মিরপুরে লুইস-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভিন লুইস গত বিপিএলে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন বরিশাল বুলসের হয়ে। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান এবার দল পাল্টে ঢাকা ডায়নামাইটসে এসে প্রথম ম্যাচেই ৩৪ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন। কাল মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে l শামসুল হক
এভিন লুইস গত বিপিএলে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন বরিশাল বুলসের হয়ে। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান এবার দল পাল্টে ঢাকা ডায়নামাইটসে এসে প্রথম ম্যাচেই ৩৪ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন। কাল মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে l শামসুল হক

৯১ বলে সেঞ্চুরি। ১২২ বলে ১৪৮। জিম্বাবুয়ের ফর্মটাই কি ঢাকায় নিয়ে এলেন এভিন লুইস! ঠিক এক সপ্তাহ আগে বুলাওয়ের সে ইনিংসও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত জেতাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। তবে কাল ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানের ঝোড়ো ব্যাটিংয়েই নিশ্চিত হয়ে গিয়েছিল ঢাকা ডায়নামাইটসের জয়। ৪২ রানের জয় তুলে নিতে বোলাররা রক্ষা করেছেন শুধু আনুষ্ঠানিকতা।
চট্টগ্রাম থেকে টুর্নামেন্ট ঢাকায় ফেরার পর তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতে ঢাকা এখন এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট সাকিব আল হাসানের দলের। আর টানা চার ম্যাচ হেরে সমান ম্যাচে রংপুরের পয়েন্ট ১০।
লুইস একা নন, মেহেদী মারুফের সঙ্গে তাঁর ওপেনিং জুটিটাই ছিল ঝোড়ো। সৌম্যর বলে মেহেদীর এলবিডব্লুর আগে ৯.৫ ওভারে ১০৩ রানের জুটি। রংপুরের ইনিংসের একটা পর্যায়ে মনে হচ্ছিল তারা হয়তো ঢাকার ওপেনিং জুটির রানটাই করতে পারবে না। ৪৬ রানে ৬ উইকেট নেই। সেখান থেকে ৮ উইকেটে ১৪৬ হলো ছয় নম্বরে নামা জিয়াউর রহমানের ৪৩ বলে ৬০ রানের ইনিংসটির সৌজন্যেই। সপ্তম উইকেটে সোহাগ গাজীর সঙ্গে ৮৭ রানের জুটি। জিয়া-সোহাগ সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন সেকুগে প্রসন্নর করা ১৩তম ওভারে। জিয়ার এক ছক্কা ও দুই বাউন্ডারির সঙ্গে সোহাগেরও ছিল একটি ছক্কা। ২৩ রান এসেছে ওই ওভারে।
মেহেদী-লুইস ঝড়ের তুলনায় এটি কিছুই নয়। যতক্ষণ একসঙ্গে ছিলেন, রংপুরের মোটামুটি সব বোলারের ওপরই তাণ্ডব চালিয়ে গেছেন ঢাকার দুই ওপেনার। রুবেল হোসেন প্রথম ওভারে মাত্র ১ রান দিলেও নবম ওভার পর্যন্ত আর কোনো ওভারেই আটের কম রান আসেনি। সপ্তম ওভারে ঝড়টাকে সবচেয়ে বেশি চিনেছেন শহীদ আফ্রিদি। ওই ওভারেই রান দিয়েছেন ২১। আগের ওভারে সোহাগকে পরপর দুই ছক্কা, লুইস দুই ছক্কা মেরেছেন আফ্রিদির ওই ওভারেও। শেষ বলে মারা দ্বিতীয়টি তো ফিফটিই এনে দেয় মাত্র ২১ বলে! মেহেদীও মেরেছেন একটি ছক্কা। তাঁর ৩১ বলে ৪০ রানের ইনিংসে আছে চার, ছক্কা তিনটি করে।
শ্রীলঙ্কার দুই সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেকে এ ম্যাচে খেলায়নি ঢাকা। মাহেলা খেলেছেনই মাত্র দুটি ম্যাচ। তবে সাঙ্গাকারা কালই প্রথম বসলেন। সেই সুযোগে বিপিএলে নিজের প্রথম ম্যাচেই ঝড় তোলেন লুইস। ক্রিস গেইল বা শহীদ আফ্রিদিও এখনো যা করে দেখাতে পারেননি, সেটাই করলেন এই ত্রিনিদাদিয়ান।
লুইসের আট ছক্কার ছয়টিই ফিফটির মধ্যে। বেশ কয়েকটির ঠিকানা হয়েছে গ্যালারি। ৩৪ বলে ৭৫ রানের তাণ্ডব থেমেছে সৌম্যর বলে লং অফে বদলি ফিল্ডার ইলিয়াস সানির ক্যাচ হয়ে। অবশ্য দুই ওভারের ব্যবধানে মেহেদী, লুইস এবং মাঝে প্রসন্নরও বিদায়ে শুরুর গতিটা থাকেনি ঢাকার ইনিংসের শেষ দিকে। প্রথম ১০ ওভারে যেখানে রান হয়েছে ১ উইকেটে ১০৪, শেষ ১০ ওভারে এসেছে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৮৮/৭ (মারুফ ৪০, লুইস ৭৫, প্রসন্ন ১, রাসেল ৮, সাকিব ২৯, ব্রাভো ১৬, মোসাদ্দেক ১৪*, নাসির ৩, সানজামুল ০*; রুবেল ৩/২৫, মুক্তার ০/৯, সোহাগ ০/২৫, আফ্রিদি ০/৪০, সানি ০/১০, ডসন ০/২৯, সৌম্য ২/২৭, জিয়া ২/২২)।
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৪৬/৮ (জামশেদ ২১, আফ্রিদি ০, মিঠুন ১, রুপাসিংহে ৮, ডসন ১১, জিয়া ৬০, সৌম্য ১, সোহাগ ৩৬, মুক্তার ৪*; জায়েদ ৩/২০, রাসেল ০/৩৩, ব্রাভো ১/৪৩, সাকিব ২/১১, মোসাদ্দেক ০/৯, প্রসন্ন ১/২৮)।
ফল: ঢাকা ডায়নামাইটস ৪২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এভিন লুইস।