
সকাল থেকে ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ দল। তিন ম্যাচেই সিরিজ জয় সারা, কাল ঐচ্ছিক অনুশীলন। একটি দুঃসংবাদে হঠাৎই ছন্দপতন। ফিল হিউজ আর নেই! হোক সাত সমুদ্র তেরো নদী দূরের কোনো এক ক্রিকেটার, হোক সেই ক্রিকেটার কখনো বাংলাদেশে বা বাংলাদেশের বিপক্ষে খেলেননি, কিন্তু ক্রিকেটার তো! নিজেদেরই একজন। ক্রিকেটারদের মনের ঝলমলে আকাশ ছেয়ে গেল বিষাদের মেঘে।
তবু জীবন থেমে থাকে না। শেফিল্ড শিল্ডের পরিত্যক্ত ম্যাচগুলো আবার শুরু হবে। শারজা টেস্ট ঠিকই মাঠে গড়াবে আবার আজ থেকে। কদিন পর যে টেস্টে খেলার কথা ছিল হিউজের, সেই ব্রিসবেন টেস্টও হয়তো শুরু হবে সময়মতো। আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দলও। সিরিজের চতুর্থ ওয়ানডেতে, লক্ষ্য আজ ৪-০। দৃষ্টিসীমায় ৫-০-ও!
যদিও ৫-০ ভাবনায় প্রবল আপত্তি মাশরাফি বিন মুর্তজার। আপত্তি সিরিজের শুরু থেকেই। টেস্ট সিরিজ শেষে অধিনায়ক মুশফিকুর রহিম হাসিমুখে বললেন, ‘৩-০ করে দিয়ে গেলাম। এবার ওয়ানডেতে মাশরাফি ভাইয়ের পালা।’ সেই ‘উত্তরীয়’ পেয়ে মাশরাফিও হেসেছিলেন, ‘হোয়াইটওয়াশ নয়, একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। ১-০, ২-০, ৩-০....হোয়াইটওয়াশ নিয়ে ভাবব চতুর্থ ম্যাচের পর।’ আজকের ম্যাচটি তাই একদিক থেকে মাশরাফির ধবলধোলাই ভাবনার ম্যাচ।
তবে আগে জিততে হবে আজকের ম্যাচ। আর এই সফরে জিম্বাবুয়ে দলের যা চিত্র, তাতে বাংলাদেশের জয়টাকে মনে হচ্ছে কেবলই সময়ের ব্যাপার। মাশরাফির অবশ্য এখানেও প্রবল আপত্তি, মাঠে নামার আগে জিতে যাওয়ার কথা মুখেও আনতে নারাজ। সেটা যৌক্তিকও। অধিনায়ক তিনি, দল যেন আত্মতুষ্টিতে না ভোগে, সেটা নিশ্চিত করার দায়িত্বও তাঁর। কিন্তু বাস্তবতা বলছে, ক্রিকেটের যাবতীয় অনিশ্চয়তা মাথায় রেখেও এ মুহূর্তে জিম্বাবুয়ের জয় দেখতে পাওয়া কঠিন। সিরিজ হারার পর এলটন চিগুম্বুরা বলেছেন, ‘৫-০ হওয়ার চেয়ে ৩-২ অনেক সম্মানজনক ফলাফল।’ অধিনায়কের কথার প্রতিধ্বনি শোনা গেল কাল হ্যামিল্টন মাসাকাদজার কণ্ঠেও। কিন্তু জিম্বাবুয়ের জয় আসবে কীভাবে? টেলর-মাসাকাদজারা নিজেদের ছাড়িয়ে গেলে আর বাংলাদেশের খুব বাজে একটি দিন এলেই হয়তো সম্ভব।
বছরজুড়ে চলা দুঃসময়কে মনে হচ্ছে যেন কোনো সুদূর অতীত। ভুলতে বসা জয়ের স্বাদ এখন বারবার পেতে পেতে ক্লিশে হয়ে ওঠার জোগাড়। কদিন আগেও আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলের অধিনায়ককে এখন ভাবতে হচ্ছে দল যেন আত্মতুষ্টিতে না ভোগে! সমস্যাজর্জর দলটিতে এখন আঁতিপাঁতি করেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো ফাঁকফোকর। ওপেনিং দুর্দান্ত হচ্ছে, অফ ফর্মে থাকা প্রায় সবাই নিজেকে ফিরে পেয়েছেন, পেসার-স্পিনাররা পাল্লা দিয়ে উইকেট নিচ্ছেন, রেকর্ড আর পরিসংখ্যানের বইয়ে চলছে ঝড়, অর্জনের ঝুলি হচ্ছে সমৃদ্ধ। কদিন আগেও পারফরমারশূন্য দলটিতে আচমকাই যে অনেক প্রতিযোগিতা! যাঁরাই সুযোগ পাচ্ছেন, মেলে ধরছেন নিজেদের। টানা দুই ম্যাচে ৪ উইকেট পাওয়া আরাফাত সানিকেও তাই ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় আজ সম্ভবত ওয়ানডে অভিষেক হয়ে যাচ্ছে লেগ স্পিনার জুবায়ের হোসেনের। শেষ টেস্ট ও এক দিনের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বোলিং করা শফিউল ইসলাম চোট পেয়েছেন গত ম্যাচে। তাঁর জায়গায় খেলতে পারেন দেড় বছর পর দলে ডাক পাওয়া আবুল হাসান। সিরিজ জেতা হয়ে গেছে বলে অধিনায়ক মাশরাফির বিশ্রামের গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত সম্ভবত টস করতে নামছেন তিনিই।
একাদশ বা কম্বিনেশন যা-ই হোক, জয় নিয়ে সংশয় সামান্যই। হোক প্রতিপক্ষ জিম্বাবুয়ে, বাংলাদেশ তো দাপটেই জিতে চলেছে টানা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিই, জয়ের অভ্যাস। আজ তাই ৪-০, সোমবার ৫-০!