে ফিরিয়ে আনা হবে পাঁচ-ছয়জন ক্রিকেটারকে।
এবারের সফরটি যেমন লম্বা, দলের খেলোয়াড় সংখ্যাও অন্য যেকোনো সফরের তুলনায় বেশি। এমনকি হঠাৎ করেই অস্ট্রেলিয়ার অনুশীলন ক্যাম্পে ডাক পাওয়া মেহেদী মারুফও আছেন নিউজিল্যান্ড সফরের দলের সঙ্গে। প্রথমে তাঁকে শুধু অস্ট্রেলিয়ার ক্যাম্পের জন্য ডাকা হলেও সেখানে মাত্র তিন-চার দিন সময় পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। সে জন্যই নাকি তাঁকে নিউজিল্যান্ডেও বয়ে নিয়ে যাওয়া।