মাহমুদুলের সামর্থ্য জানা ছিল বাংলাদেশ দলের, এবার জানল নিউজিল্যান্ড

অসাধারণ ব্যাটিং করেছেন মাহমুদুলছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হবে’—মাউন্ট মঙ্গানুই টেস্টের আগের দিনই মাহমুদুল হাসানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিনই নাকি টেস্ট অধিনায়ক মাহমুদুলের মধ্যে ভবিষ্যতের এক তারকাকে দেখতে পেয়েছিলেন।

আজ মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন শেষে মেহেদী হাসান মিরাজের প্রশংসাও পেলেন মাহমুদুল। দিন শেষে ২১১ বল খেলে ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুলকে দেখে নাকি মনেই হয়নি তিনি ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলছেন! তাঁর ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ দল দিন শেষ করেছে ২ উইকেটে ১৭৫ রানে।

দিনের খেলা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে মিরাজ বলছিলেন, ‘জয় (মাহমুদুল) অনেক ভালো ব্যাট করেছে, এটা দলের জন্য ইতিবাচক ছিল। সে যে নতুন খেলোয়াড়, এটা ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। খুব ভালো মানিয়ে নিয়েছিল। তাঁর সামর্থ্য নিয়ে আমরা সবাই জানি। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভালো খেলেছে, ঘরোয়াতে ভালো খেলেছে, তারপর জাতীয় দল। তবে মাত্রই শুরু, বাংলাদেশকে তার অনেক কিছু দেওয়ার আছে।’

মিরাজের বোলিংয়েই ৭০ রানে শেষ ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড
ছবি: এএফপি

আগের দিন দাপট দেখানো পেসার শরীফুল ইসলাম আজও শুরুতে উইকেটের দেখা পান। বাকি কাজটা করেছেন স্পিনার মিরাজ। ৩ উইকেট নিয়ে ধস নামান নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারে। তাতেই ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ৩২৮ রানে অলআউট নিউজিল্যান্ড, যা বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বনিম্ন দলীয় স্কোরের তালিকায় দ্বিতীয়।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই দারুণ ব্যাটিং মাজহমুদুলের
ছবি: এএফপি

মিরাজ এ ব্যাপারে বলছিলেন, ‘আমাদের বোলাররা কাল ও আজ ভালো করেছে। বোলারদের মধ্যে শরীফুল ছন্দটা ধরে দিয়েছে। ৩ উইকেট নিয়েছে। ওর উইকেটগুলো গুরুত্বপূর্ণ ছিল। আমরা যখন প্রথমে শুরু করেছিলাম, আমাদের ৫ উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ ছিল।’

তবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল নাজমুল হাসানকে নিয়ে মাহমুদুলে দ্বিতীয় উইকেটে ২৩৯ বলে গড়া ১০৪ রানের জুটি। মিরাজের কথায়, ‘ব্যাটসম্যানরাও খুব ভালো করছে। দ্বিতীয় উইকেট জুটিতে গুরুত্বপূর্ণ ছিল। জয় আর শান্তর (নাজমুল হাসান) জুটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দলের জন্য খুব ভালো হয়েছে। দেখেন, বেশ কিছুদিন ধরে আমরা টপ অর্ডার থেকে থেকে কোনো জুটি পাচ্ছিলাম না। এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’

তবে টেস্টে দাপট অব্যাহত রাখতে হলে তৃতীয় দিনও ভালো ব্যাটিং করতে হবে। মিরাজ শেষ কথায় দিলেন সে সতর্কবার্তা, ‘এখনো আমাদের অনেক কিছু বাকি আছে। আমাদের প্রক্রিয়ার মধ্যে খেলতে হবে।’