মিরপুরে রাবাদা-রাজত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে এমনিতেই সারা জীবন মনে রাখতেন কাগিসো রাবাদা। মাত্র ২০ বছর বয়সে ওয়ানডে অভিষেক। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম রোমাঞ্চ গায়ে মাখা যে দেশে এসে সে দেশকে কী করে ভুলবেন এই দক্ষিণ আফ্রিকান পেসার!
তবে সফরটাকে স্মৃতিময় করে তুলতে রাবাদাকে আরও সুন্দর পটভূমি তৈরি করে দিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অভিষেক ম্যাচে নিজের দ্বিতীয় ওভারেই পেয়ে গেলেন হ্যাটট্রিক! বাংলাদেশের তাইজুল ইসলামের পর মাত্র দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিকের গৌরবমালা গলায় পরা এই তরুণ অবশ্য একটা দিক দিয়ে ছাড়িয়ে গেলেন অনেককেই। ৮ ওভারে ১৬ রানে ৬ উইকেট, অভিষেক ওয়ানডেতে এখন এটাই সেরা বোলিং।
গত অক্টোবর-নভেম্বরের জিম্বাবুয়ে সিরিজ থেকেই ওয়ানডেতে সাফল্যস্রোতে ভাসছে বাংলাদেশ দল। গত মাসে সর্বশেষ ওয়ানডেতে ভারতের কাছে হারলেও সিরিজ জয়ের উৎসবে ঢাকা পড়ে গিয়েছিল সেটি। কিন্তু কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেন আবারও পুরোনো বাস্তবতার সামনে মাশরাফি বিন মুর্তজার দল! ২০১১-এর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ৯১ রানে অলআউট হওয়ার পর কালকের আগ পর্যন্ত ২৩টি ওয়ানডেতে আগে ব্যাট করলেও কোনোটিতেই দুই শর নিচে অলআউট হয়নি বাংলাদেশ। কাল ১৬০ রানে অলআউট হয়ে শুধু পুনোনো সেই দিনই ফিরিয়ে আনল না বাংলাদেশ, মাঠ ছেড়েছে ৮ উইকেটে হারের লজ্জা নিয়েও। ৬৫ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকে ফিরিয়েছিলেন মাশরাফি ও নাসির হোসেন। বোলারদের সাফল্য বলতে ওটুকুই। ৯৯ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতেই দক্ষিণ আফ্রিকার জয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলে ফ্যাফ ডু প্লেসি-রাইলি রুশো জুটি।
মিরপুরে রাবাদা-রাজত্ব শুরুর আগমুহূর্ত পর্যন্ত অবশ্য প্রথম ওয়ানডেটি হবে কি না, সেটি নিয়েই ছিল সংশয়। পরশু থেকে শুরু বৃষ্টির কান্না কাল দুপুর পর্যন্তও থামছিল না বলেই ছড়িয়ে পড়েছিল সংশয়টা। শেষ পর্যন্ত বিকেল ৫টা ৪০ মিনিটে শুরু হলো ৪০ ওভারের ম্যাচ। টসে জিতে ব্যাটিং নিলেন মাশরাফি বিন মুর্তজা।
বৃষ্টিভেজা সিমিং কন্ডিশনে আগে ব্যাটিং! মাশরাফির সিদ্ধান্তকে ভুল মনে করাটাই স্বাভাবিক ছিল। কিন্তু ম্যাচ শুরুর পর মিরপুরের উইকেটে ব্যাটিংটা অত কঠিন মনে হচ্ছিল না। উইকেটের যা আচরণ ছিল তাতে চাইলেই টিকে থাকা সম্ভব ছিল, আর টিকে থাকলে হতে পারত বড় ইনিংস, বড় জুটিও। কিন্তু রাবাদার সামনে ওই টিকে থাকার কাজটাই করতে পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুই স্পেলে বল করেছেন রাবাদা। ৫-১-১৪-৪, নতুন বলের প্রথম স্পেলেই সর্বনাশ যা করার করে ফেলেছেন। ইনিংসের ২৭তম ওভারে বল হাতে নিয়ে করলেন তিন ওভারের আরেকটি স্পেল। এবার মাত্র ২ রান দিয়ে দুই মেডেনসহ ২ উইকেট।
এমন বোলিং বিশ্লেষণ যেন ম্যান অব দ্য ম্যাচ রাবাদার সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায়ত্বের ছবিই ফুটিয়ে তুলছে। কিন্তু যতটা অসহায় তাঁদের রাবাদা বানিয়েছেন, তার চেয়ে বেশি কি নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনেননি! রাবাদার গতি ভালো, ভালো বলের লাইন-লেংথ। তাই বলে তাঁকে এমন ভয়ংকর কোনো বোলার মনে হয়নি যে অভিষেকেই হ্যাটট্রিকসহ ৬ উইকেট পেয়ে যাবেন। তামিমের উইকেটটা ছাড়া অন্য প্রায় সব উইকেটই তিনি পেয়েছেন ‘অভিষেকের উপহার’ হিসেবে। তামিম বোল্ড হওয়ার পরের বলেই ফ্লিক করে মিড উইকেটে ক্যাচ লিটন দাস। রাবাদাকে হ্যাটট্রিকের আনন্দে ভাসিয়ে পরের বলে মাহমুদউল্লাহ এলবিডব্লু। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সেই যে মাথা নোয়াল, সোজা হয়ে আর দাঁড়াতেই পারল না। ২৭ বলে ২৭ করা সৌম্য সরকার একটু আক্রমণাত্মক ছিলেন এবং সেটারই হয়তো মাশুল দিলেন রাবাদার বলেই জেপি ডুমিনির ক্যাচ হয়ে। কোনো রকম ফুটওয়ার্ক ছাড়াই ড্রাইভ খেলতে গিয়েছিলেন কাভারে।
৪০ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে দুজনের ৫৩ রানের জুটিটাই বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে উজ্জ্বল অংশ। দলের ৯৩ রানের সময় ডুমিনিকে স্লগ সুইপ খেলে মুশফিক লং অনে ক্যাচ হলেন ইমরান তাহিরের হাতে। শেষ ধসের শুরু ওখানেই। ৬৭ রানে পড়েছে শেষ ৬ উইকেট। সাকিবের ৫১ বলে ৪৮ সেখানে সামান্য অলংকার মাত্র।
ব্যাটিংয়ের সময়ই নড়ে গিয়েছিল আত্মবিশ্বাস। ১৬০ রানের পুঁজি নিয়ে আমলা-ডু প্লেসিদের বিপক্ষে এরপর আর কতটা সম্ভব লড়াই করা! টি-টোয়েন্টির হতাশার পর ওয়ানডে সিরিজের শুরুটাও তাই হলো হার দিয়ে।
বাংলাদেশ: ৩৬.৩ ওভারে ১৬০
দক্ষিণ আফ্রিকা: ৩১.১ ওভারে ১৬৪/২
ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী