মাহমুদউল্লাহ-মার্শালময় ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ-সেরা মাহমুদউল্লাহর মুখে হাসি (বাঁয়ে), হাসছেন মার্শাল আইয়ুবও। বিকেএসপিতে দুজনই সেঞ্চুরি করেছেন, গড়েছেন ২০৩ রানের জুটি l প্রথম আলো
ম্যাচ-সেরা মাহমুদউল্লাহর মুখে হাসি (বাঁয়ে), হাসছেন মার্শাল আইয়ুবও। বিকেএসপিতে দুজনই সেঞ্চুরি করেছেন, গড়েছেন ২০৩ রানের জুটি l প্রথম আলো

যখন ব্যাটিংয়ে নামলেন, দুজনের মুখে ছিল চিন্তার ছাপ। বিকেলে ম্যাচ শেষে ওই মুখ দুটিতেই খেলল বিস্তৃত হাসি! যদিও ম্যাচসেরা হয়েছেন একজন। কিন্তু কাল বিকেএসপিতে মাহমুদউল্লাহ-মার্শাল আইয়ুব দুজনই ম্যাচের নায়ক।
৩৪ রানে ২ উইকেট হারিয়ে শেখ জামাল ধানমন্ডি খানিকটা চাপেই পড়ে গিয়েছিল। তার প্রভাব পড়েছিল মাহমুদউল্লাহ ও মার্শালের ব্যাটিংয়েও। তারুণ্য-নির্ভর ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে শেখ জামালের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শুরু করলেন আস্তে-ধীরেই। প্রথম ২১ বলে মার্শালের রান ৫ আর মাহমুদউল্লাহর ১১ বলে ২। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ভ্যাপসা গরম শুধু মার্শাল-মাহমুদউল্লাহর নয়, ধৈর্যের পরীক্ষা নিল মাঠে আসা অল্পসংখ্যক দর্শকেরও।
৪২ ওভার শেষে সাবধানে এগোনো শেখ জামালের রান দাঁড়াল ২ উইকেটে ২১৮। মাহমুদউল্লাহর রান ৮৭, মার্শালের ৯৭। কে আগে তিন অঙ্ক ছোঁবেন, অনুমান করা নিশ্চয়ই কঠিন নয়। কিন্তু ৪৩তম ওভারে সিসিএসের বাঁহাতি স্পিনার সালেহ আহমেদকে লং অন দিয়ে উড়িয়ে, পরের বলে একই জায়গা দিয়ে বাউন্ডারি মেরে ‘কে আগে সেঞ্চুরি করবেন’ খেলাটা জমিয়ে তুললেন মাহমুদউল্লাহ!

৪৩ ওভার শেষে মাহমুদউল্লাহর রান ৯৮, মার্শালেরও ৯৮। শেষ পর্যন্ত ‘জিতলেন’ মার্শালই। নাসুম আহমেদকে মিড উইকেটে খেলে ২ রান নিয়ে লিস্ট ‘এ’-তে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন শেখ জামালের মিডল অর্ডার ব্যাটসম্যান। পরের ওভারেই সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক ছুঁলেন মাহমুদউল্লাহও।

যদিও শুরুতে বেশ সময় নিয়েছেন দুজনই। মার্শাল ফিফটি করেছেন ৭৪ বলে। সেটিকে সেঞ্চুরিতে রূপ দিতে নিয়েছেন আর মাত্র ৩৮ বল। উড়িয়ে মারার ঝুঁকিতে যাননি। ১২টি চারে সাজিয়েছেন নিখুঁত ইনিংসটি। মাহমুদউল্লাহ হাফ সেঞ্চুরি করেছেন ৭৮ বলে। তাঁর পরের ৫০ রান ৪৪ বলে।

ডিপ মিড উইকেটে অমিত মজুমদারের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হওয়ার আগে মার্শাল করেছেন ১০৩ রান। মাহমুদউল্লাহর সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ২০৩ রানের জুটি। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি বলা হয় এটিকে, তবে ‘আকর্ষণীয় পর্ব’ শুরু ঠিক এর পরই।

সেঞ্চুরির আগেই বিশাল তিন ছক্কা মেরেছিলেন। সেঞ্চুরির পর হলো আরও দুটি। কোনোটি লং অনের ওপর দিয়ে আছড়ে পড়ল বাউন্ডারির ওপারে, কোনোটি আবার ডিপ মিড উইকেটের ওপর দিয়ে। স্লগ সুইপে মারা একটি ছক্কায় তো বল বিকেএসপির পশ্চিম পাশের পাঁচিল পার হওয়ার উপক্রম! সেঞ্চুরির পরের ১৭ বলে মাহমুদউল্লাহ করেছেন ৩০ রান। মেহরাবের বলে স্কয়ার লেগে রিফাতের ক্যাচে পরিণত হওয়ার আগে শেখ জামাল অধিনায়কের রান ১৩০। লিস্ট ‘এ’তে যেটি তাঁর সর্বোচ্চ।

মাহমুদউল্লাহর ইনিংসের খুঁত একটিই—৪১তম ওভারে রাজিনের বলে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের সুযোগ দিয়েছিলেন। রান তখন ৮১। সুযোগটা কাজে লাগাতে পারেননি সিসিএসের উইকেটকিপার আশরাফুন নবী।

শেষ ৪৮ বলে ৭২ রান তুলে শেখ জামাল গড়েছিল ২৯০ রানের বড় সংগ্রহ। তবে বিকেএসপির ব্যাটিং উইকেটে রানটা মোটেও অনতিক্রম্য ছিল না। অনভিজ্ঞতা আর উইকেট বিলিয়ে দিয়ে আসায় সেটিই পাহাড়সম হয়ে গেছে সিসিএসের।

অসাধারণ ইনিংস আর দলের জয়ে বিকেলের সব আলো যেন ভর করেছে মাহমুদউল্লাহর মুখে, ‘ভালো লাগছে। আমার মনে হয়, রানটা আমার পাওনা ছিল। মার্শালও ভালো ইনিংস খেলেছে। গরম ও চাপ সামলে ভালো করেছি আমরা।’

>

সংক্ষিপ্ত স্কোর

শেখ জামাল–সিসিএস, বিকেএসপি

শেখ জামাল: ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ (মার্শাল ১০৩, মাহমুদউল্লাহ ১৩০; মেহরাব ৩/৪৫, সালেহ ২/৩৮)

সিসিএস: ৪৮.৩ ওভারে ২০০ (রাজিন ৫১, সাইফ ৪৭, পিনাক ২৪; শফিউল ২/২৮, মুক্তার ২/৪০, মেন্ডিস ২/১৫)

ফল: শেখ জামাল ৯০ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ

মোহামেডান-কলাবাগান সিএ, ফতুল্লা

কলাবাগান একাডেমি: ৪৯.২ ওভারে ২৩১ (সাক্সেনা ৯৬, মিরাজ ৫০, মাইশুকুর ৩১; এনামুল জুনিয়র ৩/৪৬, নাঈম জুনিয়র ২/৫৪, নাঈম ২/৫৬)।

মোহামেডান: ৪২.৩ ওভারে ২১০/৬ (থারাঙ্গা ৯০*, এজাজ ৬০, মুশফিক ২৩; বিশ্বনাথ ২/৩৯)।

ফল: মোহামেডান ৪ উইকেটে জয়ী (ডি/এল পদ্ধতিতে)।

ম্যান অব দ্য ম্যাচ: উপুল থারাঙ্গা।  

কলাবাগান ক্রীড়াচক্র–গাজী গ্রুপ, মিরপুর

কলাবাগান ক্রীড়াচক্র: ৪৮.৪ ওভারে ২২৩ (তাসামুল ৪৭, মাসাকাদজা ৪০, রাজ্জাক ৩০; অলক ৩/৩৬, মঈনুল ২/২৭, আনোয়ার ২/৩৯)।

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৫.৩ ওভারে ২২৫/৪ (শামসুর ৭৫, এনামুল ৭০ আহত অবসর; মাশরাফি ২/৪৩)। ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: শামসুর রহমান।