মাশরাফি-সাকিবদের ফোনে নজরদারি করবে আইসিসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিসবেনে অনুশীলনে বাংলাদেশ দল। ফাইল ছবি
ব্রিসবেনে অনুশীলনে বাংলাদেশ দল। ফাইল ছবি

যেকোনো আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড়দের ব্যক্তিগত ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এবার আইসিসি আরও কড়া নিয়ম জারি করতে যাচ্ছে। বিশ্বকাপ শুরুর আগেই বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের খেলোয়াড় ও দল-সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকেই ফোন নম্বর জমা দিতে হবে আইসিসিকে। এর উদ্দেশ্য ফোনে নজরদারি করা। স্বাভাবিকভাবে মাশরাফি-সাকিবরাও বাদ যাচ্ছেন না এ তালিকা থেকে।
বিষয়টি নিয়ে এরই মধ্যে খবর প্রকাশ করেছে ভারতের একটি দৈনিক। জানা গেছে, বিশ্বকাপের নিয়মাবলি নিয়ে কয়েক দিনের মধ্যেই প্রতিটি দলের অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে বৈঠক করবে আইসিসি। বৈঠকে বিশ্বকাপে অংশ নেওয়া সব দলকে বলে দেওয়া হবে, প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফ ও কোচের ফোন নম্বর আইসিসির কাছে পাঠিয়ে দিতে। হয়তো সবার নম্বর ট্র্যাক বা নজরদারি করার জন্যই এ উদ্যোগ। আর সেটা করা হবে ম্যাচ পাতানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে।
জানা গেছে, আরও কিছু নির্দেশ থাকবে। যেমন-কোনো দল ‘নাইট পার্টি’ করতে পারবে না, দলের সঙ্গে একই হোটেলে বোর্ডে কর্মকর্তারা থাকতে পারবেন না। প্রত্যেক দলের সঙ্গে জুড়ে দেওয়া হবে আইসিসির দুর্নীতি দমন শাখার একজন কর্মকর্তাকে, যিনি দলের সবকিছুর ওপরই কড়া নজর রাখবেন। অবশ্য এসব নির্দেশের অনেক কিছু আগে থেকেই বহাল আছে।
ব্রিসবেন থেকে টেলিফোনে দলের ম্যানেজার খালেদ মাহমুদ বললেন, ‘ফোন নম্বর দেওয়ার ব্যাপারে আমরা এখনো কিছু শুনিনি। তবে আইসিসি চাইলে নম্বর দেব। এখনো এ ব্যাপারে আমরা কোনো নির্দেশিকা পাইনি বা আমাদের কিছু জানানো হয়নি। ’
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, এ ধরনের নিয়ম-নির্দেশ নতুন কিছু নয়। বললেন, ‘বড় বড় টুর্নামেন্টে আইসিসি সব সময়ই এ ধরনের নির্দেশিকা প্রতিটি দল ও দল-সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে থাকে। এটি নতুন নয়। তবে এবার নতুন কোনো নির্দেশিকা যদি দিয়েই থাকে, তবে কেবল বাংলাদেশ নয়, প্রতিটি দলকেই তা মেনে চলতে হবে।’ খেলোয়াড়দের ফোন ট্র্যাক প্রসঙ্গে নিজাম বললেন, ‘বোঝাই যাচ্ছে, ম্যাচ পাতানোর মতো ঘটনা রোধেই এ ধরনের উদ্যোগ। তবে আইসিসির টুর্নামেন্টগুলোয় এ ধরনের উদ্যোগ নিয়মিতই নেওয়া হয়। ’