মাসাকাদজা যা শেখালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবন পেয়ে সেটাকে কাল কী দুর্দান্তভাবেই না কাজে লাগিয়েছেন। দারুণ এক সেঞ্চুরিতে খুলনা টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় বাধার প্রাচীর এখন হ্যামিল্টন মাসাকাদজাই l শামসুল হক
জীবন পেয়ে সেটাকে কাল কী দুর্দান্তভাবেই না কাজে লাগিয়েছেন। দারুণ এক সেঞ্চুরিতে খুলনা টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় বাধার প্রাচীর এখন হ্যামিল্টন মাসাকাদজাই l শামসুল হক

ধারাভাষ্য দিতে এবার আসেননি বাংলাদেশে। অ্যালিস্টার ক্যাম্পবেল এখন দেশেই থাকুন বা অন্য কোথাও, টিভিতে কালকের খেলা দেখেছেন কিনা কে জানে। তবে না দেখে থাকলেও এতক্ষণে নিশ্চয়ই শুনেছেন। কিংবা ইন্টারনেটে জেনে নিয়েছেন বিস্তারিত। হ্যামিল্টন মাসাকাদজার ইনিংসটি নিশ্চয়ই ক্যাম্পবেলকে মনে করিয়ে দিয়েছে নিজের ১৩ বছর আগের একটি লেখাকে। অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়লেন মাসাকাদজা কার্ল হুপারের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিন দিন পর ক্রিকইনফোতে সেই ইনিংসের মুগ্ধ বর্ণনায় ক্যাম্পবেল বারবার লিখেছিলেন মাসাকাদজার পরিণতিবোধের কথা। এক যুগ ধরে লেখাটি নিশ্চয়ই বারবার ভ্রুকুটি করেছে ক্যাম্পবেলকে!
ক্যাম্পবেলের একটি রেকর্ড ভেঙেই মাসাকাদজার প্রথম আলোয় আশা। জিম্বাবুয়ের প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করলেন মাসাকাদজা। ১৬ বছর বয়সে করা সেঞ্চুরিটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে জিম্বাবুয়ের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিও, আগের রেকর্ড ছিল ক্যাম্পবেলের। বছর খানেক পর আরও বড় চমক। টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে হইচই ফেলে দিলেন মাসাকাদজা। রেকর্ডটি অবশ্য টিকতে পারেনি দেড় মাসও। আরও বড় চমক হিসেবে আবির্ভূত হয়ে সেই রেকর্ড ভেঙে দেন মোহাম্মদ আশরাফুল। পরে এই দুজনের ক্যারিয়ারের গতিপথ হয়ে গেছে প্রায় একই। অমিত প্রতিভাবান, কিন্তু ক্যারিয়ারজুড়েই ধারাবাহিকতা, পরিণতিবোধ যেন কটাক্ষ করেছে প্রতিভাকে। আজ এই ৩১ বছর বয়সে মাসাকাদজা দলের সবচেয়ে সিনিয়র, সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য নন!
গত টেস্টের কথাই ভাবুন। প্রথম ইনিংসে আউট হয়েছেন অযথা তুলে মারতে গিয়ে। দ্বিতীয় ইনিংসে দেখেশুনে ছেড়ে দিয়ে বোল্ড! ক্যারিয়ার ব্যাটিং গড় তিরিশের নিচে, অভিষেক সেঞ্চুরির পর বাংলাদেশ ছাড়া আর কোনো দলের বিপক্ষে সেঞ্চুরি করতে পারেননি। টানা দুই ইনিংসে ফিফটি ছুঁতে পেরেছেন ক্যারিয়ারে মাত্র একবার। রেকর্ডের চেয়েও ভয়াবহ বরাবরই আউট হওয়ার ধরন। দায়িত্ব নেওয়ার প্রমাণ দিতে পেরেছেন কম সময়ই।
কাল পারলেন। দিনের শুরুতে সহজ এক ক্যাচ দিয়ে বেঁচে গেছেন, কঠিন ক্যাচ দিয়েছিলেন আরও দুবার। তবে এই তিনটি মুহূর্ত ছাড়া সারা দিনে ছিলেন একদম নিখুঁত, আঁটসাঁট। ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার, তবে সেটাকে কাজে লাগানোর কৃতিত্ব তাঁকে দিতেই হবে। মাসাকাদজা সুযোগটি এমনভাবে নিয়েছেন যে বাংলাদেশের জয়ের আশা ফিকে হয়ে গেছে।
ইনিংসটিকে আরও স্পেশাল করে তুলেছে গত টেস্টের পরের কদিনের চেষ্টা। মিরপুরে দুই ইনিংসে ওভাবে আউট হয়ে আত্মদহনে পুড়েছেন। বাড়তি খেটেছেন নেটে, সময় শেষ হওয়ার পরও তাঁকে টেনে নেট থেকে বের করে আনা যাচ্ছিল না মিরপুরে। উইকেটে জাল বিছিয়ে স্পিন খেলার অনুশীলন সবচেয়ে বেশি করেছেন তিনিই। শুধু অনুশীলনে ঘাম ঝরালেই পুরস্কার মেলে না, মাঠেও নিবেদন দেখাতে হয়। ক্যাচগুলো শামসুর রহমানের হাতে জমলে ইনিংস এত বড় করতে পারতেন না। উইকেটও মিরপুরের মতো ব্যাটিং-প্রতিকূল নয়। কিন্তু এই সুবিধাগুলো কাজে লাগাতে তো হয়! মাসাকাদজা কাল সেটা পেরেছেন পুরোপুরি। বাংলাদেশের পেসারদের পাত্তা দেননি, স্পিনে পায়ের কাজ ছিল দারুণ, বোলারদের থিতু হতে দেননি। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি, হারারের বাইরে প্রথম, আর ক্যারিয়ারের সর্বোচ্চ রান, দলকে অনেকটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার তৃপ্তি।
আর একটি শিক্ষাও দিলেন। আরও একবার প্রতিপক্ষের কেউ বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখালেন, কীভাবে দলকে টেনে নিতে হয়। শেখালেন, সেঞ্চুরিতেই কাজ শেষ হয় না!