মাশরাফিরা ব্রিসবেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ব্রিসবেনে রাতের খাবার সেরে সঙ্গীদের নিয়ে এই সেলফিটা তুললেন মুশফিকুর রহিম l ফেসবুক
কাল ব্রিসবেনে রাতের খাবার সেরে সঙ্গীদের নিয়ে এই সেলফিটা তুললেন মুশফিকুর রহিম l ফেসবুক

বাংলাদেশ দলকে বহনকারী বিমান কখন দুবাই পৌঁছাল, কখন দুবাই থেকে দল আবার উড়ল ব্রিসবেনের উদ্দেশে—সবই জানা যাচ্ছিল ফেসবুকের কল্যাণে। বিমানে, বিমানবন্দরে সেলফি তুলে ক্রিকেটারদের অনেকেই সেগুলো পোস্ট করেছেন ফেসবুক, টুইটারে। নাসির হোসেনের সে রকমই এক ফেসবুক স্ট্যাটাস থেকে পরশু রাতে জানা গেল, বাংলাদেশ দল নিরাপদে ব্রিসবেনে পৌঁছে গেছে।

৩২ তলায় নিজের রুমের জানালা দিয়ে তোলা মাশরাফির সেলফি l ফেসবুক
৩২ তলায় নিজের রুমের জানালা দিয়ে তোলা মাশরাফির সেলফি l ফেসবুক


একটা লাগেজ দলের সঙ্গে পৌঁছায়নি, এই সামান্য ঝামেলাটুকু ছাড়া দীর্ঘ যাত্রাপথে আর কোনো সমস্যায় পড়তে হয়নি দলকে। ব্রিসবেনে পৌঁছে টিম ম্যানেজার খালেদ মাহমুদ বিসিবির ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক সাব্বির খানকে জানিয়েছেন তাঁদের নিরাপদ অবতরণের কথা।
অস্ট্রেলিয়া গিয়ে প্রথম দিনটা মোটামুটি বিশ্রামেই কাটিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। কাল শুধু একটা টিম মিটিংই হয়েছে। আজ থেকে শুরু হবে অনুশীলন।
ব্রিসবেনে বাংলাদেশ দলের ঠিকানা ওকস শার্লট টাওয়ার নামে একটা সার্ভিসড অ্যাপার্টমেন্ট কাম হোটেলে। ফেসবুকে নিজের রুমের জানালা দিয়ে তোলা মাশরাফি বিন মুর্তজার সেলফি দেখেই পরিষ্কার, বহুতল এই ভবনটি কত উঁচু। মুঠোফোনে মাশরাফিই জানালেন, ‘বিল্ডিংটা ৪২ না ৪৩ তলা যেন। আমি আছি ৩২ তলায়। আমাদের ক্রিকেটাররা একেকজন একেক তলায় আছে।’ দীর্ঘ ভ্রমণক্লান্তির পরও দলের সব ক্রিকেটার সুস্থ আছেন বলে জানিয়েছেন অধিনায়ক।