মাহমুদউল্লাহ-সাব্বিরে উজ্জ্বল বাংলাদেশ, দায়িত্ব এখন বোলারদের

টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে ভালো পারফরম্যান্স তাঁদের দুজনের। একজন তিন নম্বরে নেমে ভরসা জুগিয়ে গেছেন, অন্যজন তো শেষ দিকে নেমে দিনে দিনে যেন ‘ফিনিশার’ হয়ে উঠছেন। সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ আজ এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশকে টেনে নিলেন। মাহমুদউল্লাহর প্রায় তিন শ স্ট্রাইক রেটের ইনিংসে ভর করেই এশিয়া কাপ জিততে ভারতকে ১২১ রানের লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ।
হার্দিক পান্ডিয়ার করা ১৪ তম ওভারটিই হিসেব-নিকেশ বদলে দিল। যে বাংলাদেশ একটা সময় এক শ পেরোতে পারবে কি না সংশয় জাগছিল, সেই বাংলাদেশই ওই ওভারে ২১ রান নিয়ে পৌঁছে গেল ১১৩ রানে। এর আগের ওভারটিতেই নেহরা দিয়ে যান ১৪ রান। তবে ওই দুই ওভার ৩৫ রানের পাশাপাশি বাংলাদেশকে সবচেয়ে বেশি যেটি উপহার দিয়ে গেল, সেটি আত্মবিশ্বাস। ১৫ ওভারে ১২০—যেকোনো বিচারেই চ্যালেঞ্জিং। এই বিশ্বাসটা নিয়েই এখন বোলারদের দায়িত্ব ভারতের ব্যাটসম্যানদের মুখোমুখি হওয়ার।
মাহমুদউল্লাহই আলোটা বেশি কেড়েছেন। মাত্র ১৩ বলে ৩৩ রান করেছেন। ছক্কা ২টি, চার ২টি। সঙ্গ দিয়ে গেছেন সাব্বিরও। তিনে নেমে শেষ পর্যন্ত ব্যাট করেছেন। দলকে ভরসা জুগিয়ে গেছেন। সঙ্গে সিঙ্গেল, চার নিয়ে ২৯ বলে করেছেন ৩২ রান।
এই দুজনের বাইরে বাংলাদেশের ব্যাটিংয়ের গল্পটা প্রত্যাশা জাগিয়েও আক্ষেপে শেষ হওয়ার। তামিম ও সৌম্য শুরুটা করেছিলেন ভালোই, কিন্তু বলের সঙ্গে রানের গতিটা ঠিক রাখতে পারলেন না। টুর্নামেন্টে হঠাৎ এসে নেমে পড়তে হওয়া তামিম এখনো ছন্দটা খুঁজে পাননি। ‘ওয়ানডে’ গতিতে খেলে ১৭ বলে করতে পারলেন মাত্র ১৩ রান। সৌম্যও আশা জাগিয়ে খুব বেশি দূর যেতে পারলেন না। মুখোমুখি হওয়া প্রথম বলেই চার। এরপর লং অনে দুর্দান্ত শট আর ক্লাসিক পুলে আরও ২ টি। কিন্তু ওটুকুই। ৯ বলের ছোট্ট ইনিংসটিতে আরেকবার আক্ষেপ বাড়িয়ে ১৪ রান করে ফিরে গেলেন।
সাকিবকে টুর্নামেন্টে প্রথমবার কিছুটা স্বচ্ছন্দ দেখাল। শ্রীলঙ্কার বিপক্ষে ৩২ রান করেছিলেন ঠিকই, কিন্তু ঠিক সাকিবীয় ছিল না ইনিংসটি। তারওপর টুর্নামেন্ট জুড়েই যত নেতিবাচক কারণে শিরোনাম হচ্ছিলেন। ক্যাচ মিস করা, কিংবা পাকিস্তানের বিপক্ষে উত্তেজনার মুহূর্তে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরায় তাঁর সমালোচনা হচ্ছিল। তারওপর কুঁচকির চোটও তাঁকে ভোগাচ্ছিল গত দুদিন ধরে। আজ শুরু থেকে সাকিব যেন প্রতিজ্ঞা নিয়ে নেমেছিলেন, সব সমালোচনা-আক্ষেপের জবাব দিয়ে দেবেন।
দিচ্ছিলেনও। আজও স্কুপ করলেন, তবে আজ আউট নয়। হলো চার। এর আগে-পরে আরও দুটি চার মেরে ১৫ বলে ২১ রান করে ফেলেছিলেন। কিন্তু এর বেশি আর এগোতে পারলেন না। অশ্বিনকে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন শর্ট ফাইন লেগে। ফাইনালটাকে রাঙিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত আক্ষেপ জাগিয়ে ফিরে এলেন।
সাকিব আউট হওয়ার পরের সময়টাই বাংলাদেশ ইনিংসের কঠিনতম সময়। একটা সময় প্রায় চার ওভারে একটিও বাউন্ডারি মারতে পারেননি বাংলাদেশ ব্যাটসম্যানরা। মুশফিকের রানখরাটা আজও কাটল না। আজকের ম্যাচটা টি-টোয়েন্টিতে মুশফিকের ৫০তম ম্যাচ। কিন্তু মাইলফলকটা ব্যাটিংয়ে অন্তত একটুও রাঙাতে পারলেন না বাংলাদেশ টেস্ট অধিনায়ক। মাত্র ৪ রান করে আউট হয়ে গেছেন।
শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসটাই যদি ম্যাচটার ভাগ্য বাংলাদেশের দিকে লিখে দেয়।