মিরপুর থেকে মন্ত্রণালয়

মিরপুরে এসে প্রথমে তাঁরা ঘুরে দেখলেন বিসিবির একাডেমি ভবন ও তার আশপাশের এলাকা। পরে যান শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সভা করেন স্বরাষ্ট্রসচিব ও আইন শৃঙ্খলারক্ষাকারী বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের পর্যবেক্ষক দল ঢাকায় এসেছে গত পরশু। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর সামনে রেখে এখানকার নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণই সফরের উদ্দেশ্য। তিন দিনের সফরে এসে প্রথমেই পর্যবেক্ষক দল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম দিয়ে মাঠ পর্যবেক্ষণও শুরু করলেন তাঁরা। এ সময় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিসিবি সহসভাপতি মাহবুবুল আনাম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীসহ অন্য কর্মকর্তারা। আজ চট্টগ্রাম থেকে ঘুরে এসে কাল ফতুল্লা স্টেডিয়াম পর্যবেক্ষণ করে ইংল্যান্ড ফিরে যাবে প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের সদস্য ও ইসিবির ক্রিকেট পরিচালনা পরিচালক জন কার মিরপুরে কাল মনে করিয়ে দিলেন, ইংল্যান্ড ক্রিকেট দল যেকোনো দেশে যাওয়ার আগেই ইসিবির প্রতিনিধিদল এ রকম রুটিন সফরে যায়, ওই দেশের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে। ‘তিন দিনের সফরে আমরা এখানকার হোটেল, মাঠসহ সব সুযোগ-সুবিধা দেখব। নিরাপত্তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গেও কথা বলছি। বিসিবি ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ যে তারা আমাদের যথেষ্ট সাহায্য-সহযোগিতা করছেন’—বলেছেন কার।
প্রতিনিধিদলের অন্য দুই সদস্য ইসিবির নিরাপত্তা পরামর্শক ও সাবেক পুলিশ কর্মকর্তা রেগ ডিকাসন এবং পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড ল্যাথারডেল। এঁদের দেওয়া রিপোর্ট এবং খেলোয়াড়দের মতামতের ওপর ভিত্তি করেই বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসিবি।
বিদেশি দলগুলোকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বিসিবি ও বাংলাদেশ সরকার যে বরাবরই যত্নশীল, সেটা অবশ্য মানেন ইসিবির পরিচালক জন কারও, ‘রেগ ডিকাসন এর আগেও আমাদের দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ সরকারের সাম্প্রতিককালে নেওয়া নিরাপত্তাব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে আমাদের ধারণা আছে।’ ডিকাসনের ইঙ্গিতটা বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দিকেই। নিরাপত্তাশঙ্কার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া দল না পাঠালেও ইংল্যান্ডের যুবদল ঠিকই এসেছিল ওই টুর্নামেন্ট খেলতে।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা বললেন, ‘প্রতিনিধিদলের রিপোর্ট এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইংল্যান্ডের বোর্ড। তবে আশার কথা, বাংলাদেশের ব্যাপারে এদের মনোভাব অন্তত গতবার আসা অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের মতো নেতিবাচক নয়।’