মায়ের বুকে মুস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় তিন মাস পর আবার ফিরলেন সাতক্ষীরার বাড়িতে। এরই মধ্যে মুস্তাফিজুর রহমানের জগৎ অনেকটাই বদলে গেছে, তোলপাড় ফেলে দিয়েছেন ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের তরুণ পেসারকে এবার নিজভূমে বরণ করে নেওয়া হলো পরম উষ্ণতায় l জাহিদুল করিম
প্রায় তিন মাস পর আবার ফিরলেন সাতক্ষীরার বাড়িতে। এরই মধ্যে মুস্তাফিজুর রহমানের জগৎ অনেকটাই বদলে গেছে, তোলপাড় ফেলে দিয়েছেন ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের তরুণ পেসারকে এবার নিজভূমে বরণ করে নেওয়া হলো পরম উষ্ণতায় l জাহিদুল করিম

ঢাকা থেকে আধঘণ্টার সংক্ষিপ্ত যাত্রা শেষে উড়োজাহাজটি যখন যশোর বিমানবন্দরের রানওয়ে ছুঁল, শত শত চোখ সেদিকে। বিমানের দরজা খোলার পর সেই চোখগুলো যেন এক জায়গায় স্থির হয়ে গেল। ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করলেন যাত্রীরা। কিন্তু সব চোখ তো একজনকেই খুঁজছে। মুস্তাফিজুর রহমান।
প্রতীক্ষার অবসান ঘটতে বেশি সময় লাগেনি। বিমানের পেট থেকে বেরিয়ে এলেন মুস্তাফিজ। আপাতদৃষ্টিতে দেখতে কেতাদুরস্ত অন্য যাত্রীদের তুলনায় যিনি একেবারেই সাধারণ। সাতক্ষীরার এই সাধারণ তরুণই ২২ গজে হয়ে যান অসাধারণ। অভিষেকেই যিনি কাঁপিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট।
ওয়ানডে ও টেস্ট অভিষেকে ম্যাচসেরা হওয়ার ইতিহাস গড়ে তবেই গতকাল বাড়ি ফিরলেন মুস্তাফিজ, তিন মাস পর। তাঁকে এক পলক দেখতে, বরণ করে নিতে জনতার সে কী ব্যাকুলতা! ভোর পাঁচটায় রওনা দিয়ে প্রায় ১২০ কিলোমিটার দূরের তেঁতুলিয়া গ্রাম থেকে তাঁরা এসেছেন মুস্তাফিজকে বরণ করে নেবেন বলে।
মুস্তাফিজ যে-ই না রানওয়ে পেরিয়ে ফটকের সামনে এলেন, নিরাপত্তাকর্মীদের বাধা ধসে পড়ল বালুর বাঁধের মতো! মুহূর্তে সবাই ঘিরে ধরলেন মুস্তাফিজকে। এত মানুষ দেখে নিজেও খানিকটা ভড়কে গেলেন, ‘এত্ত মানুষ কেন? আমি তো রাজনৈতিক নেতা না!’ তবে বহুদিন পর আপন ভুবনের মানুষগুলোকে পেয়ে চোখমুখে খেলে গেল অনির্বচনীয় আনন্দ। ফুলের তোড়া দিয়ে বরণ করা হলো মুস্তাফিজকে।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। মাত্র ৪ ওভার বোলিং করে সেই ম্যাচেই আলোটা কেড়ে নিয়েছিলেন। এরপর কদিনের জন্য বাড়ি ফেরা। ভারত সিরিজের আগে ১৯ মে বাড়ি থেকে আবারও ঢাকায়। এরপর পেরিয়েছে প্রায় তিন মাস। টানা এত দিন কখনোই বাড়ির বাইরে থাকেননি। বিমানে আসতে আসতে পাশে বসা বন্ধু ইব্রাহিমকে আঙুলের কড় গুনে জিজ্ঞেস করেছেন, ‘বাড়ি এলাম কদ্দিন হলো রে?’
বাড়ি ফিরতে মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই ফিরতে চেয়েছিলেন। ফেরার টিকিটও কাটা হয়েছিল ঈদের আগে। কিন্তু আরও একটি আনন্দের সংবাদ পিছিয়ে দিল মুস্তাফিজের বাড়ি ফেরা। ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করার পুরস্কার হিসেবে জায়গা পেলেন টেস্ট দলেও। আবারও জাদু। উপহার দিলেন আরেক প্রস্থ বিস্ময়, চার বলে তিন উইকেট নেওয়ার সেই কীর্তি! অবশেষে মুস্তাফিজের বাড়ি ফেরা। ফেরা মায়ের বুকে।
বাড়ির ছোট ছেলে। আদুরে। মায়েরও সব ভালোবাসা যেন দখল করে আছেন। কিন্তু মায়ের বুকে ফিরতে আরও অপেক্ষা করতে হলো। যশোর থেকে সাতক্ষীরার কালীগঞ্জের তেঁতুলিয়া গ্রামে পৌঁছানোর আগে যে একের পর এক যাত্রাবিরতি। যেন বরযাত্রায় বেরিয়েছে শ তিনেক মানুষ! বাসের ভেতরে, ছাদভর্তি মানুষের অবিরত হর্ষধ্বনি। যেন মিরপুরের গ্যালারি সঙ্গে নিয়ে চলেছেন মুস্তাফিজ। সঙ্গে মাইকে চলছে ধারাবিবরণী। মুস্তাফিজকে নানা বিশেষণে বিশেষায়িত করছেন স্থানীয় ধারাভাষ্যকার পবিত্র।
গাড়িবহরে থাকা সবাই যে মুস্তাফিজের পরিচিত, তাও নন। অনেকেই ব্যক্তিগত জরুরি কাজ ফেলে এসেছেন মুস্তাফিজকে বরণ করতে। তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়ার কথা ছিল। মনিরুল বললেন, ‘এমন সুযোগ কি সব সময় পাওয়া যাবে? ওর সেজো ভাইয়ের সঙ্গে মাছ ধরার জালের সুতো দিয়ে দুই গাছের মাঝে নেট বানিয়ে অনুশীলন করত আমাদের স্কুলের মাঠে। সেই মুস্তাফিজ এখন ক্রিকেট বিশ্বের বিস্ময়। মুস্তাফিজ জীবনে আরও বহুবার বাড়ি ফিরবে। কিন্তু ওয়ানডে-টেস্ট অভিষেকে চমকে দিয়ে এভাবে তো আর ফিরবে না!’
শরীর অসুস্থ থাকার পরও বাড়ি ফেরার পথে হাসিমুখে সইতে হয়েছে সহস্র মানুষের ভালোবাসার ‘যন্ত্রণা’! যশোর থেকে সাতক্ষীরা পর্যন্ত মোটামুটি ‘নির্বিঘ্ন’ থাকলেও অভ্যর্থনার হিড়িক পড়ল সাতক্ষীরার পরই। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, হাদিপুর, তারালি-নানা জায়গায় থেমে থেমে নিতে হয়েছে ফুলেল অভ্যর্থনা। যশোর থেকে প্রায় পাঁচ ঘণ্টার যাত্রা শেষে অবশেষে তেঁতুলিয়া গ্রাম। চার মাস আগে এ গ্রামেরই অচেনা এক তরুণ ছিলেন। গা থেকে যাঁর এখনো কৈশোরের গন্ধ পুরোপুরি যায়নি।
নিজ গ্রামে পা রাখতেই হুট করে এক পশলা বৃষ্টি। মিনিট পাঁচেকের এ বৃষ্টি যেন বলতে চাইল, পুরো পথেই তো ভালোবাসার বৃষ্টিতে সিক্ত হয়েছে, এবার না হয় আমারটাও নাও!
গ্রামের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বেলা তিনটা। সড়কের পাশে কয়েক শ গ্রামবাসী আর আত্মীয়স্বজনকে সঙ্গে নিয়ে আগে থেকে অপেক্ষায় ছিলেন মুস্তাফিজের বাবা আবুল কাসেম ও মা মাহমুদা খাতুন। গাড়ি থেকে নামতেই ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো। মা মিষ্টিমুখ করালেন। জানালেন, গত ঈদে চার ভাই, দুই বোনের সবাই বাড়িতে এলেও ছিলেন না মুস্তাফিজ। ছোট ছেলেকে ছাড়া কি আর ঈদ হয়! গতকাল যেন সত্যিকারের ঈদের আনন্দ হলো বাড়িতে।
বাবা আবুল কাসেম বললেন, ‘চার মাস আগে যখন বাড়ি থেকে গিয়েছিল (পাকিস্তানের বিপক্ষে খেলতে), তখন ও ছিল শুধু আমার সন্তান। এখন ও সারা বাংলাদেশের সন্তান।’ মুস্তাফিজের বাড়িতে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুখ আহমেদ। তিনি জানালেন, কালীগঞ্জের মানুষ আগামীকাল সোমবার সংবর্ধনা দেবে তাঁকে।
এত সংবর্ধনা, ফুলেল অভ্যর্থনা—কিছুতেই যেন মন ভরছিল না। অবশেষে প্রগাঢ় মমতায় মা বুকে টেনে নিলেন প্রিয় সন্তানকে। মায়ের বুকে মুখ লুকালেন মুস্তাফিজ। এই মুস্তাফিজ আবির্ভাবেই তারকা হয়ে যাওয়া মুস্তাফিজ নন, গোটা কয় রেকর্ডের পাশে নিজের নাম লেখানো মুস্তাফিজ নন; এই মুস্তাফিজ সেই ছোট্ট, মায়ের আদরের মুস্তাফিজ!