মাহমুদউল্লাহ-মুস্তাফিজের প্রশংসায় মাশরাফি

বাংলাদেশ দলের ইনিংস যখন কুল-কিনারা না পেয়ে প্রায় ডুবন্ত জাহাজ, তখন তাঁর ব্যাটই দেখাল আশার দিগন্ত। বল হাতেও আগের বোলারদের সাফল্যধারাটাকে ধরে রাখলেন দারুণভাবে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা তাই আর কারও হাতে নয়, উঠেছে মাহমুদউল্লাহর হাতেই।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ এলেন না। তবে অধিনায়কের স্তুতিবাক্য নিশ্চয়ই মাঠ আর ড্রেসিংরুমেই শুনেছেন তিনি। সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা প্রশংসায় ভাসালেন দলের এই অভিজ্ঞ খেলোয়াড়কে, ‘রিয়াদ (মাহমুদউল্লাহ) সব সময়ই দলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ও জানে ওর ভূমিকা কী। ও যখন ব্যাটিংয়ে যায়, বেশির ভাগ সময়ই দল চাপে থাকে। ওখানে ও সেরাটা না খেললে দলের জন্য কঠিন হয়ে যায়। আজও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই চাপে সে রান করেছে। বোলিংটাও ভালো হচ্ছে ওর। আশা করি এটা ধরে রাখবে।’
মাশরাফি প্রশংসা করেছেন মুস্তাফিজুর রহমানের মানসিক শক্তিরও। ভারতের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন। কিন্তু আমিরাতের বিপক্ষে মিরপুরে আবারও জ্বলে উঠেছে মুস্তাফিজ-আলো। ‘মুস্তাফিজ প্রতি ম্যাচেই ভালো খেলবে, এটা অস্বাভাবিক প্রত্যাশা। খারাপ-ভালো দুটো মিলেই ক্রিকেট। আগের ম্যাচের পর ও আজ ভালো করল, এটাই তার মানসিক শক্তি’—বলছিলেন মাশরাফি।
কিন্তু ব্যাট হাতে যে এই ম্যাচেও নিজেকে মেলে ধরতে পারলেন না সাকিব আল হাসান! বোলিংয়ে ২ উইকেট নিলেও সাকিবকে নিয়ে তাই আরও একবার প্রশ্ন উঠল সংবাদ সম্মেলনে। তবে প্রশ্নটা যত না তাঁর ব্যাটিং নিয়ে, তার চেয়ে বেশি ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে নামা নিয়ে। মাশরাফি দলের হয়ে ব্যাখ্যা দিতে চাইলেন, ‘ওই পজিশনে একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের খেলা দরকার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ও-ই ম্যাচটা বের করে এনেছিল। ও আগে তিনে ভালো খেলেছে। এখন সাব্বিরও ভালো করছে। সাকিবের জন্য পাঁচে খেলা একটু কঠিন হলেও সে দলের কথা ভেবে খেলছে।’
আমিরাতের বিপক্ষে জিতলেও বাংলাদেশের ব্যাটিং এদিনও হতাশা ছড়াল। মাশরাফি সেটা মেনেও বলেছেন, ‘আমরা এর চেয়ে আরও ভালো করতে পারি। তবে যা করেছি সেটাই বাস্তবতা। সর্বশেষ দুটি ম্যাচ বাদ দিলে যে কটি অনুশীলন ম্যাচ খেলেছি, প্রায় সবগুলোই ১৫০-১৬০ এর বেশি স্কোর ছিল। এখানে সেরকম করতে না পারাটা দুর্ভাগ্যজনক। আজ ভালো জুটি হয়েছিল। অন্তত ১৫০ রান হওয়া উচিত ছিল।’