কোয়ার্টার ফাইনাল। বাঁচা-মরার লড়াই। প্রত্যাশা ছিল জমজমাট লড়াই। কিন্তু হলো উল্টোটাই। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ব্যবধানটা হলো আকাশ-পাতাল। জমল না একটি ম্যাচও। চারটি ম্যাচেই উত্তেজনায় জল ঢালা হয়ে গেছে ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই।
ঠিক যেন ২০১১ বিশ্বকাপের পুনরাবৃত্তি। গতবার চার কোয়ার্টার ফাইনালের দুটির ফলই নির্ধারিত হয়েছে ১০ উইকেটের ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজকে ১১২ রানে অলআউট করে পাকিস্তান ও ইংল্যান্ডের ২২৯ রান কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা।
গতবারের শিকারিরা এবার নিজেরাই শিকার। প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা অলআউট মাত্র ১৩৩ রানে। ম্যাচটি শেষ হয়ে গিয়েছিল আসলে ওখানেই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকাও যন্ত্রণা দেয়নি দর্শককে। প্রোটিয়ারা নকআউট-জুজু বিদায় করল ১৮ ওভারেই ৯ উইকেটে জিতে। ১০০ ওভারের ম্যাচ শেষ হলো মাত্র ৫৫ ওভারেই। মেলবোর্নে বাংলাদেশ-ভারত ম্যাচের আলোচনা-সমালোচনা সব আম্পায়ারিং ভুল নিয়ে। দিনের প্রথম ৩০ ওভার বাদ দিলে, মাঠে লড়াইটা হলো কই! ১০৯ রানের হার; দুর্দান্ত টুর্নামেন্টের শেষটা ভালো হলো না মোটেই।
অ্যাডিলেডের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ওয়াহাব রিয়াজের বোলিং বাদ দিলে পাকিস্তানের বলার মতো কিছুই থাকে না। ২১৩ রান তো অস্ট্রেলিয়া পেরিয়ে গেল ৯৭ বল হাতে রেখেই। আর কাল ওয়েলিংটনেও একই গল্প। মার্টিন গাপটিলের ২৩৭ রানের কল্যাণে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৯৩ রান তুলতেই নির্ধারিত ম্যাচের ফল। ওয়েস্ট ইন্ডিয়ানরা অপরিকল্পিত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের দৈর্ঘ্যটাই যা কমিয়েছে।
অথচ এই বিশ্বকাপের প্রথম পর্বটা শ্বাসরুদ্ধকর ম্যাচ কম দেখেনি। অকল্যান্ডে মাত্র ১৫১ রানের পুঁজি নিয়েই নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিউইরা ম্যাচটা জেতে মাত্র ১ উইকেটে। ডানেডিনে আফগানিস্তানের কাছে ১ উইকেটে হারে স্কটল্যান্ড। বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে কাঁপিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড-আমিরাত ম্যাচটাও কম জমেনি।
কিন্তু জমল না একটা কোয়ার্টার ফাইনালও। নকআউট পর্বের চাপে চিড়েচ্যাপ্টা হওয়াটা তো আছেই, শক্তির ব্যবধানটাও পরিষ্কার বোঝা গেছে শেষ আটের লড়াইয়ে।
সেমিফাইনালে মুখোমুখি র্যাঙ্কিংয়ের সেরা চারটি দল। এবার কি জমবে লড়াই?