মাশরাফি-মাহমুদউল্লাহর সংবর্ধনা

খোলা আকাশের নিচে ঝলমলে রোদের মধ্যে কয়েক হাজার মানুষ। সর্বত্রই উৎসবের আমেজ। উপলক্ষ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মভূমিতে আগমন।
গতকাল বেলা ৩টা ৫০ মিনিটে মাশরাফি, তাঁর দুই সন্তান ও স্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি নামে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে। স্থানীয় প্রশাসন, রাজনীতিক ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন সেখানে। পরে গাড়িবহরে চড়ে যে মাঠে অনুশীলন করে নিজেকে তৈরি করেছেন বাংলাদেশের বিশ্বকাপ অধিনায়ক, সেই নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যান। বিশ্বকাপ মিশন শেষ করার পর এই প্রথম তাঁর নড়াইলে আসা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে শত শত মানুষ মাশরাফিকে হাত নেড়ে অভিবাদন জানান, বরণ করে নেন ফুল ছিটিয়ে।
এক সপ্তাহ আগে থেকেই শহর ছেয়ে যায় বিভিন্ন তোরণ, ফেস্টুন, ব্যানার আর মাশরাফির ছবিতে। রাজনৈতিক হরতাল-অবরোধকে নির্বাসনে পাঠিয়ে দুপুরের পর থেকেই দলে দলে মাশরাফি-ভক্তরা বাদ্যযন্ত্র বাজিয়ে জড়ো হতে থাকেন সংবর্ধনা চত্বরে। কানায় কানায় ভরে যায় মাঠ। মুহুর্মুহু ‘মাশরাফি’ ‘বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয় চারপাশ।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈফ হাফিজুর রহমান, নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবির, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। পরে পুলিশ লাইন মাঠে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের বিশ্বকাপ অধিনায়ককে।
নড়াইলে যখন বিশ্বকাপ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, একই সময় বিশ্বকাপে বাংলাদেশের আরেক নায়ক মাহমুদউল্লাহ উষ্ণ সংবর্ধনা পেয়েছেন তাঁর শহর ময়মনসিংহে। সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ঢল নেমেছিল বিভিন্ন শ্রেণিপেশার মানুষের। মাহমুদউল্লাহকে বরণ করে নিতে সার্কিট হাউস মাঠে জনতা বিশেষ করে তারুণ্যের স্রোত ছোটে দুপুর থেকেই। বিকেল সাড়ে তিনটার দিকে মাহমুদউল্লাহ ঘোড়ার গাড়িতে চড়ে সংবর্ধনা চত্বরে আসেন। তাঁকে স্বাগত জানানো হয় ব্যান্ড পার্টির বাদ্যে। এর আগেই বিভিন্ন ক্রীড়া সংগঠন ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে ব্যানার ও তোরণ নির্মাণ করে। বিকেল পাঁচটায় শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানের মূল পর্বে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী। প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, বিশেষ অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ এম এ হান্নান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী, মাহমুদউল্লাহর বাবা মো. উবায়দুল্লাহ এবং দুই ভাই আহসানউল্লাহ ও এমদাদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শতরানের মালিক বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত মাহমুদউল্লাহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন পাকিস্তান সিরিজে ভালো করার জন্য দোয়া চান তিনি।