মাহমুদউল্লাহর একটু স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ

ক্রিকেট এখন মাহমুদউল্লাহর ঘরেও ঢুকে পড়েছে। মুশফিকুর রহিম বিয়ে করছেন তাঁর শ্যালিকাকে। এ মাসেই বিয়ের আনুষ্ঠানিকতা সারলে তাঁদের সম্পর্কটা হয়ে যাবে ভায়রা ভাইয়ের। জাতীয় দলে দুজনে আবার অনেক দিন থেকেই ঘনিষ্ঠ সতীর্থ। শ্বশুরবাড়িতে মাহমুদউল্লাহ বড় জামাতা, তবে মাঠে তাঁকে খেলতে হচ্ছে অধিনায়ক মুশফিকের অধীনে।
সব মিলিয়ে মুশফিক-মাহমুদউল্লাহর সম্পর্কটা এখন নানামুখী। আত্মীয়তা, সতীর্থ, ঘনিষ্ঠ বড় ভাই-ছোট ভাই—সব মিলেমিশে একাকার। এ ধরনের পরিস্থিতি যে সব সময় সুখকর নয়, তা মুশফিক-মাহমুদউল্লাহ দুজনই টের পেয়েছেন গত কিছুদিন। মাহমুদউল্লাহর ফর্মটা বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছিল। তার পরও তাঁর দলে থাকা নিয়ে যখন প্রশ্ন ওঠে, সেই প্রশ্নে জড়িয়ে ফেলা হয় মুশফিককে। হবু ভায়রা ভাই জাতীয় দলের অধিনায়ক, সে জন্যই নাকি খারাপ খেলেও দলে থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ!
পরশু ৬৬ রানের ইনিংসে সেন্ট ভিনসেন্ট টেস্টটাকে পঞ্চম দিনে নিয়ে যাওয়ায় মাহমুদউল্লাহ রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আর তাতে কিছুটা হলেও জবাব দিতে পেরেছেন সমালোচনার। মজার ব্যাপার হলো, এই জবাব দেওয়াতেও তিনি সঙ্গী হিসেবে পেয়েছেন হবু ভায়রা মুশফিককে! পঞ্চম উইকেটে দুই কুটুমের ১৩০ রানের জুটিতেই টেস্টটা পঞ্চম দিনে নিতে পেরেছে বাংলাদেশ দল। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা মাহমুদউল্লাহ নিশ্চয়ই এবার একটু স্বস্তি পাবেন।
পরশু চতুর্থ দিনের খেলা শেষে মাহমুদউল্লাহ কথাটা বললেনও, ‘আমি মানসিকভাবে বেশ হতাশ ছিলাম। এখন কিছুটা ভালো। তবে আজকে (পরশু) সুযোগ ছিল লম্বা ইনিংস খেলার। দুর্ভাগ্যজনকভাবে হয়নি।’ হতাশা আর অস্বস্তির একটা বড় কারণ মুশফিকের সঙ্গে তাঁর নতুন আত্মীয়তাকে মিশিয়ে জমে ওঠা আলোচনাটাই। তবে মাহমুদউল্লাহ স্পষ্ট করতে চাইলেন, আত্মীয়তা এবং পেশা দুটো সম্পূর্ণই আলাদা ব্যাপার তাঁদের কাছে, ‘কেউ এভাবে চিন্তা করলে আমার কিছু করার নেই। আমি তো কারও চিন্তা পরিবর্তন করতে পারব না। তবে আমরা মাঠে পেশাদার ক্রিকেটার। আমরা আমাদের কাজটাই আগে দেখি। পারিবারিক সম্পর্কের কোনো প্রভাব মাঠে নেই।’
ব্যাপারটা নিয়ে নানা রকম মন্তব্য মাহমুদউল্লাহর কানেও যায় এবং তাতে তিনি যথেষ্ট বিব্রতও হন। তা থেকে মুক্তি পেতে পরিষ্কার করে দিতে চাইলেন আরেকটা ব্যাপার, ‘ইনশা আল্লাহ যত দিন খেলব আমার পারফরম্যান্স দিয়েই খেলব। পারফর্ম না করলে কেউই আমাকে দলে রাখবে না।’ তবে মুশফিককে নিয়ে আলোচনাটা বাদ দিলে বাদবাকি সমালোচনা মেনে নিতে আপত্তি নেই তাঁর, ‘আমি খারাপ খেলছিলাম। সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। এসব বন্ধ করতে আমাকে পারফর্ম করতে হবে।’
মাহমুদউল্লাহর খারাপ সময় যাচ্ছিল গত এক বছরেরও বেশি সময় ধরে। ২০১৩ সালের ৮ মে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৭৫ রান করার পর ১৪টি ওয়ানডেতে ফিফটি নেই একটিও। টেস্টে বাজে সময়ের শুরু আরও আগে থেকে। ২০১২ সালের নভেম্বরে খুলনা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৬ রান করেছিলেন। এরপর ফিফটি নেই আট ইনিংসে, সর্বোচ্চ ইনিংস গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৩০। এমনিতে ৬৬ রান টেস্টে এমন কিছু নয়, তবে গত কিছুদিন মাহমুদউল্লাহ রান করতে ভুলে যাওয়ায় এটিই হয়ে উঠছে বিরাট কিছু। ইনিংসটিকে সত্যি সত্যিই ‘বিরাট’ কিছুতে পরিণত করার সুযোগও পেয়েছিলেন। ৫৩ রানে এমন সহজ এক ক্যাচ তুলে দিয়েছিলেন যে বগলে ব্যাট নিয়ে ড্রেসিংরুমের দিকে রওনা দিয়ে দিয়েছিলেন। কার্ক এডওয়ার্ডস অবিশ্বাস্যভাবে ফেলে দেন সেই ক্যাচ। কিন্তু পুনর্জন্ম পেয়ে ১৩ রানের বেশি যোগ করতে পারেননি মাহমুদউল্লাহ।
ক্যাচ পড়াটা খেলারই অংশ, সমালোচনা যেমন অংশ একজন ক্রিকেটারের ক্যারিয়ারের। তার পরও সমালোচনার তির যখন ঘর পর্যন্ত ছুটে আসে, মাহমুদউল্লাহর মতো কারও খারাপ লাগতেই পারে। সেই খারাপ লাগাকে বুকে চেপে ধরেই এগোতে হয় সামনে, অপেক্ষা করতে হয় সুন্দর দিনের। মাহমুদউল্লাহ যেমন বলেন, ‘এ ধরনের কথাবার্তা হওয়াটা আমার জন্য দুর্ভাগ্যজনক। এটা আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তবে খারাপ লাগাটা তো আমার মধ্যে থাকবেই।’
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৮৪/৭ ডি
বাংলাদেশ ১ম ইনিংস: ১৮২
বাংলাদেশ ২য় ইনিংস
রান বল ৪ ৬
তামিম ব বেন ৫৩ ১০৭ ৪ ৩
শামসুর ক রামদিন ব রোচ ৪ ৮ ১ ০
ইমরুল ক এডওয়ার্ডস ব গেইল ২৫ ৭২ ৪ ০

মুমিনুল ক রামদিন ব বেন ১২ ২৬ ২ ০
মাহমুদউল্লাহ ক রামদিন ব রোচ ৬৬ ১৫১ ৭ ১
মুশফিকুর ক ব্রাভো ব টেলর ১১৬ ২৪৩ ১৫ ১
নাসির ক গ্যাব্রিয়েল ব রোচ ১৯ ৫০ ৩ ০
শুভাগত এলবিডব্লু ব রোচ ০ ৪ ০ ০
তাইজুল ব গ্যাব্রিয়েল ০ ৭ ০ ০
রুবেল ব গ্যাব্রিয়েল ০ ২ ০ ০
আল আমিন অপরাজিত ০ ১২ ০ ০
অতিরিক্ত (বা ১২, লেবা ৪, ও ২, নো ১) ১৯
মোট (১১৩.৩ ওভারে, অলআউট) ৩১৪
উইকেট পতন: ১-১১ (শামসুর, ৩.২), ২-৮১ (ইমরুল, ২৫.৩), ৩-১০৪ (মুমিনুল ৩২.২), ৪-১০৭ (তামিম, ৩৬.৪), ৫-২৩৭ (মাহমুদউল্লাহ ৮৭.৩), ৬-২৭৯ (নাসির, ১০৩.৩), ৭-২৯১ (শুভাগত, ১০৫.১), ৮-২৯২ (তাইজুল, ১০৬.৪), ৯-২৯২ (রুবেল ১০৬.৬)।
বোলিং: টেলর ১৭.৩-৩-৬৪-১, রোচ ২২-৬-৬৪-৪ (ও ১), গ্যাব্রিয়েল ১৭-৯-২৫-২ (ও ১), ব্ল্যাকউড ১২-১-৫১-০, বেন ২৮-৮-৪৪-২ (নো ১), গেইল ১৭-৩-৫০-১।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস (লক্ষ্য ১৩ রান)
গেইল অপরাজিত ৯ ১০ ২ ০
ব্রাফেট অপরাজিত ৪ ৬ ১ ০
মোট (২.৪ ওভারে, বিনা উইকেটে) ১৩
বোলিং: আল আমিন ১.৪-০-৯-০, তাইজুল ১-০-৪-০।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ক্রেইগ ব্রাফেট