মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় সকাল
বাংলাদেশের ২০০ পার, মাহমুদুল-মুশফিককে ফিরিয়ে সেশনটা নিউজিল্যান্ডের
এখনো যে উইকেটের ঘরে সংখ্যাটা ৪-ই আছে, বাংলাদেশের বড় স্বস্তি সেটিই। মুমিনুল হক ও মুশফিকুর রহিম দুজনই আউট হতে হতে বেঁচেছেন। মুমিনুল তো একবার আউট হয়েও বেঁচে গেছেন তৃতীয় আম্পায়ারের রিভিউতে বোলারের নো বল ধরা পড়ায়।
তবে মাহমুদুল হাসানের ভাগ্য অত সুপ্রসন্ন হয়নি। দিনের শুরু থেকেই নড়বড়ে মাহমুদুল দিনের চতুর্থ ওভারেই আউট হয়ে গেছেন। তাঁকে হারানোর পরই মুশফিক-মুমিনুলের জুটি ধুঁকতে ধুঁকতেই বাংলাদেশকে ২০০ রান পার করিয়েছে। এরপর আউট হয়ে গেছেন মুশফিকও।
এই প্রতিবেদন লেখার সময় প্রথম সেশন শেষ। বাংলাদেশের রান ৪ উইকেটে ২২০। ৮ রান নিয়ে দিন শুরু করা মুমিনুল অপরাজিত ১৭ রানে। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন দাসের রান ১২। এসেই সাউদির এক ওভারে দারুণ দুটি চার মেরেছেন লিটন।
মাহমুদুল আউট হয়েছেন ৭৮ রান করে। মুশফিক বোল্ড ১২ রান করে। এখনো নিউজিল্যান্ডের চেয়ে ১০৮ রান পিছিয়ে বাংলাদেশ।
মাউন্ট মঙ্গানুইয়ে কাল অসাধারণ একটা দিন কাটানো বাংলাদেশের জন্য আজ তৃতীয় দিন সকালে বড় চ্যালেঞ্জ ছিল, নতুন বল নেওয়ার আগে ১৩ ওভার ভালোভাবে পার করা। ভরসা হয়ে ছিলেন কাল ব্যাট হাতে দারুণ ধৈর্য দেখানো মাহমুদুল।
কিন্তু ৭০ রান নিয়ে দিন শুরু করা মাহমুদুল আজ শুরু থেকেই ছিলেন নড়বড়ে। পা নড়ছিল না, জায়গায় দাঁড়িয়ে শরীর থেকে দূরে শট খেলছিলেন বারবার। পরাস্ত হয়েছেন বেশ কয়েকবার, আউট হওয়ার আগের ওভারেই জেমিসনের অফ স্টাম্পের বাইরের হঠাত উঠে যাওয়া বলে শরীর থেকে দূরে রেখেই ব্যাট চালিয়েছেন, অল্পের জন্য আউট হননি। আউট হওয়ার আগের বলেও নিল ওয়াগনারের বলের লাইনে না গিয়ে শরীর থেকে দূরে রেখে ব্যাট চালিয়েছেন, বল বেশ কিছুক্ষণ বাতাসে ছিল।
কিন্তু পরের বলে আর বাঁচতে পারলেন না। শর্ট লেংথের বলে অলস শটে গালিতে ধরা পড়েছেন নিকোলসের হাতে।
এরপর বেশ নাটক হলো। পরের বলে, অর্থাৎ জেমিসনের করা পরের ওভারের প্রথম বলেই বোল্ড হতে হতে বেঁচেছেন মুমিনুল, ওয়াগনারের বাড়তি বাউন্সের বলে মুশফিকের ব্যাট ছুঁয়ে আসা বল শর্ট লেগে থাকা ফিল্ডার আর বোলারের একটু সামনে পড়ে। তার পরের বলেই অবশ্য দারুণ কাভার ড্রাইভে চার মারেন মুশফিক, সেটি আবার নো-বলও ছিল!
এই নো বলের কারণেই ৭৯তম ওভারে ওয়াগনারের বলে ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে বেঁচে যান মুমিনুল। তৃতীয় আম্পায়ারের রিপ্লেতে ধরা পড়ে নো বল! এর আগে ৭৫তম ওভারের প্রথম বলে বোলার জেমিসনের দিকেই ক্যাচ দিয়েও বেঁচে যান মুমিনুল। নতুন বল নেওয়ার আগে ৮০তম ওভারের শেষ দুই বলেই পরাস্ত হন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
৮৫তম ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম বলে মুমিনুল ২ রান নিলে ২০০-তে পৌঁছায় বাংলাদেশ।
চার ওভার পর এই বোল্টের বলেই আউট মুশফিক। রাউন্ড দ্য উইকেট থেকে বোল্টের স্টাম্প সোজা বলে ফ্লিক করতে গিয়েছিলেন মুশফিক, কিন্তু বল তাঁর ব্যাট আর প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে।