মিঠুনের ব্যাটে রূপগঞ্জের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯০ রানের ইনিংস খেললেন মিঠুন। ছবি: ফাইল ছবি।
৯০ রানের ইনিংস খেললেন মিঠুন। ছবি: ফাইল ছবি।

মোহাম্মদ মিঠুনের দুর্ভাগ্য। সাইফ হাসানের বলে এলবিডব্লিউয়ের শিকার যখন তিনি হলেন, তখন তাঁর ব্যক্তিগত রান ৯০। সেঞ্চুরিটা পেতে গিয়েও পেলেন না তিনি। কিন্তু তাঁর এই দুর্দান্ত ইনিংসে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৬ উইকেটে হারিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রূপগঞ্জ।
রাজিন সালেহর ১০৬ আর অমিত মজুমদারের ৫৬ রানের সুবাদে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪২ রান তোলে সিসিএস।
রূপগঞ্জের সেরা বোলার ছিলেন মোশাররফ রুবেল। তিনি ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া তাইজুল ইসলাম ২টি ও আবু হায়দার নিয়েছেন ১ উইকেট।
সংগ্রহটা খুব চ্যালেঞ্জ জানাতে পারেনি রূপগঞ্জের ব্যাটিংকে। সৌম্য সরকার যদিও তাঁর ব্যর্থতার ঘানি টেনে চলেছেন। আজ তিনি ফিরেছেন ২২ রান করেই। জুনায়েদ সিদ্দিকও ১৬ রানের বেশি করতে পারেননি। তবে রূপগঞ্জকে জয়ের পথ দেখায় চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুন আর আসিফ আহমেদের ১২৭ রানের জুটি। মিঠুনের ৯০ রান আসে ১১৪ বলে ৪টি চার আর ২টি ছয়ের সাহায্যে। ৭৫ বলে ৭২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আসিফ।
সিসিএসের সাইফ হাসান দারুণ বোলিং করেছেন। ৩৮ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। একটি উইকেট পেয়েছেন সাঈদ সরকার।