মাহমুদউল্লাহর আরেকটি শতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি সেঞ্চুরি পেলেন মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো।
আরও একটি সেঞ্চুরি পেলেন মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো।

সানজিত সাহাকে পয়েন্টে কাট করেই তিন অঙ্ক ছুঁলেন মাহমুদউল্লাহ। বিকেএসপিতেই নিজেদের আগের ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) সঙ্গে শেখ জামাল ধানমন্ডি অধিনায়ক খেলেছিলেন ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস। আজ একই মাঠে ব্রাদার্সের বিপক্ষেও পেলেন সেঞ্চুরি। বিকেএসপি যেন প্রিয় মাঠই হয়ে উঠেছে তাঁর! প্রিমিয়ার লিগে যে দুটি সেঞ্চুরি করেছেন, দুটিই একই মাঠে। তাঁর ১০৭ রানের অনবদ্য ইনিংসের সুবাদে শেখ জামাল করেছে ২৫২ রান।
কাল বিকেলে প্রবল বৃষ্টির কারণে মাঠ তৈরি হতে খানিকটা দেরি হওয়ায় ব্রাদার্স-শেখ জামালের ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর। প্রথমে ব্যাট করা শেখ জামাল ৫২ রানে হারিয়ে ফেলে ২ উইকেট। সিসিএসের বিপক্ষে ম্যাচটির মতোই আজও মার্শাল আইয়ুব-মাহমুদউল্লাহ তৃতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নেন।
নাবিল সামাদের বলে মার্শাল ডিপ মিড উইকেটে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত হলে এই জুটি ভাঙে ১১৯ রানে। মার্শাল করেন ৮৪ বলে ৫৪ রান। মাহমুদউল্লাহ অবশ্য ধৈর্যের পরিচয় দিয়ে উইকেটে থাকেন আরও অনেকক্ষণ।
৭২ বলে হাফ সেঞ্চুরি করলেও শেখ জামাল অধিনায়ক সেটি তিন অঙ্কে রূপ দিতে খেলেছেন ৩৯ বল। বাউন্ডারির চেয়ে এক-দুই রানেই বেশি মনোযোগ ছিল মাহমুদউল্লাহর। বাউন্ডারি থেকে তুলেছেন ৩৮ রান, বাকি ৬৮ দৌড়ে। মিলিন্দ কুমারকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হলে সমাপ্ত ঘটে তাঁর অসাধারণ ইনিংসটির।
ব্রাদার্সের রানটা আরও বড়ই হতে পারত। কিন্তু শেষ ৩ ওভারে হুটহাট উইকেট পড়ায় তা হয়নি। এ সময় ৪ উইকেটে তারা তুলতে পেরেছে ২৫ রান।
২৫৩ রান তাড়া করতে নেমে ব্রাদার্সের জবাবটা দারুণ হচ্ছে। ৩০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে তারা তুলে ফেলেছে ১৪৫ রান। ইমরুল কায়েস অপরাজিত আছেন ৬২ রানে। তুষার ইমরান ফিরেছেন ৫৫ রান করে। শাহরিয়ার নাফীসের ব্যাট থেকে এসেছে ২০।
শেখ জামালের পক্ষে শফিউল ইসলাম ও সোহাগ গাজী তুলে নিয়েছেন একটি করে উইকেট।