মাস্টার্স ক্রিকেট খেলে বেতন পাননি অনেক ক্রিকেটার!

বেশ ঢাকঢোল পিটিয়েই মরু শহর দুবাই ও শারজায় শুরু হয়েছিল মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (এমসিএল)। কিংবদন্তি অনেক ক্রিকেটারসহ প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেওয়া অনেকেই খেলেছেন তাতে। খেলেছেন, দর্শকদের বিনোদনও দিয়েছেন। কিন্তু ওই টুর্নামেন্টে খেলার জন্য অনেকেই নিজেদের পাওয়া টাকাটা বুঝে পাননি!
এই তথ্যটি সম্প্রতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন—ফিকা। তারা জানিয়েছে, একটি মাত্র ফ্র্যাঞ্চাইজি ছাড়া বাকিদের কাছ থেকে এখনো নাকি টাকা-পয়সা বুঝে পাননি বেশির ভাগ সাবেক ক্রিকেটার।
এক বিবৃতিতে ফিকা জানিয়েছে, ‘আমরা এখনো পর্যন্ত কেবল একটি ফ্র্যাঞ্চাইজির কথাই জানি—জেমিনি আরব, তারাই কেবল ক্রিকেটারদের বেতন-ভাতা পুরোপুরি পরিশোধ করেছে। আমরা জানি, এটি সম্পূর্ণ নতুন একটি ইভেন্ট। কিন্তু প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার তিন মাস পরেও বেশির ভাগ ক্রিকেটারের বেতন-ভাতা না পাওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
ফিকা বলেছে, যদি জেমিনি আরব খেলোয়াড়দের বেতন-ভাতা পুরোপুরি পরিশোধ করতে পারে, তাহলে অন্যদেরও সেটা করা উচিত।
ক্রিকেটের অনেক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টেই খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দেয়। ফিকা ব্যাপারটি সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগাদাই দিয়েছে, ‘খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে টাল-বাহানা করা, বেতন আটকে রাখা, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের একটি সাধারণ সমস্যা। এ ব্যাপারে এমন একটি পদ্ধতি হাতে নেওয়া উচিত, যেটা এই সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। এই পদ্ধতি হবে সকলের ঐকমত্যের ভিত্তিতেই। ক্রিকইনফো।