মিরপুরে ক্যালিপসো সুরের জয়গান
দুঃসময় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য নতুন কিছু নয়। সাম্প্রতিক দুঃসংবাদ খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের বনিবনা না হওয়া। এর মধ্যে পোলার্ড-নারাইনরা নিজেদের সরিয়ে নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে। এমন সময় স্বস্তির একটু হলেও শীতল হাওয়া এল ‘ছোট’দের কল্যাণে। ছোটরা এনে দিল বড় সাফল্য। ভারতকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজের যুবারা।
স্কোরকার্ড অবশ্য ম্যাচের আসল চেহারাটা ঠিক বোঝাতে পারছে না। মাত্র ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে পাঁচ উইকেটে জিতলেও সেটার জন্য কম ঘাম ঝরেনি ওয়েস্ট ইন্ডিজের। শেষ ওভারের তৃতীয় বল পর্যন্ত খেলতে হয়েছে। ভারত মরণপণ চেষ্টা করেছিল। কিন্তু পারল না। ১৪৫ রানের পুঁজি নিয়ে পারা কঠিনই।
ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের মূল কুশীলব ছিলেন কেমু পল ও কিসি কার্টি। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনের ৬৯ রানের জুটিটাই জিতিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। না হলে ৯৭ রানে ৫ উইকেট নেওয়ার পর ভারতের আশাটা একটু হলেও উজ্জ্বল হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পল আর কার্টি কোনো বিপদ ঘটতে দিলেন না দলের জন্য। কার্টি ৫২ ও পল ৪০ রানে অপরাজিত ছিল।
স্বল্প পুঁজি হলেও ভারত কিন্তু শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিল। প্রথম ৫ রানেই গিডরন পোপকে আউট করে একটু বিপদে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর পর ২৮ রানে আউট হয়ে গেলেন টেভিন ইমলাখও। তৃতীয় উইকেটে শিমরন হেটমায়ার ও কার্টির ৩৯ রানের জুটিটা দলকে আবার পথে ফিরিয়ে আনে। এরপর ৭১ রানে ক্যারিবীয়দের চতুর্থ উইকেট তুলে নিয়ে আবারও ম্যাচে ফেরে ভারত। ৯৭ রানে পঞ্চম উইকেট, জয় তখনো ৪৯ রান দূরে। অনেক দূরের পথই মনে হচ্ছিল।
কিন্তু মাথা ঠান্ডা রেখে ষষ্ঠ উইকেট জুটিটা দলকে নিয়ে গেল জয়ের বন্দরে। স্প্রিংগার নাচলেন এরই মধ্যে টুর্নামেন্টের আলোচনার বিষয় হয়ে দাঁড়ানো তাঁর সেই ‘স্প্রিং ড্যান্স’। অলক্ষ্যে ক্যালিপসো সুর কি বাজল? তা বাজুক আর না-ই বাজুক, যুবাদের ক্রিকেটে ক্যারিবীয় পতাকা উড়ল গৌরবের সঙ্গে।
এর আগে ব্যাট করতে নেমে ১৪৫ রানেই অলআউট হয়ে গিয়েছিল ভারত। ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সরফরাজ খানই যা একটু লড়ছেন। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৯ বলে করেছেন ৫১। প্রথম ছয় ব্যাটসম্যানের বাকি পাঁচজন মিলে করেছেন ২০! দ্বিতীয় সর্বোচ্চ ২১ এসেছে নয়ে নামা বাথামের ব্যাটে। ভারতের আট ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও রায়ান জন নিয়েছেন তিনটি করে উইকেট।
২০০৪ সালে বাংলাদেশে প্রথম যেবার যুব বিশ্বকাপ আয়োজিত হয়, সেবারও ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৮ নকআউট বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল তারা। এবার আর ফাইনালে ওঠা নয়, ট্রফি নিয়েই উৎসব!