মাহমুদউল্লাহর ব্যাটে আবার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান সিরিজটা ভালো কাটেনি। তবে কাল বিসিএলে রানে ফিরলেন মাহমুদউল্লাহ, মধ্যাঞ্চলের হয়ে খেললেন ১১৩ রানের ইনিংস l প্রথম আলো
পাকিস্তান সিরিজটা ভালো কাটেনি। তবে কাল বিসিএলে রানে ফিরলেন মাহমুদউল্লাহ, মধ্যাঞ্চলের হয়ে খেললেন ১১৩ রানের ইনিংস l প্রথম আলো

আগের রাতের বৃষ্টির সৌজন্যে রৌদ্রের খরতাপ ততটা ছিল না। মৃদুমন্দ বাতাস দারুণ ক্রিকেটীয় আবহে অনূদিত করল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবেশকে। হলে কী হবে, সকালবেলাতেই যে উত্তপ্ত উনুনে পড়ল ওয়ালটন মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা! শেষ বিকেলেও সেই একই জ্বালা। বরং যখন সূর্য ছিল মধ্যগগনে, ওই সময়ই সবচেয়ে শান্তিময় পরিবেশ বিরাজ করল ড্রেসিংরুমে। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মধ্যাঞ্চলের ইনিংস যে তখন অনেকটাই সফল! নায়ক মাহমুদউল্লাহ, পার্শ্বনায়ক মার্শাল আইয়ুব।

আট বলের মধ্যেই দুই ওপেনার নেই। স্কোরবোর্ডে তখনো শূন্য। ১৮ রানে তৃতীয় উইকেট পড়েছে, ৬২ রানে চতুর্থ। মাঝ উইকেটে মধ্যাঞ্চল তখন একজন ত্রাণকর্তা খুঁজছে। মাহমুদউল্লাহ নিলেন সেই দায়িত্ব। নেমেছেন শূন্য রানে ২ উইকেট পড়ার পর। উত্তরাঞ্চলের তাইজুলের বলে মিড অফে মুক্তার আলীর ক্যাচ হয়ে আউট হলেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। ততক্ষণে মাহমুদউল্লাহর রান ১১৩, মার্শাল আইয়ুবের সঙ্গে পঞ্চম উইকেটে ১৪৮ রানের জুটিতে দলের স্কোর ২১০।

শেষ সেশনের আরেকটা ঝড়ে আবারও পথ হারায় মধ্যাঞ্চল। মাহমুদউল্লাহর আউট দিয়েই শুরু। ৪২ রানে পড়েছে ৪ উইকেট। এই ধ্বংসযজ্ঞের মূলে বাঁহাতি স্পিনার তাইজুল। ৪টি উইকেটও তাঁর। তাইজুল বলও করেছেন অনেক। ৯০ ওভারের ৩১ ওভারই করেছেন তিনি, রান দিয়েছেন ১০৬।

মাহমুদউল্লাহর রানে ফেরাটা ভারত সিরিজের আগে বড় এক সুসংবাদ। বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি করে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন। পাকিস্তান সিরিজে একরাশ হতাশা উপহার দিয়ে তিন ওয়ানডেতে করলেন ৫, ১৭ ও ৪। দুই টেস্টের চার ইনিংসে ৪৯, ৪০, ২৮ ও ২। ভালো সময়ে থেকে হঠাৎ এলোমেলো হয়ে যাওয়ার অভিজ্ঞতা তাঁর আগেও হয়েছে। পাকিস্তান সিরিজের পারফরম্যান্স সেই শঙ্কা জাগাচ্ছিল আবারও। তবে বিসিএল শুরুর দুই দিন আগে একটা প্রতিজ্ঞার কথা শুনিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। খারাপ সময় এবার আর লম্বা হবে না। ফিরে আসবেন ভারত সিরিজে। কালকের সেঞ্চুরি হয়তো সেই প্রত্যাবর্তনেরই পূর্বাভাস।

২১০ বলে ১১৩ রান। দুই ছক্কা, ১১ বাউন্ডারি—শুধু এটুকু রঙেই মাহমুদউল্লাহর ইনিংসের পুরো সৌন্দর্য ফুটিয়ে তোলা কঠিন। কঠিনতম পরিস্থিতির দাবি মিটিয়ে শুরু থেকেই তাঁর ব্যাট ছিল দারুণ দায়িত্বশীল। মার্শালকে সঙ্গী হিসেবে পেয়ে যেন উজ্জীবিত হলেন আরও। ১০১ বলে ফিফটির পর প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরিটি এল ১৬৯ বলে। এমন একটা ইনিংস খেলার পর তাঁর প্রতিক্রিয়া জানতে স্বাভাবিকভাবেই আগ্রহী ছিল সংবাদমাধ্যম। কিন্তু মাহমুদউল্লাহ তাঁদের সামনে আসেননি। ড্রেসিংরুম থেকে একজনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ভারত সিরিজের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না।

মার্শাল আইয়ুব ক্যারিয়ারের তিন টেস্টের সর্বশেষটি খেলেছেন গত বছর জানুয়ারিতে। শুরু খুব খারাপ ছিল না। তারপরও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামটা আপাতত সম্ভাবনা জাগিয়েও পথ হারানোদের তালিকায়। সময় ভালো যাচ্ছিল না ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও। সর্বশেষ জাতীয় লিগে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরির পর কালকের আগে নয় ইনিংসে মাত্র একটি ফিফটি। কাল সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে তাইজুলের বলে এলবিডব্লু হয়ে অবশ্য আক্ষেপ নিয়েই ফিরেছেন।

মধ্যাঞ্চলের শেষবেলার হতাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে দিনের খেলার ২৩ বল বাকি থাকতে মার্শালের আউট। তাঁর অন্ধকার মুখের ছায়া যেন ছড়িয়ে পড়ল পুরো ড্রেসিংরুমেই।

নাফীস-মিঠুনকে সেঞ্চুরির হাতছানি

পূর্বাঞ্চল না দক্ষিণাঞ্চল—তৃতীয় বিসিএলের শিরোপা উঠবে কাদের হাতে, সেটারই মীমাংসা হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বৃষ্টির কারণে দুপুর ১২টা ২০ মিনিটে শুরু প্রথম দিনের খেলা শেষে হাসিটা বিস্তৃত বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলেরই। ৮০ রানের উদ্বোধনী জুটির পর দলের ১১১ রানের মধ্যে ড্রেসিংরুমে ফিরেছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হক। দিন শেষে ওই ২ উইকেটেই দলের রান ২৭২। সেঞ্চুরির স্বপ্ন দেখছেন দুই অপরাজিত ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৬১ রানের জুটি গড়ে উইকেটে আছেন শাহরিয়ার নাফীস (৭৯*) ও মোহাম্মদ মিঠুন (৮৮*)।

সংক্ষিপ্ত স্কোর

উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল, মিরপুর

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭৮/৮ (মাহমুদউল্লাহ ১১৩, মার্শাল ৮৭, শহীদ ২১*; তাইজুল ৪/১০৬, মুক্তার ১/৩০, মাহমুদুল ১/৩৭, দেলোয়ার ১/৩৮)।

দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল, চট্টগ্রাম

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৭০ ওভারে ২৭২/২ (মিঠুন ৮৮*, শাহরিয়ার ৭৯*, ইমরুল ৫৬, এনামুল ৩৯; কামরুল ১/৪৫, সাদিকুর ১/৫৩)।