মিনহাজুল প্রধান নির্বাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনহাজুল আবেদীন
মিনহাজুল আবেদীন

প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং অন্য দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত ডিসেম্বরেই। তারপরও এই কয় মাস বেতনভুক্ত হিসেবেই দায়িত্ব চালিয়ে গেছেন তাঁরা। গোলমাল বাধাল বিতর্কিত দ্বিস্তর বিশিষ্ট দল নির্বাচন পদ্ধতি। যুক্তরাষ্ট্র সফরে থাকা ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন, তিনি এই পদ্ধতির অংশ হতে চান না। কাল তাই ফারুকের কমিটিতে থাকা জ্যেষ্ঠ সদস্য মিনহাজুলকেই নতুন প্রধান নির্বাচক হিসেবে ঘোষণা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সঙ্গে থাকবেন হাবিবুল বাশারও। তিন সদস্যের নির্বাচক প্যানেলের আরেক সদস্য সাজ্জাদ আহমেদ। এত দিন জুনিয়র নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি।
হাবিবুলকে এর আগে মহিলা ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব দেওয়া হলেও ফারুক সরে যাওয়ায় তাঁকে রেখে দেওয়া হয়েছে জাতীয় দল নির্বাচক কমিটিতেই। মহিলা ক্রিকেটের নির্বাচক হিসেবে বোর্ড আতহার আলী খানের সঙ্গে আলাপ করে দেখবে বলেও জানিয়েছেন সভাপতি।
কিন্তু কাল মিরপুরে যে সংবাদ সম্মেলনে তিনি মিনহাজুলকে নতুন প্রধান নির্বাচক হিসেবে ঘোষণা করলেন, সেখানে উপস্থিত দুই নির্বাচকের জন্যই সেটি ছিল চূড়ান্ত অস্বস্তিকর। সভাপতি কয়েকবারই বললেন, ফারুক-মিনহাজুল-হাবিবুলের নির্বাচক কমিটির দেওয়া দলে সব সময়ই তাঁকে কাটছাঁট করতে হয়েছে। সামনে বসা মিনহাজুল ও হাবিবুলকে দেখিয়ে বলেন, ‘এখানে দুজন আছে, ফারুককেও জিজ্ঞেস করে দেখতে পারেন। এমন কোনোবার নেই যে ওরা দল দেওয়ার পর আমাকে কাটছাঁট করতে হয়নি।’ দল নির্বাচনে সভাপতি এই হস্তক্ষেপটা করতে চান না বলেই নাকি নতুন পদ্ধতির নির্বাচন, যেখানে ক্রিকেট পরিচালনা প্রধান, কোচ এবং ম্যানেজারের মাধ্যমে অধিনায়ক-খেলোয়াড়দেরও অংশগ্রহণ থাকবে।
সভাপতি অবশ্য স্বীকার করেছেন, নতুন পদ্ধতিতে একমাত্র ব্যতিক্রম ম্যানেজারের অন্তর্ভুক্তি। কিন্তু সেটির কারণ ব্যাখ্যা করতে গিয়ে যা বললেন, তা জাতীয় দলের খেলোয়াড়দের জন্য মোটেও সম্মানজনক নয়। নাজমুল হাসানের ভাষায়, ‘শুনবেন কেন? আমি বলি...মনের দুঃখে বলি। খেলোয়াড়দের সঙ্গে আমি একটু বেশিই জড়িত। আমি টিম মিটিংয়ে ঢুকে যাই। চুপচাপ শুনি কে কী বলে। ওখানে গিয়ে আমি বুঝেছি কোচ স্ট্র্যাটেজিক প্ল্যান দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওখানে আমাদের খেলোয়াড়েরা কোচকে চ্যালেঞ্জ করে না। এটা আমার দেখা। মিটিং থেকে বের হওয়ার পর ওরা পেছন পেছন আসে। বলে একটু রুমে যাব...এটা বদলাতে হবে...ওখানে একে খেলাতে হবে। আমি বলি, তো ওখানে বল নাই কেন?’ বিসিবি সভাপতির দাবি, ‘অধিনায়ক বলেন, সহ-অধিনায়ক বলেন, খেলোয়াড় বলেন কোচের সঙ্গে তর্কে কেউ যেতে চায় না। তখন সুজনের (খালেদ মাহমুদ) মাধ্যমে তারা যোগাযোগ করে। ম্যানেজার আমাকে বলে। আমাকে এসবে সম্পৃক্ত হতে হয়। আমি এটা চাই না। তখন ভাবলাম একটা প্রক্রিয়ার মধ্যে আনা দরকার। এটা করায় অধিনায়কের অসন্তুষ্ট হওয়ার কথা। কিন্তু অধিনায়ক তো খুশি! তাহলে নির্বাচকের আপত্তি কেন?’ নতুন নির্বাচন পদ্ধতি নিয়ে সংবাদমাধ্যমে করা ফারুকের মন্তব্যকে ‘দুঃখজনক’ও বলেছেন সভাপতি।
ঝঞ্ঝাবিক্ষুব্ধ এই সময়ে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েও খুশি মিনহাজুল, ‘আমরা যে পদ্ধতিতে কাজ করছিলাম সেভাবেই করে যাব।’ কিন্তু সভাপতি যে বললেন, নির্বাচকদের দলে এত দিনও কাটছাঁট করতে হয়েছে! এ প্রসঙ্গে মিনহাজুল বললেন উল্টো কথাই, ‘এত যদি হস্তক্ষেপ হতো তাহলে কি পাঁচ বছর আমরা কাজ করতে পারতাম? দল হওয়ার পর কোচের চাওয়া থাকে, অধিনায়কের চাওয়া থাকে। ওই হিসাবে আমরা সম্ভাব্য সেরা দল দাঁড় করানোর চেষ্টা করি।’