মাহমুদউল্লাহ ‘নট আউট’ আবার ‘আউট’
ম্যাচে তখন ১৮তম ওভারের খেলা চলছে। দ্বিতীয় বলটি ফুল টস করেন পাপুয়া নিউগিনি পেসার ডেমিয়েন রাভু।
২৭ বলে ৫০ রানে অপরাজিত থাকা মাহমুদউল্লাহ শরীরের দিকে ধেয়ে আসা ফুল টস স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারার চেষ্টা করেন।
সীমানায় দাঁড়িয়ে থাকা চ্যাড সোপেরকে ফাঁকি দিতে পারেননি। অবশ্য মাহমুদউল্লাহর ক্যাচটা নিয়ে তিনি শুরুতে উদ্যাপন করতে পারেননি।
ডেলিভারিটি ‘নো বল’ ছিল কি না, তা নিশ্চিত হতে দ্বারস্থ হতে হয় তৃতীয় আম্পায়ারের। এরপরই হাস্যকর দৃশ্যটি সবাই দেখতে পেলেন।
তৃতীয় আম্পায়ার ক্রিস গ্যাফানে ভিডিও রিপ্লে দেখে নিশ্চিত হন মাহমুদউল্লাহর ঊরু বরাবর ছিল ডেলিভারিটি। অর্থাৎ, বলটি বৈধ ডেলিভারি এবং মাহমুদউল্লাহ আউট। কিন্তু আশ্চর্য! আল আমেরাত স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল ‘নট আউট’!
স্টেডিয়ামের দর্শক থেকে টিভির সামনে থাকা দর্শকেরাও নিশ্চয়ই অবাক হয়েছেন। সবাই ভেবেছিলেন, তাহলে ডেলিভারিটি হয়তো ‘নো বল’। ভুল। কয়েক সেকেন্ড পরই ভুল সংশোধন করে জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল ‘আউট’।
সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা চলছে, তৃতীয় আম্পায়ার হয়তো আউট দেখাতে গিয়ে ভুল করে নট আউট দেখিয়ে ফেলেছেন। মাহমুদউল্লাহকেও মুখে হাসি নিয়ে ফিরতে দেখা গেল।
আম্পায়ারের ভুলে মজার মুহূর্তটি বাংলাদেশ অধিনায়কও উপভোগ করেছেন।
কিন্তু মাহমুদউল্লাহ নিশ্চিতভাবেই নিজের আউটটি উপভোগ করেননি।
ফুল টস ডেলিভারিটি মাহমুদউল্লাহ চাইলে অনেক জোরে খেলতে পারতেন। ৩ ছক্কা ও ৩ চারে আজ তাঁর ব্যাটে টাইমিংও হচ্ছিল বেশ ভালোই।
কিন্তু ঠিক কী ভেবে রাভুর কম পেসের ডেলিভারি মাহমুদউল্লাহ শুধু টাইমিংয়ে পার করার চেষ্টা করলেন সে প্রশ্ন থাকবে। ২৮ বলে ৫০ রানে আউট হন মাহমুদউল্লাহ।