মাশরাফি-সাকিবদের সভা নিয়ে মাহমুদ যা বললেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদ মাহমুদ
খালেদ মাহমুদ
>
  •  নিজেদের সংগঠন শক্তিশালী করতে চাচ্ছেন ক্রিকেটাররা
  •  উদ্দেশ্য বোর্ডের সঙ্গে দর-কষাকষি
  •  ঘরোয়া ক্রিকেটের ‘প্লেয়ার বাই চয়েস’ নিয়ে আপত্তি ক্রিকেটারদের
  •  তাঁরা চান বোর্ডের সঙ্গে জড়িত নন, এমন কেউ সংগঠনের হাল ধরুক

কাল হঠাৎ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে একত্র হয়েছিলেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। নানা অপ্রাপ্তি আর অসন্তোষ দূর করতে খেলোয়াড়দের সংগঠন কোয়াবকে আরও গতিশীল ও শক্তিশালী করা যায় কীভাবে, সেটিই ছিল তাঁদের আলোচনার মূল বিষয়।
খেলোয়াড়দের মূল অসন্তোষ ঘরোয়া ক্রিকেটের পারিশ্রমিক নিয়ে। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগের ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতির সঙ্গে কিছুতেই একমত নন তাঁরা। কিন্তু বোর্ড বা ক্লাবের সিদ্ধান্তের প্রতিবাদ করলে উল্টো বিপদে পড়তে হবে—এ ভয়ে ক্রিকেটাররা সরাসরি কিছু বলতেও পারেন না। তাঁদের হয়ে ‘কোয়াব’ যে দর–কষাকষি করবে, সেটাও হয় না। সংগঠনটি বেশির ভাগ সময়ই নীরব থাকে।
এই নীরবতার কারণ আর কিছুই না, সংগঠনের বেশির ভাগ নেতাই যে বিসিবির সঙ্গে জড়িত! ক্রিকেটাররা তাই চাচ্ছেন, বোর্ডের সঙ্গে জড়িত নন, এমন কেউ কোয়াবের নেতৃত্বে আসুক। এটি যেন পুরোপুরি ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পরিচালিত হয়।
গতকাল বিকেলে খেলোয়াড়দের এই সভা কীভাবে দেখছেন খালেদ মাহমুদ? কোয়াবের বর্তমান সহসভাপতি ও বিসিবির পরিচালক ইতিবাচকভাবে দেখলেও কিছু প্রশ্ন আছে তাঁর, ‘ওরা দায়িত্ব নিতে চাচ্ছে, বসতে চাচ্ছে। অবশ্যই এটা ভালো। ওদের ভুলে গেলে চলবে না, গত কয়েক বছর আমরা কোয়াবকে টিকিয়ে রেখেছি। আমরা খুবই খুশি যে বোর্ড আমাদের স্বীকৃতি দিয়েছে। একটা সময় ছিল যখন বোর্ড কোয়াবের কথা শুনতই না। বোর্ডের অধীনে আমরা একটি প্রতিষ্ঠান। সমঝোতার মাধ্যমেই আমাদের সব করতে হয়। দাবিদাওয়া নিয়ে মনে হয় না সবকিছুতেই বোর্ডের সঙ্গে পেরে ওঠা সম্ভব।’
খেলোয়াড়দের সবচেয়ে বড় অসন্তুষ্টি প্রিমিয়ার লিগে ‘প্লেয়ার বাই চয়েস’ নিয়ে। খেলোয়াড়দের দাবি, এই পদ্ধতিতে তাঁরা সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না। আবাহনীর কোচ ও বিসিবির পরিচালক মাহমুদ অবশ্য প্লেয়ার বাই চয়েসের পক্ষেই সাফাই গাইলেন, ‘এটা নিয়ে বোর্ডের একটি যুক্তিসংগত কারণ ছিল। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বাঁচিয়ে রেখেছে ক্লাবগুলোই। গত বছর কোনো খেলোয়াড় যদি ২৫ লাখ ২৮ লাখ টাকা পেয়ে থাকে এ বছরে সেটির কতটুকু বাড়তে পারে? ১০-১৫ ভাগ। খুব ভালো খেললে ২০ ভাগ। ১০০ কিংবা ১৫০ ভাগ তো বাড়তে পারে না। অনেক খেলোয়াড় যারা ২৫-২৮ লাখ টাকা পাওয়ার যোগ্য, তারা ৬০-৬৫ লাখ টাকা দাবি করেছে। ক্লাবগুলো তাই প্লেয়ার বাই চয়েসে যেতে বাধ্য হয়েছে। প্লেয়ার বাই চয়েস এসেছে খেলোয়াড়দের বাড়তি পারিশ্রমিক চাওয়াটা নিয়ন্ত্রণ করতে। প্লেয়ার বাই চয়েসের পরেও ক্লাবগুলো মৌসুমে সাড়ে ৩ থেকে ৪ কোটি টাকা খরচ করছে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক। টাকার পুরোটাই কিন্তু ক্লাবের তহবিল বা সদস্যদের কাছ থেকে এনে দিতে হয়।’
খেলোয়াড়দের যুক্তি, কোয়াবের নেতারা যেহেতু বোর্ডের সঙ্গে যুক্ত, ‘স্বার্থের দ্বন্দ্বে’ খেলোয়াড়দের স্বার্থ দেখা তাঁদের জন্য কঠিন। মাহমুদ অবশ্য তা মনে করেন না, ‘আমরা বোর্ডে আছি বলেই তারা এত সুবিধা পাচ্ছে। আমরা বোর্ডে না থাকলে কিছুই পেত না। এতটুকু বলতে পারি আমি, দুর্জয় (নাঈমুর রহমান) যদি বোর্ড মিটিংয়ে থাকি, খেলোয়াড়দের কথাগুলো বলতে পারি। আমি, দুর্জয় আর এই (কোয়াবের) কমিটিতে থাকব না, এর মধ্যে বলেছিও। আমরা যদি না থাকি, যারা ভবিষ্যতে থাকবে, তারা কীভাবে বোর্ডের সঙ্গে লড়াই করবে? তারা তো বোর্ড মিটিংয়ে থাকতেই পারবে না! তারা চিঠি দিতে পারে বিসিবির প্রধান নির্বাহী বরাবর। কিন্তু অনেক সময় সেটা গ্রহণযোগ্য না–ও হতে পারে।’
মাহমুদ যে ‘লড়াইয়ে’র কথা বললেন, বোর্ডের সঙ্গে লড়াই করে যে খেলোয়াড়েরা পারবেন না, সে বাস্তবতাও তুলে ধরলেন তিনি, ‘ওরা যদি মনে করে, আমরা তাদের প্রতিপক্ষ, সাহায্য করছি না, সেটা ভাবলে ভুল হবে। তবুও বলব, ওরা বড় হয়েছে, ওরা সিদ্ধান্ত নেবে। ওরা যদি কমিটি গঠন করে বোর্ডের সঙ্গে লড়াই করে স্বচ্ছন্দ থাকে, ওদেরটা আদায় করতে পারে, সেই চেষ্টা তারা করতে পারে। এটা সবার জন্যই ভুল হবে। এখানে ফাইট করে কিছুই হবে না। এটা আলোচনার ব্যাপার। বোর্ডের সঙ্গে আলোচনা করতে হবে। আর ওদের যদি বর্তমান (কোয়াব) কমিটির ওপর আস্থা না থাকে, তাহলে রীতি মেনে এটা ভেঙে নতুন কমিটি করা যেতে পারে। নিয়ম মেনেই সব হবে, এটাই বিশ্বাস করি।’