মাহমুদউল্লাহর জন্য জিততে চাইবে বাংলাদেশ

একে তো ঠেকার নেতৃত্ব এসে ভর করেছে কাঁধে। তার ওপর মাঠও ছাড়তে পারছেন না হাসিমুখে। চট্টগ্রামের ‘মরা’ পিচের টেস্ট থেকে তবু ড্র নিয়ে ফেরা গেছে। এর পর থেকেই ম্যাচ শেষে মাহমুদউল্লাহ পরাজিত দলের অধিনায়ক। তাঁর ক্লান্ত-বিধ্বস্ত চেহারাই দেখছে সবাই।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের অভিষেকটা অন্তত জয়ের রঙে রঙিন হয়ে উঠুক-অধিনায়কের কথায় কাল বারবার ফুটে উঠেছে এই আকুতি। সিরিজের সব ম্যাচই জেতার জন্য খেলেছেন, খেলবেন আজও। সেই জয় বাংলাদেশ দলের জন্য তো বটেই, ক্লান্ত মাহমুদউল্লাহর জন্যও হবে বড় প্রাপ্তি। অধিনায়ক হিসেবে নয়তো যে তাঁকে খালি হাতেই ফিরতে হবে!
কাল সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠলেও এ নিয়ে মাহমুদউল্লাহর ভাবনা একটু ভিন্ন বলেই মনে হলো। যেটা পাননি সেটা নিয়ে না ভেবে যেটা পেয়েছেন সেটা নিয়ে থাকতেই বেশি পছন্দ অধিনায়কের, ‘যখন আমার জন্য কোনো সুযোগ আসে, আমি সেটা নেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমি মনে করি, এটাও দারুণ একটা সুযোগ, দারুণ গর্বের বিষয়। প্রত্যেকটা খেলোয়াড়ের জীবনেই এটা দারুণ সুযোগ। আমি সুযোগটা পেয়েছি এবং আশা করি, আমার সেরাটা পরের ম্যাচে আরেকবার দিতে পারব।’
সব ঠিক থাকলে সাকিব আল হাসান ফিরছেন শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে। সে বিচারে ‘অধিনায়ক’ মাহমুদউল্লাহর অধ্যায় এ দফা এখানেই শেষ। তাঁর শেষটাকে স্মরণীয় করে রাখার উপলক্ষ হতে পারে আজকের ম্যাচ। বিপিএলের অভিজ্ঞতা বলছে, সিলেটের উইকেটে রান তাড়া করাটাই সহজ। তবে মাহমুদউল্লাহ উইকেটের ব্যাপারে কালই কোনো উপসংহারে যেতে চাননি, ‘সব নির্ভর করছে উইকেট আমরা কেমন পাচ্ছি তার ওপর। উইকেটের অবস্থাটা বিবেচনা করব। টসটাও গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে প্রত্যেকটি বিভাগেই আপনাকে ভালো করতে হবে। ব্যাটিং করেন আগে বা বোলিং করেন। কন্ডিশন যদি একটু ভিন্ন থাকে তাহলে টসের ইস্যুতে বিবেচনার বিষয় থাকে।’
মিরপুরে যেদিন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর অভিষেক হলো, সেদিন আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়েছে চারজনের। কিন্তু এক নাজমুল ইসলাম অপু ছাড়া অধিনায়ককে ভালো কিছু উপহার দিতে পারেননি কেউই। অমিত সম্ভাবনার ফানুস উড়িয়ে ‘বড়দের ক্রিকেট’-এ এসে প্রথম সুযোগে দাগ কাটতে পারেননি আফিফ হোসেন-জাকির হাসানরা। আরিফুল তো বলতে গেলে ব্যাটিংয়েরই সুযোগ পাননি। তবু প্রকৃত নেতার মতো মাহমুদউল্লাহ ছাতা মেলে ধরলেন নতুনদের ওপর, ‘আন্তর্জাতিক মঞ্চে এসে পারফরম করা মোটেই সহজ ব্যাপার নয়। তবে তাদের সামর্থ্য আছে। আমি যদি এখন ওই বিষয় নিয়ে কোনো মন্তব্য করি, মনে হয় না এটা তাদের জন্য ঠিক হবে। ইনশা আল্লাহ, ওরা আরও অনেক বছর ক্রিকেট খেলবে, বাংলাদেশকে দেওয়ারও অনেক সময় আছে। এ জন্যই ওরা দলে জায়গা করে নিয়েছে।’
শেষ টি-টোয়েন্টি ম্যাচটি এখন সান্ত্বনার উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে। টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজের জ্বালা জুড়ানোর জন্যই একটা জয় আজ বড় বেশি প্রয়োজন বাংলাদেশের। নতুনদের জন্য সে উপলক্ষটা তো আরও বড়। অধিনায়কের কথাগুলো প্রমাণ করে দেখানোর আরেকটা সুযোগ যে করে দিচ্ছে এই ম্যাচ! ম্যাচটা বিশেষ উপলক্ষ হতে পারে মাহমুদউল্লাহর জন্যও। অধিনায়কত্বের শেষ ম্যাচে একটা জয় তো পেতেই পারেন তিনি!