মিরপুরে ক্যালিপসো উৎসব

১২ বলে ৯ থেকে শেষ ওভারে সমীকরণটা হয়ে গেল ৬ বলে ৩। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপায় যেন হাত দিয়েই ফেলল ওয়েস্ট ইন্ডিজ! সীমানাদড়ির পাশে সার বেঁধে উৎসবের জন্য প্রস্তুত ক্যারিবীয় যুবারা। কেউ কেউ নাচের মুদ্রায় শরীর দোলাতে শুরু করে দিলেন তখন থেকেই।
অপেক্ষা দ্রুতই ফুরাল। ৬ বলের কাজ ৩ বলে করে ফেললেন উইকেটে থাকা দুই ব্যাটসম্যান কেসি কার্টি আর কিমো পল। পলের ব্যাট থেকে জয়সূচক রানটা আসতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ গালিচা ছেয়ে গেল মেরুন উৎসবে। পূর্ব গ্যালারিতে হাতে গোনা কজন দর্শক দেখে স্টাম্প হাতে সেদিকেই ছুটে গেলেন একজন। উইকেটের পাশে শুরু হয়ে গেল উদ্যাম ক্যালিপসো। মাঠময় ছড়িয়ে-ছিটিয়ে আরও যে কত রকমের বিচিত্র উদ্যাপন! এই বাংলাদেশেই ২০০৪ যুব বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ফিরেছিল রানার্সআপ হয়ে। এবার ক্যালিপসোর ছন্দে উঁচিয়ে ধরল চ্যাম্পিয়নের ট্রফিটাই! হতাশায় নুয়ে পড়া ভারত অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা তখন যেন নত দৃষ্টিতে খোঁজার চেষ্টা করছিলেন—মাঠের কোথায় হারিয়ে গেল ম্যাচটা!
ভারতীয় দলের আকাশে শঙ্কার মেঘ উড়ে আসে ম্যাচের প্রথমার্ধেই। ফাইনালে ১৪৫ রান তো আসলে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো স্কোর নয়। তবে যুব বিশ্বকাপের তিনবারের চ্যাম্পিয়নরা এই রান করেও শেষ ওভার পর্যন্ত নিয়ে গেল ম্যাচটাকে। সেটা অবশ্য ভারতীয় বোলারদের সাফল্যের সঙ্গে ক্যারিবীয় টপ অর্ডারের ব্যর্থতারও যুগলবন্দী ফল।
তবে ব্যবধান যত কমই হোক, হার শেষ পর্যন্ত হারই। ফলাফলের পাশে তো আর লেখা থাকে না হারার আগে অমুক দল রুদ্ধশ্বাস উত্তেজনা ছড়িয়েছিল। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক ইশান কিষান ও কোচ রাহুল দ্রাবিড় তাই বোলিং সাফল্যের চেয়ে ব্যাটিং ব্যর্থতা নিয়েই কথা বললেন বেশি। বাজে শট খেলার প্রবণতা আর বড় জুটি গড়তে না পারাকে দেড় শর নিচে আটকে যাওয়ার কারণ মনে করেন দুজনই। নইলে ওয়েস্ট ইন্ডিজকে ২২৫-২৩০ রানের লক্ষ্য দেওয়া অসম্ভব ছিল না। অধিনায়কের আপত্তি তাঁর এলবিডব্লু হওয়া নিয়েও। সংবাদ সম্মেলনে আম্পায়ারের বিরুদ্ধে সরাসরি ‘বাজে সিদ্ধান্তে’র অভিযোগ তুলে দিলেন তিনি।
কিন্তু ইনিংস ২০ ওভার না যেতেই মাত্র ৫০ রানে ভারতের প্রথম ৫ উইকেট পড়ে যাওয়া কি কেবলই ব্যাটসম্যানদের আত্মাহুতির পরিণতি? ক্যারিবীয় বোলারদের কোনো কৃতিত্বই নেই! আছে এবং তাদের সেটা দেওয়ার ক্ষেত্রে বেশ উদার ভারতের কোচ, ‘ওরা ভালো লাইন-লেংথে বল করে চাপটা ধরে রাখতে পেরেছে।’
দ্রাবিড় চাইলে আরেকটু নির্দিষ্ট করে আলজারি জোসেফের নামটাই বলে দিতে পারতেন। ২৭ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ভারতের জন্য খাদটা তো খুঁড়ে দেন টুর্নামেন্টে মোট ১৩ উইকেট নেওয়া এই পেসারই! রায়ান জন-কিমো পলদের জন্যও তাঁকে সংগত দেওয়াটা সহজ হয় তাতে। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ (৩৫৫) রান করা সরফরাজ খানের পঞ্চম ফিফটি ব্যাটসম্যানদের সংগ্রামকে কিছুটা আয়ুই দিয়েছে শুধু। বাকিদের নিষ্প্রভতায় উজ্জ্বল করতে পারেনি স্কোরবোর্ডের চেহারা।
একই দশা অবশ্য ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের স্কোরবোর্ডেরও হতে যাচ্ছিল। ৭৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ৫ম উইকেট পড়ে যাওয়ায় মিরপুরে যেন ফিরে আসছিল ৩৩ বছর আগের লর্ডসের স্মৃতি। ১৯৮৩ সালে বড়দের বিশ্বকাপে ১৮৩ করেও ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল কপিল দেবের ভারত। কিন্তু ইশান কিষানের যুব দল শেষ পর্যন্ত তা পারেনি। ষষ্ঠ উইকেটে কেসি কার্টি-কিমো পলের অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি তিন বল বাকি থাকতেই মেরুন উৎসবে ভাসায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে।
১৯৭৫ ও ১৯৭৯ সালে প্রথম দুটি বড়দের বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের বৈশ্বিক আসরে দীর্ঘ ট্রফি খরা দেখেছে ক্যারিবীয়রা। ২০১২ সালে ড্যারেন সামির দল শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেই খরা কাটিয়েছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের সেই সোনালি সময়ে ফেরার সম্ভাবনা যেন হারিয়ে গেছে মরীচিকার মতোই।
যুব বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জিতে শিমরন হেটমায়ারের দল আবারও দৃশ্যপটে ভাসাল সেই স্বপ্নকে।