মাহমুদের পদত্যাগ-নাটক

ম্যানেজারের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পরশু রাতে ই-মেইল দিয়েছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীসহ বিসিবির আরও কয়েকজন কর্মকর্তাকে। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই সে সিদ্ধান্ত থেকে সরে এলেন খালেদ মাহমুদ। কাল দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে দাঁড়িয়ে জানালেন সিদ্ধান্ত বদলের কথা। ভারত সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার থাকছেন তিনিই।
ব্যাংকের চাকরি থেকে ছুটি নিয়ে আসতে হয় বলে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করলে বিসিবি মাসে ৩ লাখ ১৫ হাজার টাকা বেতন দেয় মাহমুদকে। গত পরশু এ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয় প্রথম আলোর খেলার পাতায়। এ ছাড়া দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে যে পরশু রাতে বিসিবিকে ই-মেইল করেছেন, সেটাও কাল সকালে প্রকাশ হয়ে যায় প্রথম আলো অনলাইনে। বিসিবি থেকে তথ্য বের হয়ে যাচ্ছে, বেতনের অঙ্ক মানুষ জেনে যাচ্ছে, মাহমুদের ক্ষোভের কারণ এসবই। ম্যানেজারের পদ থেকে সরে যেতে চেয়েছিলেন নাকি সেই ক্ষোভ থেকেই।
কাল বিকেলে সাংবাদিকদের মাহমুদ বলেছেন, ‘গতকাল (পরশু) একটা পত্রিকায় একটা প্রতিবেদন ছাপা হয়, যেটা আমার জন্য বিব্রতকরই ছিল। বোর্ডের কিছু কথা বাইরে চলে যাচ্ছে, বোর্ড পরিচালক হিসেবে আমি মনে করি এটা কোনোভাবেই সমীচীন নয়। সে জন্যই অপারগতা প্রকাশ করে বোর্ডকে একটা ই-মেইল করেছিলাম। সেটাও আবার মিডিয়াতে চলে এসেছে।’ তবে ই-মেইলে সরাসরি পদত্যাগের কথা বলেননি বলে দাবি তাঁর, ‘সরাসরি পদত্যাগের কথা বলিনি। অপারগতার কথা বলেছিলাম। বলেছিলাম, এভাবে চললে কাজ চালিয়ে যাওয়া কঠিন হবে আমার জন্য। তবে সে রকম কিছু হচ্ছে না। আমি কাজ চালিয়ে যাব।’ সঙ্গে যোগ করেছেন, তিনি কত টাকা বেতন পান, সংবাদমাধ্যমে সেসব আসা অযৌক্তিক। এসব তথ্য কীভাবে বোর্ডের বাইরে যাচ্ছে, চেয়েছেন সেটার যথাযথ তদন্তও।
জানা গেছে, অপারগতা প্রকাশ করে ই-মেইল দেওয়ায় মাহমুদের ওপর অসন্তুষ্ট হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বিষয়টা মীমাংসার দায়িত্ব দেন বিসিবির সহসভাপতি মাহবুবুল আনামকে। মূলত তাঁর হস্তক্ষেপেই সিদ্ধান্ত থেকে সরে আসেন মাহমুদ। নিজে থেকে সরে যেতে চাওয়ার পরও কেন মাহমুদকে আবার দায়িত্ব পালনে রাজি করানো হলো, এই প্রশ্নের জবাবে কাল রাতে মাহবুবুল আনাম মুঠোফোনে বলেছেন, ‘বাংলাদেশ দল এখন ভালো খেলছে। এ মুহূর্তে খেলার বাইরের কোনো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হোক, আমরা তা চাই না।’ মাহমুদকে এই সিরিজের জন্য কোনো বেতন দেওয়া হবে কি না সেটা তিনি জানেন না বলেই জানিয়েছেন।
মাহমুদের কথায় মনে হলো, ভবিষ্যতে এসব বিতর্কে জড়াতে চান না তিনিও। জাতীয় দলের জন্য একজন স্থায়ী ম্যানেজার নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন। এ কথা অবশ্য বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই শোনা যাচ্ছে। কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাঈমুর রহমান জানালেন, ‘আমরা দ্রুতই একজন বেতনভুক্ত টিম অপারেশনস ম্যানেজার নিয়োগ দেব। তার সঙ্গে প্রতিটি সিরিজেই একজন বোর্ড পরিচালক বা কোনো সিনিয়র ক্রিকেটার টিম ম্যানেজার হিসেবে থাকবেন। তবে টিম ম্যানেজারের কোনো বেতন থাকবে না।’