মাশরাফি-মুশফিকদের নববর্ষ মাঠেই

সামনে পাকিস্তান সিরিজ। শুরু হয়ে গেছে দলের অনুশীলন। নববর্ষের এ দিনটি বাংলাদেশ দলের খেলোয়াড়দের কেটেছে মাঠেই। রঙিন পোশাকে রঙিন দিনটি নিজেদের মতো না কাটাতে পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভোলেননি মাশরাফি-মুশফিকরা।
ভক্ত-সমর্থকদের একটু ব্যতিক্রমভাবেই শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক। ‘সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা’, গোটা গোটা অক্ষরে কাগজে লিখে সেটির ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। নাসির হোসেন নববর্ষের শুভেচ্ছা জানানোর ভঙিটাও আলাদা। বাইকে তোলা একটি ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নাসির। তবে ঠিক সময়ে অনুশীলনে যেতে ভোলেননি নাসির। আজ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ দলের অনুশীলন ছিল বিকেল আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত। সাকিব আল হাসান বাদে সব খেলোয়াড়ই উপস্থিত ছিলেন অনুশীলনে।
সৌম্য সরকার কেবল শুভেচ্ছাই জানাননি। সঙ্গে ছিল ভক্ত-সমর্থকদের প্রতি বিশেষ অনুরোধ, ‘নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আশা করি বাংলাদেশ ক্রিকেট দল এবং সকল ক্রিকেটারদের জন্য আপনাদের আশীর্বাদ থাকবে সব সময়ের জন্য।’ দিনটি কেমন কাটল জানতে চাইলে সন্ধ্যায় সৌম্য বললেন, ‘আমরা মাঠের মানুষ, মাঠেই কেটেছে নববর্ষের প্রথম দিন। অনুশীলন ছিল, ওখানেই কেটেছে সময়। সন্ধ্যায় একটু সময় পেয়েছি। বেরিয়েছি সামান্য সময়ের জন্য। বন্ধুদের সঙ্গে দেখা করা আর একটা জরুরি কাজ সেরে আবার ফিরতে হবে টিম হোটেলে।’ এদিকে সাব্বির রহমান নীল রঙের পাঞ্জাবি পরা একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-সমর্থকদের।