
অসংখ্য টেলিভিশন ক্যামেরা। আলোকচিত্রীদের ছোটাছুটি। সাংবাদিকদের ভিড়। কাল দুপুরে সোনারগাঁও হোটেলের দোতলায় কর্মচাঞ্চল্য দেখে পাকিস্তান থেকে সিরিজ কাভার করতে আসা একমাত্র সাংবাদিকের বিস্ময়, ‘মনে হচ্ছে আগামীকাল বুঝি বিশ্বকাপের ফাইনাল!’
বিশ্বকাপ ফাইনাল অবশ্যই নয়, তবে এক অর্থে ‘ফাইনাল’-ই। আজ বাংলাদেশ জিতলেই সিরিজের মীমাংসা হয়ে যাচ্ছে। আগামী বুধবার তৃতীয় ম্যাচটি তখন শুধুই আনুষ্ঠানিকতা।
না, ভুল বলা হলো। আজকের ম্যাচটিকে ‘ফাইনাল’ বলতে পারেন, তবে তা শুধুই পাকিস্তানের জন্য। হেরে গেলেও তো বাংলাদেশের সিরিজ জয়ের সুযোগ থাকবে।
হেরে গেলে? মাঠের খেলায় যেকোনো কিছুই হতে পারে, তবে দ্বিতীয় ম্যাচের আগে আবহ দেখে সাকিব আল হাসানের কথাটাই সত্যি বলে মনে হচ্ছে। যিনি অনেক আগেই এই সিরিজে বাংলাদেশকে ফেবারিট বলে ঘোষণা করে দিয়েছেন। ওই কথায় তখন অনেকেরই ভুরু কুঁচকে গিয়েছিল। প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের পর কোঁচকানো ভুরু আবার ঠিকও হয়ে গেছে। এমনই এক দাপুটে জয় যে, কাল হোটেলে মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলনে হোয়াইটওয়াশের সম্ভাবনা নিয়েও প্রশ্ন হলো!
২০১০ সালে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর থেকেই আসলে শুরু এই ‘মধুর সমস্যা’র। তিন বছর পর নিউজিল্যান্ডকে আবারও হোয়াইটওয়াশ। থুড়ি, বাংলাওয়াশ! নিউজিল্যান্ডের বিপক্ষে ওই দুটি সিরিজ তো এই নামেই অমর হয়ে আছে বাংলাদেশের ক্রিকেটে।
সাড়ে চার মাস আগে জিম্বাবুয়েকেও ৫-০-তে ধূলিসাৎ করে দেওয়া সমর্থকদের প্রত্যাশাটাকে এমনই উঁচু তারে বেঁধে দিয়েছে যে, পাকিস্তানের বিপক্ষেও সেই সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। এবং কী আশ্চর্য, সেটিকে একদমই বাড়াবাড়ি মনে হচ্ছে না। একটি মাত্র জয়ই কীভাবে বদলে দিতে পারে সব! এই পাকিস্তানকে হারিয়েই বাংলাদেশের প্রথম কোনো টেস্ট দলকে হারানোর স্বাদ পাওয়া। যখন বাংলাদেশ কোনো দিন টেস্ট স্ট্যাটাস পাবে কি না, এই প্রশ্নের উত্তরই জানা ছিল না কারও। সেটি পাওয়ার পর ওই পাকিস্তানই বাংলাদেশের ক্রিকেটে অভেদ্য এক রহস্য হিসেবে আবির্ভূত। পরশু রাতে সেই রহস্যের জট খোলার আনন্দ নিয়ে কাল সকালে তামিম ইকবাল বলছিলেন, ‘আমাদের নিজেদের মধ্যেও এ নিয়ে বিস্ময়ের শেষ ছিল না। বলাবলি করতাম, আমরা পাঁচ শ করলেও মনে হয় ওরা তা চেজ করে ফেলবে। ওরা ৫০ রান করলেও আমরা বোধ হয় তা করতে পারব না।’ বারবার তীরে এসে তরি ডোবায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শুধুই ব্যাটিং-বোলিংয়ে সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ দলের জন্য ‘মানসিক বাধা’টাই হয়ে দাঁড়িয়েছিল সবচেয়ে বড় প্রতিপক্ষ। পরশু রাতে ৭৯ রানের জয়ের সবচেয়ে বড় মহিমা ওই বাধাটার মড়মড় করে ভেঙে পড়া।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য কাল বারবার মনে করিয়ে দিলেন, ব্যবধান যা বলছে, জয়টা মোটেই অত সহজ হয়নি। একটা সময় পাকিস্তানের ইনিংসে যখন ছয়ের বেশি রানরেটে পার্টনারশিপ হচ্ছিল, গত এশিয়া কাপের স্মৃতি হানা দিচ্ছিল তাঁর মনে। সেই ম্যাচে ৩২৬ করার পরও হারতে হয়েছিল বাংলাদেশকে। শেষ ১০ ওভারে ১০৯ রানের প্রয়োজনও কোনো ব্যাপারই হয়নি পাকিস্তানের জন্য। টি-টোয়েন্টি আর ভারী ব্যাটে বদলে যাওয়া ক্রিকেটে হাতে উইকেট থাকলে শেষ ১০-১৫ ওভারে কোনো কিছুই আর অসাধ্য নয়, এটা মাশরাফি খুব ভালো জানেন। এ কারণেই সময়মতো তাসকিন ও আরাফাত সানির উইকেট তুলে নেওয়াটাকে আরও বেশি মহিমান্বিত মনে হচ্ছে তাঁর।
মাশরাফির সংবাদ সম্মেলন শেষ হলো হাসির ফোয়ারায়। এক সাংবাদিক মজা করে প্রশ্ন করলেন, উইনিং কম্বিনেশন ভাঙাটা ঠিক হবে কি না। মাশরাফি হাসি দিয়ে বললেন, ‘আমি তো এ নিয়ে খুবই চিন্তিত।’
অধিনায়ক দলে ফেরায় উইনিং কম্বিনেশন অবশ্য ভাঙছেই। ৫ ওভারে ৪২ রান দিয়ে আবুল হাসান অবশ্য কাজটা খুবই সহজ করে দিয়েছেন। শুধু রান দেওয়াতেই ঔদার্য নয়, এই ম্যাচেও ওয়ানডে-উইকেট ‘সোনার হরিণ’ হয়ে থেকেছে হাসানের জন্য। ৬টি ওয়ানডেতে ৩২ ওভার বোলিং করেও কোনো উইকেট নেই—আবুল হাসান বোধ হয় একটা রেকর্ডই করে ফেলেছেন!
উইকেট না পাওয়ার মতো রান দেওয়াতেও পরশুর ম্যাচে হাসানের খুব কাছাকাছি ছিলেন পাকিস্তানের এক অফ স্পিনার। তবে আগের ১১১ ম্যাচে তাঁর ১৮৩ উইকেট। সংবাদ সম্মেলনের ঘণ্টা দেড়েক পর সোনারগাঁও হোটেলের সুইমিংপুলের পাশে মাশরাফির সঙ্গে দেখা সাঈদ আজমলের। জুলফিকার বাবরের সঙ্গে আড্ডা মারছেন। মাশরাফির সঙ্গে খুব বন্ধুত্ব। মজা করে মাশরাফি বললেন, ‘কাল তো উইকেট পাচ্ছই। আমি খেলছি।’ এত বড় বড় ব্যাটসম্যানকে আউট করেছেন যে, আজমলের মাশরাফির কথা আলাদাভাবে মনে থাকার কোনোই কারণ নেই। তবে মাশরাফি আসলেই আজমলের ‘বানি’। দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে আজমলের ৮টি বল খেলেছেন, আউট হয়েছেন তিনবার। মাশরাফির তা খুব ভালো মনে আছে। যা শুনে আজমল বললেন, ‘ঠিক আছে, তোমার উইকেটটা আমার। আমারটা তোমার।’ শুধুই রসিকতা। বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনী না দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমে কেউ কি আর কাউকে উইকেট উপহার দেয়! প্রথম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং করার পর আজকের ম্যাচে সাঈদ আজমল আর পাকিস্তান একই বিন্দুতে দাঁড়িয়ে। দলের মতো তাঁরও ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য উৎসবের হাতছানি!