মাহমুদউল্লাহর আসল পরীক্ষা
আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহ নিয়মিত অধিনায়কত্ব করছে খুব বেশি দিন হয়নি। তবে ঘরোয়া ক্রিকেট থেকে যদি শুরু করি, অধিনায়ক হিসেবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাকে বিপিএলেই আকৃষ্ট করেছে। আমার চোখে সে একজন বিচক্ষণ অধিনায়ক।
তবে আপনি যত প্রতিভাবান অধিনায়কই হোন না কেন, সাফল্য না পেলে মানুষ অধিনায়ক হিসেবে আপনাকে মনে রাখবে না। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ এখন পর্যন্ত সফল। তবে তার নেতৃত্বের আসল পরীক্ষাটা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এটা মানতেই হবে, মাহমুদউল্লাহর মধ্যে যে নেতৃত্বগুণ আছে, সেটা আমরা অনেক দেরিতে বুঝতে পেরেছি। আমি মনে করি, আরও বছর পাঁচেক আগেই সে অধিনায়ক হওয়ার যোগ্য হয়ে উঠেছিল। কিন্তু নেতৃত্বগুণ থাকলেই তো একজনকে অধিনায়ক বানিয়ে দেওয়া যায় না; দলে তার জায়গাটাও পাকা হতে হয়। মাহমুদউল্লাহর সেখানে সমস্যা ছিল। অথচ তিন সংস্করণের দলেই তার জায়গা পাকা হয়ে যাওয়ার কথা ছিল আরও ৪ থেকে ৫ বছর আগে।
২০১৫ থেকে এই ২০২১ সাল পর্যন্ত মাহমুদউল্লাহ তিন সংস্করণেই আমাদের দলে অপরিহার্য ছিল। টেস্টে অভিজ্ঞতা তাকে এগিয়ে নিত। ওয়ানডেতেও নিজেকে সে প্রমাণ করেছে অনেকবার। আর টি-টোয়েন্টিতে তো আমরা দেখছিই ও কী করতে পারে। এখন সে টি-টোয়েন্টি দলের অধিনায়কও।
আমাদের ঘরোয়া ক্রিকেটে যে দীর্ঘ পরিসরের ক্রিকেট হয়, সেটা কোনো পর্যায়ের মধ্যেই পড়ে না। এখানে খেলে কেউ দীর্ঘ পরিসরের ক্রিকেটে খুব ভালো খেলোয়াড় হতে পারবে না। যারা বাংলাদেশ দলের হয়ে বেশি টেস্ট খেলেছে, তারা কিন্তু বছরের পর বছর অনুশীলন করে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেই পরিপক্ব হয়েছে। যখন বলা হলো যে মাহমুদউল্লাহর টেস্টে কিছু দেওয়ার নেই, সেটা তাই আমার কাছে ছিল বিস্ময়কর। সে জন্যই হয়তো জিম্বাবুয়েতে নিজেকে আরও একবার প্রমাণ করে সে মনের কষ্টে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছে।
আমার দৃষ্টিতে মাহমুদউল্লাহ কখনোই টেস্ট দল থেকে বাদ পড়ে না। এর পেছনে দুটি যুক্তি। প্রথমত, টেস্টে সে যেখানে ব্যাট করে, যেখানে একজন অভিজ্ঞ ও পরিণত ব্যাটসম্যানই দরকার। দ্বিতীয়ত অভিজ্ঞতা।
২০১৫ সালে আমি যখন প্রধান নির্বাচক ছিলাম, ওয়ানডেতে মাহমুদউল্লাহকে তুলে আনা হলো চার নম্বরে। সেখানে সে দুর্দান্ত পারফরম করল। বিশ্বকাপে গিয়ে সেঞ্চুরি করল। এরপর কী হলো জানি না, আমরা ভালো সম্ভাবনাটাকে নষ্ট করে ফেললাম। হয়তো সে ওই জায়গায় অনেক বছর ভালোভাবে থাকতে পারত। কিন্তু সেটা হলো না, সে আবার পেছনে চলে গেল।
হয়তো মাহমুদউল্লাহরও সে রকমই ইচ্ছা ছিল। এখানেই ম্যানেজমেন্টের দায়িত্ব। একজন খেলোয়াড়কে বোঝাতে হবে যে তোমার পক্ষে এটা করা সম্ভব। কোচ যখন শুরুতে ওকে চারে খেলাতে চাইল, মাহমুদউল্লাহ হয়তো অতটা স্বস্তিতে ছিল না। কিন্তু পরে আমরা দেখেছি, সে ওই জায়গায় ভালো শুরু করেছিল। খেলোয়াড়দের দিয়ে মাঝেমধ্যে এ রকম জোর করে এটা-ওটা করাতে হয়।
মাহমুদউল্লাহকে দায়িত্ব দেওয়ার আগে আমরা তিনটি বছর টি-টোয়েন্টির অধিনায়ক খুঁজে বেড়িয়েছি। আমার মনে হয় তখনই মাহমুদউল্লাহকে দায়িত্ব দিলে এত দিনে সে অধিনায়ক হিসেবে আরও পরিণত হয়ে যেত। যাঁরা এসবের দায়িত্বে আছেন, তাঁরা এটা বুঝলে ভালো করতেন। হ্যাঁ, একজন খেলোয়াড় যদি দলে আসা-যাওয়ার মধ্যে থাকে, তাহলে তাকে অধিনায়ক হিসেবে ভাবা যায় না। টিম ম্যানেজমেন্ট কখনো ও তিন সংস্করণে খেলবে ধরে নিতে পারেনি বলেই তাকে অধিনায়ক হিসেবেও ভাবতে পারেনি। কিন্তু আমার মতে, যারা আমাদের হাতে ছিল, তাদের মধ্যে মাহমুদউল্লাহই হতে পারত সেরা পছন্দ।
বিশ্বকাপের প্রাক্মুহূর্তটা হয়তো সমালোচনার উপযুক্ত সময় নয়। তার পরও কিছু কথা না বলে থাকতে পারছি না। বাংলাদেশ দল নিয়ে বেশির ভাগ চিন্তাভাবনাই আমার কাছে এখন অদূরদর্শী মনে হয়। আমরা একবার একটা পার্টস লাগাই, সেটা কাজ করে না। তখন আরেকটা পার্টস লাগিয়ে দেখি কাজ করে কি না। কোন পার্টস কোন নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে, সে চিন্তা করার ক্ষমতাই যেন আমাদের নেই! এর একটা কারণ দল নিয়ে চিন্তা করার লোক অপ্রয়োজনীয়ভাবে বেশি। ১০ থেকে ১২ জন মিলে যদি দল কি হবে ভাবতে থাকে, তাহলে আসলে কিছুই দাঁড়াবে না।
টি-টোয়েন্টির অধিনায়কত্বে সাকিবের ওপর কিছুটা নির্ভরতা মাহমুদউল্লাহর। আমি এটাকে ইতিবাচকভাবেই দেখি। সাকিব টি-টোয়েন্টিতে আমাদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এবং তার ক্রিকেট মস্তিষ্কও অসাধারণ। সাকিবের মতো একজন দলে থাকলে যেকোনো অধিনায়কই চাইবে তার সাহায্য নিতে। তবে কারও কাছ থেকে পরিস্থিতির প্রয়োজনে বুদ্ধি-পরামর্শ নিলেও চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে হবে অধিনায়ককেই, মানে মাহমুদউল্লাহকে। আমার ধারণা মাহমুদউল্লাহ সেটাই করে।
এর অন্য একটা দিকও অবশ্য আছে। সাকিব একজন আত্মবিশ্বাসী বোলার। ম্যাচের কোনো ক্রান্তিলগ্নে হয়তো সে এসে মাহমুদউল্লাহর কাছ থেকে বোলিং চাইতে পারে। ও ভাবতে পারে, ওই সময় বল হাতে নিয়ে সে সফল হবে। কিন্তু চাইলেই সাকিবকে বোলিং দেবে কি না, সে সিদ্ধান্ত নিতে হবে মাহমুদউল্লাহকে। কিন্তু সিদ্ধান্ত নিতে গিয়ে অধিনায়ককে এটাও মাথায় রাখতে হবে, তার সেরা খেলোয়াড়টি যেন মনে আঘাত না পায়, হতাশ না হয়ে পড়ে। সে জন্য সবার সঙ্গেই অধিনায়ককে বেশি বেশি কথা বলতে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক মাহমুদউল্লাহর কাছে আমার প্রথম চাওয়া—ও যেন তার দলের শক্তিমত্তা ও দুর্বলতাটা তাড়াতাড়ি বুঝে নেয়। অবশ্য এত দিনে তার সেটা বুঝে যাওয়ারও কথা। আর তাহলেই মাঠে মাহমুদউল্লাহর পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
দ্বিতীয় রাউন্ডে গেলে শারজায়ও আমাদের খেলা থাকবে। যতটুকু বুঝি, ওখানকার উইকেট কিছুটা আমাদের উইকেটের মতোই। বল ধীরে আসে, নিচু হয়, টার্ন হয়। কিন্তু সমস্যা হলো শারজায় আমরা খেলব আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচগুলো অন্য দলের সঙ্গে হলে ভালো হতো।
এসব ক্ষেত্রে ওর দলের সমন্বয়টা কেমন হবে, দলের সেরা দুই বোলার সাকিব ও মোস্তাফিজকে কীভাবে ব্যবহার করবে, অধিনায়ককে এগুলো আগে থেকে চিন্তা করে রাখতে হবে। নতুন বলে মেহেদী হাসান ভালো বোলার, ওকে কীভাবে কাজে লাগানো যায়, সেটাও ভাবতে হবে।
আমি মনে করি টি-টোয়েন্টিতে এই মুহূর্তে বাংলাদেশের শক্তির জায়গা বোলিং। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজ দেখে এটা বলছি না। দলটাকে সার্বিকভাবে মূল্যায়ন করেই বলছি—ব্যাটিংয়ের চেয়ে এই দলের বোলিং বেশি শক্তিশালী। আমাদের যে ব্যাটিং লাইনআপ, খুব ভালো উইকেট হলেও আমরা হয়তো ১৭০ থেকে ১৭৫ রানই করব। আর উইকেট ভালো না হলে পরিস্থিতি অনেক খারাপও হতে পারে। কোন উইকেটে কোন কৌশলটা কাজে দেবে, অধিনায়ক মাহমুদউল্লাহকে সেটাও বুঝতে হবে।
শেষ করার আগে আমার মনের মধ্যে বাজতে থাকা একটা সম্ভাবনার কথা বলি। কেন জানি মনে হয়, এই বিশ্বকাপে আমরা মাঝামাঝি কিছু করব না। হয় খুব ভালো করব, অথবা একদমই হতাশাজনক কিছু হবে। তবে দ্বিতীয়টি আমরা কেউই চাইব না। মাহমুদউল্লাহ নেতৃত্বের প্রমাণ দিয়ে আমাদের গৌরবান্বিত করবে, এটাই বিশ্বকাপে আমার চাওয়া।
ফারুক আহমেদ: জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান িনর্বাচক