মাহমুদউল্লাহও এখন আত্মবিশ্বাসী

জায়গাটা আগে ছিল ছয়-সাতে। কিন্তু গত জিম্বাবুয়ে সিরিজে সাফল্য দেখলেন চারে উঠে। পাঁচ ওয়ানডের সিরিজের শেষ দুই ম্যাচে অপরাজিত ৮২ আর ৫১ রানে। এ ছাড়া টেস্ট সিরিজেও সফল হয়েছেন চারে খেলেই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেও কি তাহলে ব্যাটিং অর্ডারের চারেই দেখা যাবে মাহমুদউল্লাহকে?
প্রশ্নটার উত্তর নির্ভর করছে অনেক ‘যদি’ ও ‘কিন্তু’র ওপর। তবে বিশ্বকাপে যেখানেই ব্যাটিং করুন না কেন, গত ১ ডিসেম্বর শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্স মাহমুদউল্লাহকে ফিরিয়ে দিয়েছে হারানো আত্মবিশ্বাস। এর আগে সময়টা এমনই খারাপ যাচ্ছিল যে, মাহমুদউল্লাহ দলে কেন—সেই প্রশ্নও বেশ জোরেশোরে উঠে গিয়েছিল। জিম্বাবুয়ে সিরিজের পর সেসব প্রশ্ন সমাধিস্থ। বিশ্বকাপে মাহমুদউল্লাহও দলের বড় আশার জায়গা।
মিরপুরে কাল অনুশীলন বিরতির সংবাদ সম্মেলনে তাঁর কথায়ও পাওয়া গেল প্রতিজ্ঞা, ‘মাঝে একটা বছর হয়তো খুব বাজে সময় গেছে। তবে জিম্বাবুয়ে সিরিজে আত্মবিশ্বাসটা বেড়েছে। চেষ্টা করব এটার ধারাবাহিকতা ধরে রেখে দলের জন্য বড় কিছু করার।’ সেটার জন্য চার নম্বরেই ব্যাটিং করতে হবে এমন কোনো কথা নেই। ‘আমি ৬, ৭ ও ৮ নম্বরে ব্যাটিং করেছি। জিম্বাবুয়ে সিরিজে চার নম্বরে ব্যাটিং করলাম। তবে আমাকে যেখানে দেওয়া হবে সেখানেই আমি ব্যাটিং করার জন্য প্রস্তুত আছি’—বলছিলেন সাবেক সহ-অধিনায়ক।
মাহমুদউল্লাহর নিজেকে ফিরে পাওয়ার এই সাফল্যে মিশে আছে অনেক অনেক পরিশ্রমের গল্প। শুধু পারফরম্যান্স নয়, মেদহীন ঝরঝরে শরীরটাও বলছে সে কথা। ওজন কমিয়ে ফেলার প্রসঙ্গে মুচকি হেসে বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই চেষ্টা করছিলাম। ফিজিক্যাল ফিটনেসটা একটু বাড়ানোর চেষ্টা করেছি। ট্রেনারের সঙ্গে কথা বলেছি। এতে আমার জন্য অনেক ভালো হয়েছে। পারফরম্যান্সেও ইতিবাচক ফল পাচ্ছি।’
ব্যাটসম্যান মাহমুদউল্লাহর পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রয়োজন হতে পারে স্পিনার মাহমুদউল্লাহকেও। বাংলাদেশ দলের তিন বিশেষজ্ঞ স্পিনারই বাঁহাতি। পরিস্থিতির প্রয়োজনে বোলিং প্রান্তে বৈচিত্র্য আনতে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাই অফ স্পিনার মাহমুদউল্লাহকেও ডেকে আনতে পারেন। বোলিং নিয়ে আলাদা পরিকল্পনা আছে মাহমুদউল্লাহর নিজেরও, ‘বোলিং নিয়ে আমার একটা পরিকল্পনা সব সময়ই থাকে। আমি নিয়ন্ত্রিত বোলিং করার চেষ্টা করি। বিশ্বকাপেও সেই চেষ্টা করব।’
অস্ট্রেলিয়ার কন্ডিশন পেস-সহায়ক হলেও মাহমুদউল্লাহর বিশ্বাস, স্পিনারদেরও সেখান থেকে কিছু পাওয়ার থাকবে। তবে সে জন্য প্রয়োজন মনে করছেন সঠিক চিন্তাভাবনার, ‘যেহেতু অস্ট্রেলিয়ায় কন্ডিশনটা কঠিন, লাইন-লেংথ নিয়ে সতর্ক থাকতে হবে। ম্যাচ পরিস্থিতি চিন্তা করে বল করতে হবে।’ সেটা করতে পারলে বাংলাদেশ দলের স্পিনারদের ভালোই সম্ভাবনা দেখছেন তিনি, ‘অফ স্পিনার আমি আর নাসির আছি। বাঁহাতি স্পিনার আছে সাকিবসহ তিনজন। আমি বলব আমাদের স্পিন কম্বিনেশনটা ভালো। পেসাররা ভালো একটা শুরু এনে দিতে পারলে আমরা স্পিনাররা রানের চাকাটা আটকে রাখতে পারব।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য শেষ আটে যাওয়া। তবে সেটার জন্য পুরো টুর্নামেন্টেই ভালো খেলাটা জরুরি বলে মানেন মাহমুদউল্লাহ। তবে আপাতত তাঁর দৃষ্টি আফগানিস্তানের বিপক্ষে ১৮ ফেব্রুয়ারির প্রথম ম্যাচে, ‘বিশ্বকাপে ভালো করার ব্যাপারে দলের সবাই খুব আত্মবিশ্বাসী। আমার মনে হয় প্রথম ম্যাচে ইতিবাচক ফল দিয়ে শুরু করতে পারলে আমাদের জন্য লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।’
সেই লক্ষ্য আপাতত কোয়ার্টার ফাইনাল হলেও ক্রিকেটারদের একটু চেষ্টা, ভালো করার আকাঙ্ক্ষা বাড়িয়ে দিতে পারে পরিধি।